ETV Bharat / state

ঘূর্ণিঝড়ের জল্পনা ওড়াল হাওয়া অফিস, নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

West Bengal Weather Forecast: আজ দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Kolkata Rain
ছাতা মাথায় সাইকেল চেপে গন্তব্যের পথে (ফাইল ছবি - ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 22, 2026 at 7:34 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 22 সেপ্টেম্বর: ঘূর্ণিঝড় নিয়ে জল্পনা চললেও এখনও তার কোনও পূর্বাভাস মৌসম ভবনের তরফে নেই বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস ৷

এই বিষয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই মুহূর্তে সমুদ্রে ঘনীভূত নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । এটির অবস্থান পূর্ব মধ্য ও বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে । অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে । পরবর্তী 48 ঘণ্টায় সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে । এরপর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অভিমুখে যাওয়ার সম্ভাবনা । এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে ৷ সেই কারণে 25 সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তার বক্তব্য (ইটিভি ভারত)

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সব থেকে বেশি দুর্যোগের আশঙ্কা থাকবে ৷ বিশেষ করে উপকূলের জেলাগুলিতে । এদিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ।

কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে । তবে উপকূলের জেলাগুলিতে অর্থাৎ, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর-সহ সমুদ্র তীরবর্তী অংশে ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে ।

উত্তরের আবহাওয়া যেমন থাকবে

উত্তরবঙ্গে আজ মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম । তবে আগামিকাল বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ।

বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা । এদিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকতে পারে ।

বুধ থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে ।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

কলকাতাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । বুধ এবং বৃহস্পতি এই দু'দিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা বাতাস 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে ।

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড

সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.03 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 00.05 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.04 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 01 এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 এবং সর্বনিম্ন 64 শতাংশ ।