'ব্রাজিল ম্যাচের অভিজ্ঞতা আগামীর সম্পদ হবে', বলছেন আনোয়ার
আসন্ন ফিফা ফ্রেন্ডলিগুলো ভারতীয় ফুটবলের গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দেবে বলে মত লাল-হলুদ ডিফেন্ডারের ৷

Published : August 29, 2026 at 10:37 AM IST
কলকাতা, 29 অগস্ট: প্রথমে ব্রাজিল ৷ তার তিনদিনের মাথায় আসছে উরুগুয়ে ৷ শারদোৎসবের আগে শহর কলকাতা কাঁপবে ফুটবল জ্বরে ৷ বিশ্বজয়ী দুই লাতিন আমেরিকার ফুটবল শক্তি তিনদিনের ব্যবধানে ফুটবল মক্কায় এই প্রথমবার ৷ 42 বছর আগে উরুগুয়ে কলকাতায় নেহেরু গোল্ড কাপে খেলতে এসেছিল ৷ সেবার এনজো ফ্রান্সেসকোলির ফুটবল নৈপুণ্য সামনে থেকে দেখেছিলেন কলকাতার ফুটবলপ্রেমীরা ৷ ক্লাব কসমসের জার্সিতে ফুটবল সম্রাট পেলেকে দেখলেও হলুদ জার্সিতে ফুটবলের ঝর্ণাধারা স্বচক্ষে দেখেনি তিলোত্তমা ৷ এবার হাতের কাছে সেই সুযোগ ৷ এআইএফএফের ঘোষণার সঙ্গে সঙ্গেই উন্মাদনা ঢাকে কাঠি পড়েছে ৷ ফুটবলাররাও এই দুই ম্যাচে অংশ নেওয়ার কথা চিন্তা করে রোমাঞ্চিত ৷
বর্তমানে ভারতীয় ফুটবল দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি ৷ শুক্রবার সাতাশে পা দিলেন তিনি ৷ আর জন্মদিনে আসন্ন দু'টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে আগ্রহের কথা অকপটে জানালেন ইস্টবেঙ্গলের হয়ে খেলা ডিফেন্ডার ৷ বিশ্বের প্রথমসারির দুই শক্তিধর দেশের বিরুদ্ধে খেলার সুযোগ প্রসঙ্গে আনোয়ার বলছেন, "জাতীয় দলের জার্সিতে বিশ্বের প্রথম সারির দলের বিরুদ্ধে নামার সুযোগ এককথায় অবিশ্বাস্য ৷ এই ম্যাচগুলো থেকে যেসব অভিজ্ঞতা আমরা অর্জন করব তা আগামিদিনে কাজে লাগবে ৷ আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেবে ৷ একইসঙ্গে ভারতীয় ফুটবলের গ্রহণযোগ্যতা এবং মর্যাদা বহুগুণে বাড়িয়ে দেবে এই ম্যাচগুলি ৷"
দু'টি মরশুম ধরে আনোয়ার স্বপ্নের ফর্মে রয়েছেন ৷ লাল-হলুদ জার্সিতে গত মরশুমে আইএসএল জয়ের পর চলতি মরশুমে ইতিমধ্যেই ডুরান্ড কাপ চ্য়াম্পিয়ন হয়েছেন ৷ প্রতিপক্ষ দলের কাছে জাতীয় দলের এই সেন্টার-ব্যাক যেন দুর্দমনীয় প্রাচীরের আরেক নাম ৷ স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল জনতার চোখে তিনি 'দ্য ওয়াল' ৷
A date for the history books. 🇮🇳🤝🇧🇷 pic.twitter.com/Sj7zneeHnv
— Indian Football (@IndianFootball) July 30, 2026
আগামী 26 সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ভারতীয় দল ফিফা আন্তর্জাতিক উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচটি খেলবে ৷ যা পরবর্তী ব্রাজিল এবং উরুগুয়ে ম্যাচের কার্টেন রেইজার। ইতিমধ্যে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের প্রতিনিধিরা কলকাতায় এসে যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো ঘুরে দেখেছেন এবং প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ দিয়ে গিয়েছেন ৷
আসন্ন তিনটি ম্যাচ, বিশেষ করে ব্রাজিল ম্যাচ নিয়ে আনোয়ার বলেছেন, "দর্শকভরা যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল এবং উরুগুয়ের মত হেভিওয়েট দলের বিরুদ্ধে খেলতে নামব ভাবলেই রোমাঞ্চ লাগছে ৷ গ্যালারি ভর্তি দর্শকদের সামনে বুক চিতিয়ে লড়াই করব এবং দেশের মুখ উজ্বল করব।" বেঙ্গালুরুর কান্তিরাভা থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন, দশদিনের মেগা ফুটবল এপিসোডের প্রতীক্ষায় দেশের ফুটবল অনুগামীরা ৷ যা নিয়ে উন্মাদনার পারদ যে চড়ে গিয়েছে, তা আনোয়ারের কথাতেই স্পষ্ট ৷

