বায়ু দূষণ কমবে, খরচও হবে কম ! Maruti Suzuki লঞ্চ করল WagonR Flex Fuel ভার্সন
নতুন WagonR Flex Fuel-এ এমন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা জ্বালানিতে ইথানলের পরিমাণ অনুযায়ী নিজে থেকেই পারফরম্যান্স ও ফুয়েল ম্যানেজমেন্ট সামঞ্জস্য করতে পারে।

Published : June 4, 2026 at 1:41 PM IST
হায়দরাবাদ : ভারতের বিকল্প জ্বালানি ব্যবহারের যাত্রায় বড় পদক্ষেপ নিল Maruti Suzuki। সংস্থাটি দেশের প্রথম E100-সক্ষম ফ্লেক্স-ফুয়েল প্যাসেঞ্জার গাড়ি হিসেবে নতুন WagonR Flex Fuel লঞ্চ হল । বৃহস্পতিবার গাড়িটি প্রকাশ্যে আসে ৷ এর ফলে এটি ভারতের প্রথম এমন যাত্রীবাহী গাড়ি , যা 100 শতাংশ ইথানল জ্বালানিতে চলতে সক্ষম।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গদকড়ি (Nitin Gadkari) এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী Hardeep Singh Puri।

ফ্লেক্স-ফুয়েল প্রযুক্তির বিশেষত্ব হল, এই ধরনের গাড়ি বিভিন্ন মাত্রার পেট্রোল-ইথানল মিশ্রণে চলতে পারে। নতুন WagonR Flex Fuel-এ এমন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা জ্বালানিতে ইথানলের পরিমাণ অনুযায়ী নিজে থেকেই পারফরম্যান্স ও ফুয়েল ম্যানেজমেন্ট সামঞ্জস্য করতে পারে। ফলে গাড়িটি E20 থেকে শুরু করে E100 পর্যন্ত জ্বালানি ব্যবহার করতে সক্ষম।
মারুতি সুজুকির দাবি, এই প্রযুক্তি দেশের অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে। পাশাপাশি কার্বন নিঃসরণও কমবে, যা পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার দিকে ভারতের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।
জানা গিয়েছে, WagonR-এর এই বিশেষ সংস্করণে ইথানল ব্যবহারের জন্য আপগ্রেডেড ফুয়েল সিস্টেম, ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, ফুয়েল ইনজেক্টর এবং ইথানল সেন্সর দেওয়া হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় সহজে স্টার্ট দেওয়ার জন্য বিশেষ কোল্ড-স্টার্ট প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।
ভারতে ইথানল-ভিত্তিক জ্বালানির ব্যবহার বাড়ানোর সরকারি উদ্যোগের মধ্যে মারুতি সুজুকির এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ফ্লেক্স ফুয়েল গাড়ি (Flex Fuel Vehicles) কী ?
যে সব গাড়ির ইঞ্জিন এমনভাবেই প্রস্তুত করা হয় যেখানে পেট্রল, ইথানল বা এই দুটির মিশ্রণ জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় সেই সব গাড়িকে বলা হয় FFV ৷ এই গাড়িগুলিতে 10 শতাংশ ইথানল থেকে 100 শতাংশ ইথানল ব্যবহার করা যেতে পারে ৷ পাশাপাশি পেট্রলও জ্বালানী হিসেবে ব্যবহার করা হতে পারে এই গাড়িগুলিতে ৷ যেহেতু ইথানল পেট্রলের থেকে বেশি দাহ্য সেই কারণে গাড়ির ফুয়েল লাইন, ইনজেক্টর, সিলস এবং ইঞ্জিন ক্যালিবারেশনে বেশ কিছু পরিবর্তন আনা হয় ৷

