দক্ষিণবঙ্গের 6টি জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ । রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

Published : April 11, 2025 at 7:14 AM IST
কলকাতা, 11 এপ্রিল: উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জেলায় আজ থেকে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷ চলবে আগামী কয়েকদিন ৷ বৃহস্পতিতে জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । রাতে কলকাতা ও তৎপ্বার্শবর্তী জেলায় বৃষ্টি ও দমকা হাওয়ায় ভ্যাপসা গরমে ছেদ পড়েছে । শুক্রবারও একই পরিস্থতিতে স্বস্তি আসতে পারে জনজীবনে ৷
কলকাতায় সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইবে। আজ কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে ৷
আলিপুর আবহাওয়া দফতরের মতে, সমুদ্র পৃষ্ঠের 5.8 কিলোমিটার ওপরে বায়ুমন্ডলে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে ৷ যা উত্তর-পূর্ব বিহারে অবস্থান করছে ৷ আরেকটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশে ৷ যা সমুদ্রপৃষ্ঠের 0.9 কিলোমিটার ওপরে রয়েছে ৷ এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাস প্রবেশের অনুকুল পরিস্থিতি তৈরি হয়েছে ৷ পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে । ফলে 14 এপ্রিল অর্থাৎ সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং সঙ্গে দমকা হাওয়া বইবে বাংলার কয়েকটি জেলায়। কার্যত রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বিশেষত পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপের অবস্থান। বৃহস্পতিবার থেকে এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে। আজ নিম্নচাপের অভিমুখ হবে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে। তারপর মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি শক্তি বৃদ্ধি করবে।
দক্ষিণবঙ্গ আজ ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের 6 জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 6 জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ৷
আজ থেকে ওপরের দিকের 5 জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যু-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আগামিকাল অর্থাৎ শনিবারও দক্ষিণবঙ্গের 6 জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা রয়েছে । পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 6 জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 3-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওপরের পাঁচটি জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। আগামী 2-3 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তারপর তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 85 শতাংশ এবং সর্বনিম্ন 48 শতাংশ।

