17 Billion মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি Meta ! কিন্তু কারণ কী ?
2023 সালে 29টি রাজ্য Meta-র বিরুদ্ধে মামলা করেছিল। সেই রাজ্যগুলির মধ্যে ছিল ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি এবং নিউ জার্সি।

Published : August 27, 2026 at 8:53 PM IST
অকল্যান্ড : কিশোর-কিশোরীদের মধ্যে সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ে চলা একটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করতে 17 বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে Meta। একইসঙ্গে Facebook এবং Instagram-এ শিশুদের নিরাপত্তা বাড়াতে একাধিক নতুন ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছে সংস্থাটি । বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের 47টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল এই সমঝোতার কথা ঘোষণা করেছেন।
2023 সালে 29টি রাজ্য Meta-র বিরুদ্ধে মামলা করেছিল। সেই রাজ্যগুলির মধ্যে ছিল ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি এবং নিউ জার্সি। এই সমঝোতার ফলে মামলাটির চলতি বিচারপ্রক্রিয়াও থেমে গেল। এই মামলায় Meta-র CEO মার্ক জুকারবার্গেরও ফেডারেল আদালতের জুরির সামনে সাক্ষ্য দেওয়ার কথা ছিল।
ভার্জিনিয়াতেই এই সমঝোতার মূল্য 353 মিলিয়ন ডলার। সেখানকার অ্যাটর্নি জেনারেল জে জোন্স এটিকে রাজ্যের ভোক্তা সুরক্ষার ইতিহাসে অন্যতম বড় সমঝোতা বলে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন, বহু বছর ধরে Meta ইচ্ছাকৃতভাবে তাদের প্ল্যাটফর্মের আসক্তি তৈরি করছে ৷ এমন কিছু ফিচার ডিজাইন করছে যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে ।
জোন্স বলেন, এই সমঝোতার ফলে এই ধরনের বিপজ্জনক কার্যকলাপ বন্ধ হবে এবং শিশুদের অনলাইন ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে।
Meta অবশ্য এই বিষয়ে মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধের তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি । উল্লেখযোগ্যভাবে, 17 বিলিয়ন ডলারের এই সমঝোতার অঙ্ক Meta-র 2025 সালের 201 বিলিয়ন ডলার আয়ের তুলনায় অনেকটাই কম।
মামলায় অভিযোগ করা হয়েছিল, কিশোর-কিশোরীদের মধ্যে তৈরি হওয়া মানসিক স্বাস্থ্য সংকটে Meta-রও ভূমিকা রয়েছে। অভিযোগ ছিল, শিশুদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে আটকে রাখার জন্য সংস্থাটি ইচ্ছাকৃতভাবে এমন কিছু ফিচার তৈরি করেছে, যেগুলি ব্যবহারকারীদের মধ্যে আসক্তি তৈরি করে। একইসঙ্গে এই ফিচারগুলির ক্ষতিকর প্রভাব সাধারণ মানুষের কাছ থেকে গোপন করার অভিযোগও ওঠে।
এছাড়াও, 13 বছরের কম বয়সি শিশুদের অভিভাবকদের সম্মতি ছাড়াই Meta নিয়মিতভাবে তাদের তথ্য সংগ্রহ করেছে বলে অভিযোগ করা হয়েছিল। এর মাধ্যমে সংস্থাটি ফেডারেল আইন লঙ্ঘন করেছে বলেও মামলায় দাবি করা হয়।
গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে এই মামলার শুনানি শুরু হয়। ফেডারেল আদালতের বিচারক ইয়ভন গনজালেজ রজার্স মামলাটির বিচারপ্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছিলেন। মঙ্গলবার Instagram-এর প্রধান অ্যাডাম মোসেরি সাক্ষ্য দিতে শুরু করেন। তিনি শিশুদের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষায় Meta-র ভূমিকা ও অগ্রগতির পক্ষে বক্তব্য রাখেন।
অন্যদিকে, বাকি রাজ্যগুলিতে দায়ের হওয়া মামলাগুলির পরবর্তী সময়ে বিচার শুরু হওয়ার কথা ছিল। এছাড়াও আরও 9টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল নিজেদের রাজ্যেই আলাদা মামলা করেছিলেন।

