পর্যটনে মাইলফলক ! 2025 সালে সিকিমে রেকর্ড পর্যটক
বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে পর্যটকের আগমন সিকিমে ৷ 2025 সালে 17 লক্ষের বেশি পর্যটকের আগমন হিমালয় রাজ্যে ৷

Published : January 9, 2026 at 5:26 PM IST
গ্যাংটক, 9 জানুয়ারি: সিকিম পর্যটনের জন্য দারুণ সুখবর ৷ বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে 2025 সালে পর্যটকের আগমন হিমালয়ের এই রাজ্যে। গত বছর 17.12 লক্ষ পর্যটকের আগমন ঘটেছে সিকিমে। যা সিকিমের পর্যটনে যা মাইলফলক। 2024 সালে সিকিমে আগত পর্যটকের সংখ্যা ছিল 16.25 লক্ষ । সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের পর এই সংখ্যক পর্যটকের আগমনকে ইতিবাচক বলে মনে করছে পর্যটনমহল ৷
প্রাকৃতিক বিপর্যয়ের পর সিকিম প্রশাসনের উদ্যোগে দ্রুত সমস্ত পর্যটন পরিকাঠামো মেরামত সংস্কার করা হয় । বিশেষ করে মঙ্গন, উত্তর সিকিমের মতো জায়গায় পর্যটন কেন্দ্রগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল । সড়ক, সেতু ও সরকারি প্রতিষ্ঠান ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয় ৷ তারপর কেন্দ্রীয় সরকার, বর্ডার রোড অর্গানাইজেশন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও ভারতীয় সেনার সহযোগিতায় দ্রুত সেসব মেরামত করে স্বাভাবিক ছন্দে ফেরে সিকিম।

পর্যটনে গতি আনতে রণক্ষেত্র পর্যটন, হোম স্টে, কৃষি পর্যটনকে প্রচারের আলোয় আনার পাশাপাশি প্যারাগ্লাইডিং, সাইক্লিং, রাইডিং, সুপার কার ব়্যালি আয়োজন করা হয় সিকিমে । যা পর্যটকদের আরও বেশি আকর্ষণ করে।

পর্যটন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সি. সুভাকর রাও বলেন, "অক্টোবরের পর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পুনরুদ্ধার হওয়ায় পর্যটনে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে । বিশেষ করে নাগা-লাচুং রুট পুনরায় চালু হওয়ায় ভ্রমণ বুকিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে । আগামী দিনে উত্তর সিকিমের পর্যটন সম্ভাবনা আরও উজ্জ্বল বলে মনে করা হচ্ছে । লাচেন রুটের তারাম চু সেতুর কাজ প্রায় শেষের পথে এবং বর্ডার রোড অর্গানাইজেশন আগামী 31 জানুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে । এর ফলে ফেব্রুয়ারির শুরুতেই লাচেন এবং বিখ্যাত গুরুদোংমার লেক সম্পূর্ণরূপে পর্যটকদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ।"

তিনি আরও বলেন, "উত্তর সিকিমের পাশাপাশি পশ্চিম ও দক্ষিণ সিকিমেও পর্যটন বুকিংয়ের হার সন্তোষজনক । রাজ্যের বর্তমান পরিকাঠামো-হোটেল, রিসর্ট ও হোমস্টে মিলিয়ে প্রতিদিন প্রায় 42 থেকে 45 হাজার পর্যটককে স্বাচ্ছন্দ্যে আতিথ্য দেওয়ার ক্ষমতা রাখে। অল্প প্রচার সত্ত্বেও সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে চলেছে। বর্ডার রোড অর্গানাইজেশন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পূর্ত দফতর, যাদের প্রচেষ্টায় জাতীয় সড়কগুলির উন্নয়ন হয়েছে। এর ফলে শিলিগুড়ি থেকে সিকিমের মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে এবং পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে ৷"

সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সিকিমে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি মূল কারণ হল দেশীয় পর্যটকের আগমনের সংখ্যা বৃদ্ধি পাওয়া ৷ যা গতবারের তুলনায় 95 হাজারেরও বেশি ৷ তবে, আন্তর্জাতিক পর্যটকের সংখ্যায় সামান্য পতন দেখা গিয়েছে ৷ বিদেশি পর্যটকের আগমন গত বছরের তুলনায় প্রায় 10 থেকে 12 হাজার কমেছে ৷

