পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারী নির্যাতন ও রাষ্ট্রবিরোধী কাজে রেয়াত নয়, কড়া পদক্ষেপে পুলিশের ঢাল হব: মুখ্যমন্ত্রী

তারাতলা, নিউমার্কেট এবং তারাপীঠে অগ্নিকাণ্ড ও বিপর্যয়ের সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর স্বীকৃতি হিসেবেই 10 জন পুলিশকর্মীকে পুরস্কৃত করা হয় ।

Suvendu Adhikari
লালবাজারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : August 27, 2026 at 10:40 PM IST

কলকাতা, 27 অগস্ট:​নারী নির্যাতন ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে কাউকেই রেয়াত করা হবে না । এই জোড়া ক্ষেত্রে পুলিশ কড়া পদক্ষেপ করলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসেবে তিনিই রক্ষাকবচ হবেন । বৃহস্পতিবার লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরে দাঁড়িয়ে পুলিশ বাহিনীর উদ্দেশে এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।

এদিন কলকাতা পুলিশের 10 জন কর্মীকে ‘জীবন রক্ষা পদক’-এ সম্মানিত করেন তিনি । ​অনুষ্ঠানের শুরুতেই 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে রাখিবন্ধন উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী । এরপরই তিনি স্পষ্ট করে দেন, মহিলাদের উপর অত্যাচার বা পকসো আইনের আওতাধীন মামলা এবং দেশবিরোধী কাজের ক্ষেত্রে পুলিশ যেন কারও নির্দেশের অপেক্ষায় না থাকে ।

মুখ্যমন্ত্রীর কথায়, “আরজি কর-এর মতো ইনসিডেন্ট, অর্থাৎ আমাদের কন্যা, বোন, দিদি ও মায়েদের উপর অত্যাচার বা পকসো আইনের আওতায় থাকা কেসগুলো । এক্ষেত্রে কারও ইনস্ট্রাকশনের ওয়েট করার দরকার নেই । আপনারা কঠিন এবং কঠোর পদক্ষেপ করলে, আপনাদের পুলিশমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে আমি শিল্ডের মতো আপনাদের সামনে দাঁড়াব, এটুকু আমি কথা দিতে পারি ।”

​এদিন মূলত তারাতলা, নিউমার্কেট এবং তারাপীঠে অগ্নিকাণ্ড ও বিপর্যয়ের সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর স্বীকৃতি হিসেবেই 10 জন পুলিশকর্মীকে পুরস্কৃত করা হয় । মুখ্যমন্ত্রী জানান, তারাতলায় উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুলিশ দ্রুত পদক্ষেপ করে প্রায় 20 জনের জীবন বাঁচিয়েছিল । বিপর্যয়ের সময় কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থার মধ্যে পারষ্পরিক সমন্বয় বাড়ানোর উপর জোর দেন তিনি ।

পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নয়ন এবং শূন্যপদ পূরণ নিয়েও এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । বর্তমানে রাজ্যে পুলিশের 43 হাজার শূন্যপদ রয়েছে । সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত নিয়োগ শুরু হবে বলে তিনি জানান । পাশাপাশি, অপরাধ দমনে ‘রেসপন্স টাইম’ কমাতে উত্তরপ্রদেশের ধাঁচে রাজ্যে 112 হেল্পলাইন পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে । প্রথম পর্যায়ে 100 কোটি টাকা ব্যয়ে আগামী মহালয়ার দিন রাজ্যের 552টি থানায় একটি করে 112 ডেডিকেটেড গাড়ির উদ্বোধন করা হবে । একই সঙ্গে সাইবার ক্রাইম রোধে নজরদারি বৃদ্ধি এবং মহিলা হেল্প ডেস্ক আরও শক্তিশালী করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । নতুন করে 15 থেকে 20 হাজার ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন (আইআর) ফোর্স নিয়োগের কথাও জানান তিনি ।

​পুলিশকর্মীদের আর্থিক সুরক্ষার বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, উৎসবের মাসে পুলিশকর্মীদের রেশন ভাতা পনেরোশো টাকা থেকে বাড়িয়ে দু’হাজার টাকা করা হয়েছে । পাশাপাশি পুজোর মাসেই 38 শতাংশ ডিএ-সহ আগাম বেতন পাবেন তাঁরা । পনেরো বছর চাকরি হওয়া নিচুতলার পুলিশকর্মীদের নিজস্ব জেলা বা সংলগ্ন জেলায় পোস্টিংয়ের বিষয়টিতেও নজর দেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন ।

​তবে বাহিনীর একাংশের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । নিচুতলার পুলিশকর্মীদের একাংশের লোভ সম্বরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, “এসিবি অনেককে ধরছে, তার মধ্যে ঝাড়গ্রামে এক কনস্টেবলও 5 লাখ 54 হাজার টাকা-সহ ধরা পড়েছে । এই লোভগুলো সম্বরণ করতে হবে ।”

মুখ্যমন্ত্রী জানান, আগামী ছ’মাসের মধ্যে রাজ্যে দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করা হবে । অন্যদিকে, বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন’ নামে 200 জনের একটি বিশেষ বাহিনী তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । এই বাহিনীতে কলকাতা, সাগর এবং পাহাড়ের জন্য ধাপে ধাপে কর্মী নিয়োগ করা হবে, যেখানে আগামী দিনে অগ্রাধিকার পাবেন সেনার প্রাক্তন অগ্নিবীররা ।