শুক্রে মেগা আয়োজন সরকারের, উৎসবে বরাদ্দ প্রায় 9 কোটি; বিলি হবে 25 লক্ষ রাখি
রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালনের জন্য মোট 8 কোটি 97 লক্ষ টাকা বরাদ্দ ৷ রাখি বিলি হবে 25 লক্ষেরও বেশি ৷ 4 হাজার অনুষ্ঠানের আয়োজন ৷

Published : August 27, 2026 at 7:52 PM IST
কলকাতা, 27 অগস্ট: রাজ্যে এবার বিপুল আয়োজনে পালিত হতে চলেছে রাখিবন্ধন উৎসব। এই উদযাপনের জন্য প্রায় 8 কোটি 97 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুক্রবার এই উৎসব উপলক্ষে রাজ্যজুড়ে 25 লক্ষেরও বেশি রাখি বিলি করা হবে। সরকার জানিয়েছে, কেবল 25 লক্ষ 60 হাজার রাখি কিনে তা সরবরাহ করতেই খরচ ধরা হয়েছে 2 কোটি 85 লক্ষ টাকা।
রাজ্য সরকারের দাবি, বাংলায় এর আগে এত বড় মাপের রাখিবন্ধন উৎসব হয়নি। বৃহস্পতিবার এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব উপলক্ষে 4 হাজার অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে এক কোটিরও বেশি মানুষ যোগ দেবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলার পুনর্গঠনের শপথ নেবেন।"

রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ এবং তথ্য ও সংস্কৃতি দফতরের যৌথ উদ্যোগে এই উৎসব পালিত হবে। পঞ্চায়েত থেকে পুরসভা, সর্বত্রই থাকছে উৎসবের ছোঁয়া। উৎসব আয়োজনের জন্য রাজ্যের 3 হাজার 342টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে। সেখানে খরচ হবে 3 কোটি 34 লক্ষ টাকা। পাশাপাশি, 22টি জেলা সদরের জন্য মোট 22 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এবং কলকাতা পুরসভাকে তাদের নিজস্ব অনুষ্ঠানের জন্য দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা করে।
এছাড়াও কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের জন্য 28 লক্ষ 80 হাজার টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যের 6টি পুরনিগম পাচ্ছে মোট 6 লক্ষ টাকা। 121টি পুরসভাকে দেওয়া হচ্ছে 1 কোটি 21 লক্ষ টাকা। পাশাপাশি, 45টি মহকুমার জন্য 11 লক্ষ 25 হাজার টাকা এবং 345টি ব্লকের জন্য 86 লক্ষ 25 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্যস্তরে উৎসবের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার নজরুল মঞ্চে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার আয়োজনে ওই অনুষ্ঠানে প্রায় আড়াই হাজার পড়ুয়ার যোগ দেওয়ার কথা রয়েছে। এদিনই যাদবপুরে আরও একটি রাখি উৎসবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সরকার জানিয়েছে, মানুষের মধ্যে প্রেম, ভ্রাতৃত্ববোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয়তাবোধের বন্ধন আরও সুদৃঢ় করতেই এই বড় মাপের উৎসবের আয়োজন করা হয়েছে ৷

