ভূত-মানুষ মিলেমিশে একাকার, 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এ শ্রুতি দাসও, লাভায় চলছে শুটিং
'আমার বস'-এর পর এবার 'ভানুপ্রিয়া ভূতের হোটল'-এ নতুন সফর অভিনেত্রীর ৷

By ETV Bharat Entertainment Team
Published : June 23, 2025 at 10:11 AM IST
কলকাতা, 23 জুন: 'আমার বস'-এর পর এবার 'ভানুপ্রিয়া ভূতের হোটল' (Bhanupriya Bhooter Hotel )-এ শ্রুতি দাস (Shruti Das)। জীবনের দ্বিতীয় ছবির সফর শুরু করলেন শ্রুতি। কানাঘুষো শোনা গিয়েছিল বটে। তবে, এই খবরে শিলমোহর দিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এই সুখবর দিয়েছেন তিনি। স্ক্রিপ্টের খসড়ার প্রথম পাতার ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যার প্রথম পাতায় জ্বলজ্বল করছে ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের লেখা কয়েকটি লাইন- "তোর সঙ্গে অনেকদিনে ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করার। খুব পছন্দের অভিনেত্রী তুই আমার...চল ফাটিয়ে কাজটা হোক।"
শ্রুতির সঙ্গে ইটিভি ভারত যোগাযোগ করলে তিনি বলেন, "শুটিং শুরু করলাম। নতুন কাজ, নতুন আনন্দ। নতুন উদ্যমে কাজ শুরু করতে চলেছি। যেখানে ভূত আর মানুষের দল মিলেমিশে একাকার। আমি মানুষের দলে। চরিত্রটা নিয়ে এখন সেভাবে কিছু বলতে পারব না। সবে শুরু হল কাজটা। তবে, হ্যাঁ এরকম হরর কমেডিতে দর্শক প্রথমবার দেখবেন আমাকে।"
শ্রুতি আরও বলেন, "শিবু দা, নন্দিতা দি, জিনিয়া দি, অরিত্র দা'র কাছে আমি কৃতজ্ঞ যে তাঁরা আমায় 'আমার বস'-এর পর পরই এই সুযোগটাও দিলেন। উত্তরবঙ্গের লাভাতে আউটডোর চলছে এখন। আমার আজ থেকে শুটিং। কলকাতায় ফিরে বাকি শুটিং হবে।"
প্রসঙ্গত, রবিবারই শুটিং শুরুর খবর সামাজিক মাধ্যমে দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। লেখা হয়েছে, "আজ সকালে আমরা এসে উঠেছি ভানুপ্রিয়া ভূতের হোটেলে… চেক-ইন তো হয়েই গেছে, কিন্তু চেক-আউটের কোন তারিখ জানাতে রাজি নয় কেউই। হোটেলের করিডোর জুড়ে অদৃশ্য ঠান্ডা হাওয়া, দেওয়ালে নিঃশব্দ কানাঘুষো, কিরকম গা-ছমছমে পরিবেশ… ডিসেম্বর পর্যন্ত এখানেই অপেক্ষা করব... আপনারা আসছেন তো আমাদের বাঁচাতে?"
এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, সোহম মজুমদার, স্বস্তিকা দত্ত, শ্রুতি দাস, কাঞ্চন মল্লিক প্রমুখ। উত্তরবঙ্গের লাভায় মেঘবৃষ্টির লুকোচুরির মাঝেই জোরকদমে চলছে ছবির শুটিং। চার দিন স্থানীয় হোটেলে শুটিং হওয়ার পর গভীর জঙ্গলে ঘুরবে ক্যামেরা। সেখানেই বন্দি হবে ভয়ের কিছু দৃশ্য। তার পর শহরে ফিরে বাকি পর্বের শুটিং। চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত। একটি হোটেলকে কেন্দ্র করেই আবর্তিত হবে ছবির গল্প।

