ETV Bharat / bharat

দ্বিগুণ হল বিএলওদের ভাতা, প্রথমবার ভাতা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদেরও

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজে যুক্ত বিএলওদের ভাতা দ্বিগুণ বেড়ে 12000 টাকা হচ্ছে।

BLO REMUNERATION BY ECI
বিএলওদের ভাতা বাড়ল দ্বিগুণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 2, 2025 at 7:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

নয়াদিল্লি/শিলিগুড়ি, 2 অগস্ট: ভাতা দ্বিগুণ করা হল বুথ লেভেল অফিসারদের (BLO)। পাশাপাশি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-দেরও এই প্রথমবার ভাতা দিচ্ছে নির্বাচন কমিশন। গত 10 বছরের মধ্যে এই প্রথমবার দ্বিগুণ ভাতা বাড়ল বিএলওদের। শনিবার নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

বুথ লেভেল অফিসার বা বিএলও, বুথ লেভেল সুপারভাইজার, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দ্বিগুণ হারে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । 2015 সাল থেকে বুথস্তরে ভোটার তালিকা তৈরি করতে কমিশনকে সাহায্যকারী বিএলও-রা তাদের কাজের জন্য বার্ষিক 6000 টাকা পেতেন। নতুন নির্দেশিকায় এখন থেকে এই পরিমাণ বাড়িয়ে 12000 টাকা করা হল। বিএলও-রা বেশিরভাগই শিক্ষক অথবা অন্যান্য রাজ্য সরকারি কর্মচারী, যাঁরা বুথে বুথে ভোটার যোগ বা বাদ দেওয়ার কাজ সরেজমিনে করেন। উল্লেখ্য, কমিশনের নতুন নিয়ম অনুযায়ী একটি বুথে 1200 জনের বেশি ভোটার থাকবে না।

বিএলওদের ভাতা বাড়া নিয়ে সুকান্তের প্রতিক্রিয়া (ইটিভি ভারত)

এছাড়া, কমিশন বিএলওদের জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর জন্য 6000 টাকার একটি বিশেষ অ্যালাউন্স বা ভাতা অনুমোদন করেছে ৷ যা বিহারের নির্বাচনী প্রক্রিয়া থেকেই থেকে শুরু হবে ৷ অন্যদিকে, কমিশন জানিয়েছে, বিএলও সুপারভাইজারদের সাম্মানিক বর্তমান 12000 টাকা থেকে বাড়িয়ে 18000 টাকা করা হয়েছে । বর্তমানে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং সহকারি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-দের বার্ষিক যথাক্রমে 30000 এবং 25000 টাকা সাম্মানিক দেওয়া হবে। প্রসঙ্গত, নির্ভুল ও নিরপেক্ষ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে এই চার স্তরের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ আর এই ভোটার তালিকার উপরেই ভিত্তি করে নির্বাচনী প্রক্রিয়া হয়।

প্রাথমিকভাবে বিহারে যাঁরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়িত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার সারা দেশে একই হারে বিএলও, বিএলও সুপারভাইজার, ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও-দের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হল বলে কমিশন জানিয়েছে । 2015 সালের পর এই প্রথম বিএলও-দের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

BLO REMUNERATION BY ECI
বিএলও-দের ভাতা বাড়ল দ্বিগুণ (ইটিভি ভারত)

অন্যদিকে, উত্তরবঙ্গ সফরের শেষ দিনে শিলিগুড়িতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দলীয় কর্মসূচিতে যোগ গিয়ে এ বিষয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "এসআইআর নিয়ে ভারতীয় নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই ৷ তেজস্বী যাদবের মাধ্যমিক পাশেরই সার্টিফিকেট নেই এবং তেজস্বী ভোটার তালিকা সংশোধনের সময়ে নাম তোলার চেষ্টাই করেননি। তবে চূড়ান্ত তালিকা এখনও বের হয়নি। খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে মাত্র ৷ এসআইআর কয়েক বছর অন্তর একটি নির্দিষ্ট সময় পর পর হয়। যারা ভারতবর্ষের নাগরিক তাঁদের মাথার একটি চুলও বাঁকা হবে না।"