মেসি কাণ্ডের ফাইল দ্রুত খোলা হবে, রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিয়েই জানালেন নিশীথ
গত বছরের মেসি কাণ্ডের ফাইল খোলার কথা জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। শুধু তাই নয় বাংলার খেলাধূলার সার্বিক উন্নয়নে জোর দেওয়ার কথাও বলেছেন।

Published : May 12, 2026 at 6:24 PM IST
কলকাতা, 12 মে: গত বছরের 13 ডিসেম্বর কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। গোটা সফরের শুরু এই শহরে হলেও তা বিপর্যস্ত হয় যুবভারতী ক্রীড়াঙ্গনের অব্যবস্থায়। মেসি কাণ্ডের ফাইল খোলার কথা জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
তৃণমূল সরকারের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুর 'বাড়তি তৎপরতায়' দর্শকরা প্রচুর টাকায় টিকিট কিনেও মেসিকে দেখতে পাননি। না দেখতে পাওয়ার আক্ষেপ ক্ষোভে পরিনত হয়েছিল, যা আছড়ে পড়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। ফলসরূপ গ্যালারির চেয়ার ভাঙচুর, ফেন্সিং টপকে মাঠে লোক ঢুকে পড়া এবং সর্বোপরি মেসিকে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হওয়া। দর্শকের ক্ষোভে যুবভারতী ক্রীড়াঙ্গন কিছুক্ষণের মধ্যে খণ্ডহরে পরিনত হয়েছিল।
এই ঘটনায় ভারতে গোট শো-এর আয়োজক শতুদ্রু দত্তকে গ্রেফতার করে। আপাতত তিনি জামিনে মুক্ত। কিন্তু কার দোষে এতবড় কেলেঙ্কারিতে, তার কোনও সুরাহা হয়নি। দর্শকদের টিকিটের টাকা ফেরতের প্রতিশ্রুতিও রক্ষা হয়নি। রাজ্যে প্রথম ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মেসি কাণ্ডের ফাইল খোলার কথা জানালেন নিশীথ প্রামাণিক। শুধু তাই নয় বাংলার খেলাধূলার সার্বিক উন্নয়নে জোর দেওয়ার কথাও বলেছেন।
নতুন প্রতিভার সন্ধান এবং তাদের গড়ে তোলার জন্য খেলো ইণ্ডিয়া প্রজেক্টকে এবার থেকে রাজ্যেও চালু করা হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় ক্রীড়াপ্রতিমন্ত্রী হিসেবে তিন বছর কাজ করার অভিঞ্জতা রয়েছে। সেই সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছিলেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় ক্রীড়াপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সময়ে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে প্রতিভার অন্বেষণ এবং বিকাশের প্রয়োজনীয়তার কথা বুঝেছিলেন। তারপর খেলো ইণ্ডিয়া প্রকল্পের চালু। যার মাধ্যমে পশ্চিম বঙ্গ ছাড়া বাকি সাতাশটি রাজ্যের ক্রীড়াবিদরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। এবার বাংলাতেও খেলো ইন্ডিয়া চালুর কথা ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী।
আগামী সাতদিনের মধ্যে এই কেন্দ্রের ক্রীড়া এবং যুবকল্যান বিষয়ক যাবতীয় প্রকল্পের সুবিধা থেকে এই রাজ্যের ক্রীড়াবিদ এবং যুব প্রজন্ম বঞ্চিত হবে না বলে জানিয়েছেন রাজ্যের বিজেপি সরকারের প্রথম ক্রীড়ামন্ত্রী। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে পাশ হয়েছে।
বাংলার ক্রীড়াদুনিয়া প্রতিভা শূন্য নয়। কিন্তু, পরিকাঠামোর অভাবে বিকাশ হয়নি। নিশীথ প্রামাণিক বলছেন কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্যে চালু করার ব্যাপারে তৃণমূল সরকার বারবার নঞর্থক ভূমিকা নিয়েছে। ফলসরূপ সাম্প্রতিক সময়ে বাংলা থেকে সেভাবে কোনও অলিম্পিয়ান উঠে আসেনি। ভবিষ্যতে এই আক্ষেপ যাতে না থাকে তারজন্য সচেষ্ট হওয়ার বার্তা ইতিমধ্যে দিয়েছেন। বাংলার সমস্ত খেলাধূলার প্রতি সমান নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাঙালির ফুটবলের উন্নতির জন্য আইএফএ এবং তিন প্রধানের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও রয়েছে নিশীথ প্রামাণিকের। রাজনীতি শূন্য ময়দানই লক্ষ্য প্রথম দিনেই বার্তা নিশীথ প্রামাণিকের। নিজে ফুটবল খেলতে ভালোবাসতেন। স্ট্রাইকার হিসেবে খেলেছেন। এখন দেখার রাজ্যের খেলাধূলার যে চক্রব্যুহ বাংলাকে পিছিয়ে দিচ্ছে তা ভেদ করে স্ট্রাইকার নিশীথ প্রামাণিক গোল করতে পারেন কিনা।

