পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হকি বিশ্বকাপ অধরা স্পেনের, নজির ছুঁয়ে খেতাব দখলে রাখল জার্মানি

চতুর্থবার বিশ্বকাপ ঘরে তুলে পাকিস্তানের নজির ছুঁল জার্মানি ৷ অন্যদিকে তৃতীয়বার ফাইনালে পৌঁছেও ব্যর্থ স্পেন ৷

GERMANY WIN HOCKEY WC
খেতাব হাতে জার্মান প্লেয়ারদের উচ্ছ্বাস (AP)

By ETV Bharat Sports Team

Published : August 31, 2026 at 10:54 AM IST

ব্রাসেলস (বেলজিয়াম), 31 অগস্ট: ফুটবলে দ্বিতীয়বার বিশ্বজয়ের একমাস ব্যবধানে স্পেনের কাছে সুযোগ ছিল হকিতেও বিশ্বসেরার খেতাব ছিনিয়ে নেওয়ার ৷ কিন্তু সেটা হল না ৷ বেলজিয়ামের মাটিতে বিশ্বকাপ ফাইনালে রবিবার স্পেন'কে হারিয়ে খেতাব ধরে রাখল জার্মানি ৷ সেইসঙ্গে সর্বাধিক বিশ্বকাপ জয়ের নিরিখে পাকিস্তানের রেকর্ড ছুঁয়ে ফেলল তারা ৷

একমাত্র গোলে স্পেন'কে হারিয়ে চতুর্থবার হকিতে বিশ্বসেরা হল জার্মান'রা ৷ ম্য়াচের তৃতীয় কোয়ার্টারে মিচেল স্ট্রুথঅফের একমাত্র গোল দু'দলের মধ্যে ব্যবধান গড়ে দেয় ৷ এর আগে 1971 এবং 1998, দু'বার বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয়েছিল স্প্যানিশ আর্মাডা'কে ৷ তৃতীয়বার তাই খেতাব জয়ে মরিয়া ছিল তারা ৷ কিন্তু এবারেও কাপ আর ঠোঁটের দূরত্বটা রয়েই গেল ৷

অথচ ম্য়াচে এদিন চার-চারটি পেনাল্টি আদায় করে নিয়েছিল তারা ৷ পক্ষান্তরে এদিন ফাইনালে মাত্র একটিই পিসি পেয়েছিল জার্মানি ৷ মুহুর্মুহু আক্রমণ করেও প্রথমার্ধে জার্মান রক্ষণের ডেডলক ভাঙতে পারেনি ফেভারিট স্পেন ৷ গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথম 30 মিনিট ৷ দ্বিতীয়ার্ধেও আক্রমণে চাপ ছিল স্পেনেরই ৷ 44 মিনিটে খেলার গতির বিরুদ্ধেই গোল জার্মানির ৷ সার্কলের মধ্যে পল ফিলিপের সাজিয়ে দেওয়া বল দুর্দান্ত ফলো-থ্রু করেন স্ট্রুথঅফ ৷ এরপর বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে জয়সূচক গোলটি করেন তিনি ৷

বাকি সময়টা রক্ষণ মজবুত রেখে খেতাব নিশ্চিত করে নেয় জার্মান'রা ৷ শিরোপা ধরে রেখে সমালোচকদের একহাত নেন জার্মানির অধিনায়ক ক্রিস্টোফার রুহর ৷ ফাইনালের সেরাও তিনি ৷ রুহর বলেন, "কেউই জার্মানিকে এবছর ধর্তব্যের মধ্যে রাখেনি ৷ সকলে বলেছিল এবার ওরা পারবে না ৷ অন্য দলের প্রতি নজর ছিল সবার ৷ কিন্তু দেখিয়ে দিলাম আমরা ঠিক কী করতে পারি ৷ প্রতিযোগিতাজুড়ে দারুণ খেলেছে দল ৷"

2002, 2006, 2023 সালের পর এই নিয়ে চতুর্থবার বিশ্বসেরা হল জার্মানি ৷ এর আগে একমাত্র পাকিস্তানের ঝুলিতে ছিল এই রেকর্ড ৷ অন্যদিকে নেদারল্যান্ডস'কে হারিয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপে তৃতীয়স্থান অর্জন করল আর্জেন্তিনা ৷ উল্লেখ্য, শনিবার মহিলা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডস'কে হারিয়েই তৃতীয়বার খেতাব জিতেছে 'লাস লিয়োনাস' ৷

আরও পড়ুন: