ইতিহাস গড়লেন এলন মাস্ক, বোনাস হিসেবে 1 ট্রিলিয়ন ডলারের অধিকারী হচ্ছেন টেসলা কর্তা
Elon Musk : লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে তবেই মিলবে এই বিপুল পরিমাণ অর্থ ৷

Published : November 8, 2025 at 10:15 AM IST
কর্পোরেট জগতে বিশ্বের সবথেকে বেশি আর্থিক প্যাকেজের অধিকারী হতে চলেছেন টেসলার কর্ণধার এলন মাস্ক ৷ আর এর ফলে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে টেসলা CEO ট্রিলিয়ানেয়ার গন্ডি পার করবেন ৷
বৃহস্পতিবার অর্থাৎ 6 নভেম্বর অস্টিনে সংস্থার শেয়ার হোল্ডারদের নিয়ে একটি বাৎসরিক বৈঠক হয় ৷ সেখানে 75 শতাংশের বেশি শেয়ারহোল্ডার মাস্কের বোনাস বৃদ্ধির পক্ষে সায় দেয় ৷ এর ফলে আগামী দশকের মধ্যে 1 ট্রিলিয়ান মার্কিন ডলার স্টকের অধিকারী হতে চলেছেন তিনি ৷
এই মুহূর্তে এলন মাস্কের মূল লক্ষ্য তাঁর তৈরি নতুন স্টার্টআপ xAI-কে উন্নতির শিখরে পৌঁছনো ৷ এবং তার জন্যই বিপুল বিনিয়োগ করেছেন টেসলা কর্তা ৷ বৃহস্পতিবারের বৈঠকে মূলত শেয়ারহোল্ডাররা তাঁর এই বিনিয়োগকে সমর্থন জানিয়ে ভোট দিয়েছেন ৷
তবে ভোটে সমর্থন পেলেই যে মাস্ক ওই বিপুল পরিমাণ অর্থ পাবেন এমনটা কিন্তু নয় ৷ এর জন্য মাস্ককে একটি লক্ষ্যমাত্রাও দেওয়াও হয়েছে ৷ সেই লক্ষ্য়ে পৌঁছতে পারলে তবেই মিলবে বোনাসের অর্থ ৷
xAI- এর পাশাপাশি মাস্কের লক্ষ্য টেসলার মার্কেট ভ্যালু বৃদ্ধি ৷ বর্তমানে টেসলার মার্কেট ভ্যালু 1.4 ট্রিলিয়ান মার্কিন ডলার ৷ সেখান থেকে 8.5 ট্রিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়াই লক্ষ্য মাস্কের ৷
ইতিমধ্যে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন এলন মাস্ক ৷ বৃহস্পতিবারের বৈঠকে মাস্ক বলেন- "আমরা যে পর্যায়ে পৌঁছে যাচ্ছি সেটা যে শুধুমাত্র Tesla-র ভবিষ্য়তের একটি নতুন অধ্য়ায় এমনটা কিন্তু নয় ৷ এটা একটি সম্পূর্ণ নতুন বই ৷"
CNN একটি প্রতিবেদনে জানিয়েছে, ভোটাভুটি শেষ হতেই এলন মাস্কের নামে জয়ধ্বনি দিতে শুরু করেন টেসলার শেয়ার হোল্ডাররা ৷ এবং তারপর টেসলা CEO তাঁর জবাবি ভাষণে সকলকে কৃতজ্ঞতা জানান ৷
মূলত টেসলা থেকে আলাদা করে কোনও বেতন নেন না এলন মাস্ক ৷ সংস্থার শেয়ার থেকেই তাঁর রোজগার ৷ এবার বোনাস বাবদ একলাফে ট্রিলিয়নের গন্ডি পেরোতে চলেছেন টেসলা কর্তা ৷
যদিও অনেকেই মনে করছেন, মাস্ককে এই বিপুল পরিমাণ অর্থ দেওয়ার পিছনেও রয়েছে একটি বড় কারণ ৷ কারণ বর্তমানে টেসলা কর্তার হাতে রয়েছে 25 শতাংশ শেয়ার ৷ তিনি আগেই একপ্রকার হুমকির সুরে জানিয়েছিলেন, এই সংস্থায় তাঁর শেয়ারের পরিমাণ বৃদ্ধি না করলে তিনি টেসলার দায়িত্ব ছেড়ে দিতে পারেন ৷
অন্যদিকে টেসলার আরও এক শেয়ারহোল্ডার রবিন ডেনহম অন্য শেয়ারহোল্ডারদের জানিয়েছিলেন, টেসলার ভবিষ্য়তের জন্য় মাস্কের থাকা জরুরি ৷ কারণ তিনি সংস্থা ছাড়লে স্টকেও বিপুল ক্ষতি হতে পারে ৷

