ETV Bharat / state

উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক হিসাব আগে কখনও চেয়েছে ? জানতে চাইল রাজভবন

Governor CV Ananda Bose: উচ্চশিক্ষা দফতর স্বশাসিত সংস্থা বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক হিসাব এর আগে কখনও চেয়েছে কি না তা জানতে চেয়ে চিঠি পাঠাল রাজভবন ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : December 21, 2023 at 3:53 PM IST

|

Updated : December 21, 2023 at 5:54 PM IST

Choose ETV Bharat

কলকাতা, 21 ডিসেম্বর: রাজ্যপাল সিভি আনন্দ বোসের মামলার খরচের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলির থেকে হিসেবে চেয়েছে উচ্চশিক্ষা দফতর ৷ এ বার এই নিয়ে তাদের পালটা চিঠি পাঠাল রাজভবন ৷ এর আগে কখনও উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলির মতো স্বশাসিত সংস্থার থেকে আর্থিক খরচের হিসেব চেয়েছে কি না, তা চিঠিতে জানতে চাওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে যে মামলা চলছে, রাজ্যপালের হয়ে সেই মামলার খরচ বিশ্ববিদ্যালয়গুলিই দিচ্ছে । এই খবর প্রকাশ পেতেই রাজ্য উচ্চশিক্ষা দফতর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্থিক খরচের হিসাব চেয়েছে । কোন খাতের থেকে বিশ্ববিদ্যালয়গুলি 60 হাজার টাকা করে রাজ্যপালের মামলার জন্য দিচ্ছে, তার বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে । যা নিয়ে মূলত রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে ।

সূত্রের খবর, এ রকম পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজভবন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে নতুন করে চিঠি পৌঁছল । রাজ্য উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক হিসাব এর আগে কখনও চেয়েছিল কি না তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে ৷ আর যদি চেয়ে থাকে সেই তথ্য বিস্তারিত আকারে রাজভবনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে । যদি এর আগে রাজ্য উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয়গুলির থেকে আর্থিক হিসাব না নিয়ে থাকে, তাহলে কেন এই প্রথমবার হিসেব চাওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন জোরালো হচ্ছে । রাজভবন সূত্রের দাবি, এই প্রশ্নের উত্তর পাওয়ার পরেই নতুন কোনও বড় পদক্ষেপ করতে পারেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস ।

অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে দ্বন্দ্ব নতুন বিষয় নয় । যদিও দিন কয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন ৷ দুই প্রতিষ্ঠানের মধ্যে 'দ্বন্দ্ব' আছে তা স্বীকার করতে নারাজ ছিলেন তিনি । কিন্তু রাজ্যপালের মামলার খরচ বিশ্ববিদ্যালয়গুলি দিচ্ছে, এই খবর প্রকাশ্যে আসার পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চশিক্ষা দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । শুধু তাই নয়, দিন কয়েক আগে রাজ্যপাল সংবাদমাধ্যমকে স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর নির্দেশে বিশ্ববিদ্যালয়গুলি মামলার খরচ জোগাচ্ছে । কিন্তু, তারপরেও বিশ্ববিদ্যালয়গুলির কাছে আর্থিক খরচের হিসাব চেয়েছে উচ্চশিক্ষা দফতর । ফলে রাজ্য সরকার এবং রাজভবনের মধ্যে যে দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না ।

আরও পড়ুন:

  1. 'আন্দোলন গণতান্ত্রিক অধিকার, আমি আইন মেনে কাজ করি', ছাত্রদের কালো পতাকা দেখানোকে স্বাগত জানিয়ে বললেন রাজ্যপাল
  2. বর্ধমান মেডিক্যালে আহতদের দেখতে গিয়ে শিশুর পড়াশোনার খরচ নিজের হাতে তুলে নিলেন রাজ্যপাল
  3. রাজ্যপালের মামলার খরচ জোগাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলি! ইতিমধ্যেই টাকা পৌঁছেছে যাদবপুর-কলকাতার
Last Updated : December 21, 2023 at 5:54 PM IST