ফেডারেশনকে ই-মেল বাইচুং'য়ের, চাইলেন ব্রাজিল ফেডারেশন'কে দেওয়া অগ্রিমের হিসেব
ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগে বাইচুং'য়ের ই-মেলে শোরগোল ভারতীয় ফুটবলে ৷
Published : August 29, 2026 at 5:27 PM IST
কলকাতা, 29 অগস্ট: ভারত বনাম ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ ঘিরে যখন উত্তেজনার পারদ চড়ছে, ঠিক তখনই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম-সহ গুরুতর সব প্রশ্ন তুললেন বাইচুং ভুটিয়া ৷ প্রশ্ন তুলে ফেডারেশনকে ই-মেলে কার্যত বোমা ছুড়লেন দেশের প্রাক্তন অধিনায়ক ৷ ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকঘণ্টা আগে বাইচুং'য়ের ই-মেলে শোরগোল ভারতীয় ফুটবলে ৷
ব্রাজিল ফুটবল কনফেডারেশন'কে দেওয়া অগ্রিম অর্থ, ফিফার টিকিটের হিসেব এবং জাতীয় মহিলা দলের বকেয়া দৈনিক ভাতা না-মেটানোর মতো স্পর্শকাতর অভিযোগ রয়েছে শনিবার ফেডারেশন'কে পাঠানো বাইচুংয়ের ই-মেলে ৷ ফেডারেশনের শেষ এক্সিকিউটিভ সভার প্রসঙ্গ টেনে বাইচুং সেখানে জানতে চেয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে দেওয়া যে অগ্রিম অর্থের কথা প্রেসিডেন্ট উল্লেখ করেছিলেন; তা ফেডারেশনের তহবিল থেকে মেটানো হয়েছে কি না ৷ যদি তা দেওয়া হয়ে থাকে, তবে তার পরিমাণ কত এবং পরবর্তীতে কে বা কারা সেই টাকা ফেডারেশনের অ্যাকাউন্টে ফেরত দেবে ?
জাতীয় দলের দুর্বল পরিকাঠামো, আর্থিক নানাবিধ সমস্যা থাকা সত্ত্বেও কোটি-কোটি টাকা ব্যয় করে ব্রাজিল ম্য়াচ আয়োজন নিয়ে আগেই সরব হয়েছিলেন বাইচুং ৷ এবার প্রশাসনিক স্তরেও সরাসরি অর্থ লেনদেন নিয়ে প্রশ্ন তুললেন 'পাহাড়ি বিছে' ৷ বিশ্বকাপের টিকিট বণ্টন নিয়েও স্বচ্ছতার দাবি তুলেছেন প্রাক্তন অধিনায়ক। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ফেডারেশনকে কতগুলি কমপ্লিমেন্টারি টিকিট পাঠিয়েছিল এবং ফেডারেশন নিজে তহবিল থেকে কতগুলি টিকিট কিনেছিল, সেই তালিকা অবিলম্বে প্রকাশ করতে বলেছেন তিনি ৷
বাইচুং'য়ের ইমেলে সবচেয়ে স্পর্শকাতর অভিযোগ উঠেছে দেশের মহিলা ফুটবলারদের নিয়ে ৷ বাইচুং চিঠিতে জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা ভারতীয় মহিলা ফুটবলাররা দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য দৈনিক ভাতা হাতে পাননি ৷ একদিকে হাই-প্রোফাইল প্রীতি ম্যাচের জন্য বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে, অথচ অন্যদিকে জাতীয় দলের মেয়েদের ন্যায্য পাওনা আটকে রাখা হয়েছে কেন ? প্রশ্ন তুলে ফেডারেশনকে তুলোধোনা করেছেন তিনি ৷ এই বকেয়া ভাতা মেটানো হয়েছে কি না এবং না-হয়ে থাকলে তা কবে পরিশোধ করা হবে, অবিলম্বে সেই দিনক্ষণ জানতে চেয়েছেন প্রাক্তন তারকা ৷
প্রাক্তন অধিনায়কের এই বিস্ফোরক ই-মেলের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে ৷ ব্রাজিল ম্যাচের বিপুল বাজেট বনাম দেশের ফুটবলারদের মৌলিক সুযোগ-সুবিধা নিয়ে এই সংঘাত ভারতীয় ফুটবল রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বৈকি ৷