'কাশ্মীর তখন জঙ্গি হামলায় উত্তপ্ত, তার মধ্যেই শুটিং, মনে হয়েছিল...'- বলিউড জার্নি নিয়ে অকপট ইন্দিরা
অস্কার প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল তাঁর পরিচালিত ছবি 'পুতুল' ৷ এবার ইন্দিরা ধর মুখোপাধ্যায় পা রেখেছেন বলিউডে ৷ নতুন জার্নি কেমন, শুনল ইটিভি ভারতের প্রতিনিধি পারমিতা কামিলা ৷

By ETV Bharat Entertainment Team
Published : April 11, 2025 at 3:06 PM IST
|Updated : April 11, 2025 at 3:22 PM IST
হায়দরাবাদ, 11 এপ্রিল: গত বছর 27 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'পুতুল'। এই ছবি পথ শিশুদের কথা বলে। রাস্তাই যাদের ঘর, খেলার মাঠ। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত 'পুতুল' । এবার পরিচালকের হাতেখড়ি হিন্দি সিনেমায় ৷ ছবির বিষয়বস্তু থেকে দিব্যা দত্তা-নীরজ কবির সঙ্গে কাজের অভিজ
1) পুতুল ছবির অসামান্য সাফল্য ৷ তারপরেই বলিউডে ডেবিউ ৷ নেপথ্যের ভাবনা কী ছিল ?
ইন্দিরা ধর: আমার কাছে ছবির ভাষাগত কোনও পার্থক্য নেই ৷ পুতুল একটা বাংলা ছবি হয়েও বিদেশে ভালো চলেছে ৷ আমেরিকার মার্কেটে ভালো চলেছে ৷ ফ্রান্সে প্রথমবার দেখানো হয়েছে ৷ বাংলায় বিশেষ করে মফস্বলে 45 দিন ধরে এই ছবি চলেছে ৷ আমার পরের ছবির ফোকাস বীর জওয়ানদের পরিবারের ওপরে ৷ আমি ব্যক্তিগতভাবে তাঁকে চিনি যাঁর বায়োপিক বানাচ্ছি ৷ এখন আমি তাঁর মেয়ের মতো ৷
2) এই ছবির সারসংক্ষেপ কি?
ইন্দিরা ধর: আমি এখন যে ছবি বানাচ্ছি, দিব্যা দত্তা ও নীরজ কবিকে নিয়ে, এটা ইন্ডিয়ান আর্মির পেরেন্টেসের ওপর নির্মিত একটা বায়োপিক ৷ দীর্ঘ বছর ধরে কাজ করছিলাম এটার ওপরে ৷ কিন্তু ছবিটা বানাবো কীভাবে, কেমন করে ছবিটা ডেভলপ করব তা নিয়ে চিন্তা ভাবনা চলছিল ৷ 'পুতুল'-এর থেকেও অনেক বেশি কঠিন এই ছবির বিষয় ৷ আজ থেকে চার বছর আগে যখন 'পুতুল' তৈরির জার্নি শুরু করছিলাম তখন মনে হয়েছিল হিন্দি ছবিটা প্রথমে বানাব ৷ কিন্তু তখন সেটা হয়ে ওঠেনি ৷ এখন যে ছবি করছি সেটা আমার প্রথম ছবি হতে পারত ৷ কিন্তু 'পুতুল' প্রথম বানালাম থ্যাঙ্কফুলি ৷
3) 'পুতুল' ছবির অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ.. দর্শকদের প্রত্যাশা বেড়েছে ৷ প্রথম হিন্দি ছবি তৈরি করতে গিয়ে কোন সুক্ষ্ম বিষয় মাথায় রাখতে হয়েছে ?
ইন্দিরা ধর: 'পুতুল'-এর সাফল্য নিয়ে বলব আমি আমার টিমের কাছে কৃতজ্ঞ ৷ আমি কৃতজ্ঞ কান ফিল্ম ফেস্টিভ্যাল, ভারত সরকারের প্রতি ৷ কান ফিল্ম ফেস্টে ইন্ডিয়ান প্যাভিলিয়নে ছবির লঞ্চিং ও স্ক্রিনিং হয়েছিল ৷ পাশাপাশি আমি কৃতজ্ঞ অস্কার টিম, পুরো অ্যাকাডেমির সদস্যদের প্রতি ৷ প্রথম বাংলা ছবি হিসাবে 'পুতুল' বেস্ট পিকচার ক্যাটাগরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ৷ তার সঙ্গে আরও দুটো সিলেকশন ছিল, সায়ন গঙ্গোপাধ্যায়ের 'ইতি মা' গান বেস্ট অরজিনাল ট্র্যাক বিভাগে প্রতিযোগিতায় ছিল ৷ পাশাপাশি বিজিএম (ব্যাকগ্রাউন্ড মিউজিক)ও অস্কার প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল ৷
তাছাড়া প্রত্যেকটা ছবির ট্রিটমেন্ট আলাদা ৷ 'পুতুল' বানানোর ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট ছিল ৷ এই ছবির ক্ষেত্রেও আলাদা ৷ আমার কাছে গল্প বলার ধরন, চিত্রনাট্য বেশি গুরুত্বপূর্ণ ৷ আমি এই ছবির ক্ষেত্রে চেষ্টা করেছি গল্প বলার ধরন আরও ভালো করতে ৷ 'পুতুল' একটা লাইভ অ্যাকশন ফিচার ফিল্ম ছিল বাংলায় ৷ প্রোডাকশন ডিজাইনে আমাদের ফোকাস ছিল বেশি ৷ পুতুল অরজিনাল লোকেশনে শুট করা ৷ আনকোরা, 'র'ভাব আছে 'পুতুল'-এ ৷ যেটা হয়তো অস্কার বা অ্যাকাডেমির সদস্যদের ভালো লেগেছিল ৷ সেই জন্যই হয়তো নির্বাচিত হয়েছিল ৷
আসলে কোনও ছবিই পারফেক্ট হয় না ৷ 90 শতাংশ ছবি আমরা দেখতে পাই নিখুঁত ৷ পারফেক্ট ৷ ধরুন, একটা হয়তো ফুলের ভাস ভেঙে পড়ে রয়েছে ৷ ভাঙাটার মধ্যেও পারফেকশন থাকবে ৷ আমি ওই টাইপের ছবি পছন্দ করি না ৷ আমাদের জীবনে-বাড়িতে সব কি খুব নিখুঁত-পারফেক্ট ? তাহলে সিনেমায় তা কীভাবে হতে পারে ? তাই আমি গল্প বলার ধরনটাই ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি ৷
4) একদিকে দিব্যা দত্তা অন্যদিকে নীরজ কবি, দুই শক্তিশালী অভিনেতা ৷ প্রথম থেকেই এই দুজনকেই নেওয়া হবে তা কি ঠিক ছিল ?
ইন্দিরা ধর: এই ছবিটা প্রথমে হিন্দিতে বানাব ঠিক ছিল না ৷ প্রথমে ভেবেছিলাম বাংলায় বানাব ৷ একটা ছবি কাস্টিংয়ের আগে অনেকের সঙ্গে কথা বলতে হয় ৷ সেখান থেকে বাছাই করে কাস্ট সিলেকশন করেছি ৷ আমি যখন কাস্ট করি পাঁচ-ছয়জন মাথায় রেখে করি ৷ দিব্যা দত্ত তার মধ্যে একজন ছিলেন ৷ যাঁদের নিয়ে ছবি ভেবেছিলাম তাঁদের মধ্যে এনাকে পেয়েছি ৷ সেটা বিশাল আমার কাছে ৷ একইভাবে কাস্টিংয়ে নির্বাচিত হন নীরজ কবিও ৷
5) আর কে কে রয়েছেন অভিনয়ে ? বাংলার কেউ আছেন ?
ইন্দিরা ধর: আমার এই ছবিতে ঋষভ সোনি আছেন ৷ 'ফাইটার' ছবির ভিলেন ৷ হৃতিক রোশনের সঙ্গে কাজ করেছেন ৷ অসাধারণ অভিনেতা ৷ তাঁকে এই ছবিতে অন্য রূপে পাব ৷ বাংলার দিক থেকে রোহন ভট্টাচার্য আছেন ৷ খুব ভালো কাজ করেছেন ৷ সিনেমায় সেনা অনির্বাণের চরিত্রে দেখা যাবে রোহনকে ৷ আর আছেন তনুশ্রী শঙ্কর ৷
6) সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ? কোথায় কোথায় শুট হয়েছে ?
ইন্দিরা ধর: ছবির বেশিরভাগ শুটিং হয়েছে কাশ্মীরে ৷ সেই সময় জঙ্গি হামলার কারণে এলাকা ভীষণ উত্তপ্ত ছিল ৷ তারমধ্যেই আমরা শুটিং চালিয়ে গিয়েছি ৷ একটু চিন্তায় ছিলাম সেখানকার পরিস্থিতি নিয়ে ৷ যদি শুটিং শেষ না হয়, যদি ফিরে আসতে হয় ইত্যাদি ভাবনা ঘুরছিল মাথায় ৷ তবে জম্মু ও কাশ্মীর টিম থেকে ভীষণ সহযোগিতা পেয়েছি ৷ ছবির কিছুটা অংশ শুট হয়েছে কলকাতাতেও ৷
7) সিনেমার টাইটেল কি ঠিক হয়েছে ? কবে নাগাদ মুক্তি পেতে পারে নতুন এই সিনেমা ?
ইন্দিরা ধর: টাইটেল আর ছবির মুক্তি নিয়ে এখনও কোনও পরিকল্পনা হয়নি ৷ এখনও এটা নিয়ে কাজ চলছে ৷
8) কিছুদিন আগে 'লাপাতা লেডিস'- নিয়ে বিতর্ক হয়েছে ৷ 'বুরকা সিটি'র বেশ কিছু দৃশ্য ও ভাবনার কপি পেস্ট বলে সোশাল মিডিয়ায় অভিযোগ ওঠে ৷ এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া ?
ইন্দিরা ধর: 'বুরকা সিটি' বা 'লাপাতা লেডিস' নিয়ে কী বিতর্ক হয়েছে সেই বিষয়ে আমি স্পষ্ট অবগত নই ৷ তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না ৷ তবে এটুকু বলতে চাই আইডিয়া ম্যাচ হতে পারে ৷ দুটো পরিচালকের কাজের মিল থাকতে পারে ৷ কিন্তু হুবহু মিল থাকতে পারে না ৷ গল্পের মিল থাকতে পারে ৷ আমরা চোখের সামনে যা দেখি, বুঝি, যা শুনি সেখান থেকেই আমাদের গল্প লেখা ৷ ফলে মিল থাকতে পারে ৷
9) পুতুল সমাজের এক বাস্তব রূপ তুলে ধরেছে ৷ বাংলায় ঘটে চলা সাম্প্রতিক বিষয় কখনও আপনার সিনেমার বিষয়বস্তু হতে পারে কি ?
ইন্দিরা ধর: 'পুতুল' যারা যারা দেখেছেন তারা জানেন কেন এই ছবি বানিয়েছি ৷ পুতুল স্ট্রিট লাইফকে সেলিব্রেট করছে ৷ একজন মা তার সন্তানকে কিছুতেই বিক্রি করবে না ৷ সেই মা দুর্গার মতো মেয়েকে যেমন রক্ষা করছে আবার তার সন্তানদের জন্য খাবারও সংগ্রহ করছে ৷ 'পুতুল' কোনও সামাজিক বা সরকারকে দোষ দিচ্ছে এমন ছবি নয় ৷ আমাদের মাথায় রাখতে হবে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে স্ট্রিট লাইফের অস্তিত্ব আছে ৷ তাঁরা যথেষ্ট শক্তিশালী ৷ আমরা তাঁদেরকে দুর্বল ভাবি ৷ ভাবি আমরা ভালো আছি, তাঁরা নয় ৷ কিন্তু ধারনাটা ভুল ৷

