ETV Bharat / state

শাহজাহান গ্রেফতার হবেই, এটা দায়বদ্ধতা; মন্তব্য রাজ্যপালের

Governor CV Ananda Bose: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেফতার করাটা দায়বদ্ধতা ৷ পরীক্ষা পে চার্চা অনুষ্ঠানে এসে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । খুব শীঘ্র তাঁকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি ৷

Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : January 29, 2024 at 4:51 PM IST

3 Min Read
Choose ETV Bharat
শাহজাহান ইস্যুতে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের

কলকাতা, 29 জানুয়ারি: 24 দিন কেটে গেলেও অধরা শেখ শাহজাহান । সন্দেশখালির এই তৃণমূল নেতাকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সোমবার দুপুরে বালিগঞ্জ আর্মি পাবলিক স্কুলে 'পরীক্ষা পে চার্চা' অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, "শাহজাহান গ্রেফতার হবেই, এটা শুধু কথা নয়, দায়বদ্ধতা ৷" কিন্তু সব কিছু তাড়াহুড়ো করে হয় না ৷ সময় সাপেক্ষ ব্যাপার ৷ সে কথাও উল্লেখ করেন সিভি আনন্দ বোস । তাঁর কথায়, "দুনিয়াতে সব ধীরে ধীরে হয় । ইডি শেখ শাহজাহানকে সমন করেছে । আমার কাছে এসেছিল, তৈরি থাকতে বলেছি । আইন অনুযায়ী গ্রেফতার হবেই । এখানে রাজ্যপালের সন্তুষ্টির কোনও বিষয় নেই, আইনরক্ষা গুরুত্বপূর্ণ ।"

তবে আইনরক্ষায় তিনি যে সর্বদা চেষ্টা করছেন তা আগেই জানিয়েছেন রাজ্যপাল । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন তিনি । দিন কয়েক আগেই রাজ্যপাল বলেছিলেন, "শাহজাহান ইস্যুতে আমার সাংবিধানিক সহকর্মীর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কথা হয়েছে । কিন্তু কী কথা হয়েছে তা বলবো না । তবে আইন আইনের পথে চলবে ।"

এর আগেই গত 12 জানুয়ারি শেখ শাহজাহান নিয়ে রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট বলে জানিয়ে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । মুখ্যসচিব বিপি গোপালিকা, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে রাজভবনে বোস বৈঠক করেন । টানা এক ঘণ্টারও বেশি বৈঠকে সন্দেশখালি নিয়ে নানা বিষয়ে আলোচনা হয় । সেদিনই রাজ্যপাল বলেছিলেন, "রাজ্যের শীর্ষ পদাধিকারীরা আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন । তা এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয় । কিছু জ্বলন্ত ইস্যুর কথাও তাঁরা আমাকে জানিয়েছেন । আমি বিষয়টি গোপন রাখতে চাই । আমার বক্তব্য রেকর্ডে আছে এবং কেন বিলম্ব হচ্ছে তা আমাকে ব্যাখ্যা করা হয়েছে । যেহেতু তদন্ত চলছে, আমি চাই না বিস্তারিত প্রকাশ করতে।"

সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহান কেন এখনও গ্রেফতার হল না এবং তাঁর গতিবিধির ইতিহাস-সহ বিস্তারিত তথ্য রাজ্য প্রশাসনের কাছে আগেই জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তারপরেই সিআইএসএফ বিএসএফ এনআইএ-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ এই বৈঠকের পরে রাজভবনে ইডি কর্তার আগমন ঘটে। তাঁর সঙ্গেও আলোচনা হয় রাজ্যপালের। তবে রাজ্য প্রশাসনের সঙ্গে রাজ্যপালের মূলত পাঁচটি বিষয়ে কথা হয় । সেগুলি হল, রেশন কেলেঙ্কারিতে ব্যবস্থা নেওয়া, শেখ শাহজাহানকে গ্রেফতার না করার কারণ ৷ এর পাশাপাশি শেখ শাহজাহানের অবস্থান থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্দেশখালিকাণ্ডে পুলিশের ভূমিকাও নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

আরও পড়ুন:

  1. শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব! রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট রাজ্যপাল
  2. ইডি আধিকারিকদের সঙ্গে গোপন বৈঠকের পর রাজ্যের কাছে পাঁচ দফা রিপোর্ট তলব রাজ্যপালের
  3. তিন মিনিটের ফোনে তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ছক শাহজাহানের ?