ভয় নেই ! AI বাড়বাড়ন্তের মাঝেই ফুলেফেঁপে উঠছে IT; বাড়ছে ভারত থেকে ফোন রফতানিও
India IT industry : AI বাড়বাড়ন্তের মাঝেও ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের বিস্তার লাভ হচ্ছে বলে দাবি করল NASSCOM ৷

Published : February 26, 2026 at 1:49 PM IST
হায়দরাবাদ : ভারত থেকে রফতানি করা বিভিন্ন সামগ্রীর মধ্যে শীর্ষে রয়েছে স্মার্টফোন ৷ এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ অন্যদিকে AI বাড়বাড়ন্তের মাঝেও ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের বিস্তার লাভ হচ্ছে বলে দাবি করল NASSCOM ৷ তাদের দাবি, ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের মোট আয় চলতি অর্থবর্ষে 300 বিলিয়ন মার্কিন ডলারের গণ্ডি অতিক্রম করবে ৷
নিজের এক্স (অতীতের টুইটার) হ্যান্ডেলে পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী ৷ সেখানে তিনি লেখেন, "সারা বিশ্বের জন্য স্মার্টফোন প্রস্তুতকারী কারখানায় পরিণত হচ্ছি ( Becoming the smartphone manufacturing factory for the world) "৷ এবং এরসঙ্গে তিনি ইনফো-গ্রাফিক্স পোস্ট করেন ৷ সেখানে লেখা রয়েছে, 2025 সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভারত 30 বিলিয়ন মার্কিন ডলার স্মার্টফোন রফতানি করেছে ৷ ওই পোস্টারের ব্যানার হেডে লেখা হয়েছে ভারতের রপ্তানিযোগ্য সামগ্রীর মধ্যে 1 নম্বরে স্মার্টফোন ৷
Becoming the smartphone manufacturing factory for the world. 🇮🇳 pic.twitter.com/Fd5jQPA38O
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 25, 2026
2024-25 সালে 5.5 লাখ কোটি টাকার স্মার্টফোন তৈরি করেছে ভারত ৷ যার মধ্যে রয়েছে বিভিন্ন সংস্থা ৷ ওই বিপুল পরিমাণ স্মার্টফোনের মধ্যে 2 লাখ কোটি টাকার স্মার্টফোন শুধুমাত্র রফতানি করা হয়েছে ৷ এর পাশাপাশি অন্য ইলেকট্রনিক্স ডিভাইস একত্রে করলে ভারত থেকে 2025 সালে রফতানি করা সামগ্রীর পরিমাণ 4 লাখ কোটি পেরিয়েছে ৷ ইতিমধ্যে চলতি বছর থেকে চারটি সেমিকন্ডাক্টার সংস্থা পুরোদমে উৎপাদন শুরু করবে ৷ ফলে রফতানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে ৷
মার্কেট রিসার্চ সংস্থা কাউন্টারপয়েন্টের কো-ফাউন্ডার এবং ভাইস প্রেসিডেন্ট নেইল শাহ জানিয়েছেন, চিনের উপর আমেরিকা যে শুল্ক আরোপ করেছে তার জন্য ভারতে উৎপাদন বাড়িয়েছে Apple ৷ ফলে সারা বিশ্বের কাছে মুখ (Poster Boy) হিসেবে Apple ভারতকে উপস্থাপনা করছে ৷ আর তারসঙ্গে ভারতের রফতানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ৷
এই বিষয়ে তিনি বলেন, "ভারত প্রায় 30 কোটি ইউনিট মোবাইল ফোন প্রস্তুতের গণ্ডিতে পৌঁছবে ৷ এবং প্রতি চারটি ফোনের মধ্যে একটি ফোন রফতানি করা হবে ৷ Apple, Samsung এবং Motorola র মতো সংস্থাগুলি প্রিমিয়াম USA মার্কেটে স্মার্টফোন রফতানি করছে ৷ যার ফলে ভারতে ব্যাপকভাবে আমদানি বৃদ্ধি পেয়েছে ৷"
অন্যদিকে AI এর বাড়বাড়ন্তে যখন চাকরি হারানোর ভয়ে জর্জরিত বিভিন্ন ক্ষেত্রের পেশাদাররা ঠিক তখনই সুসংবাদ দিল NASSCOM ৷ তাদের দাবি, ভারতীয় তথ্য প্রযুক্তি শিল্পের আয় চলতি অর্থবর্ষে 300 বিলিয়ন মার্কিন ডলারের গণ্ডি অতিক্রম করবে ৷ এই সংক্রান্ত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্প চলতি আর্থিক বছরে 6.1 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ এবং 2026 সালের 31 মার্চ যে আর্থিক বছর শেষ হবে তাতে এই শিল্পের আয় 315 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে ৷
এই বিষয়ে NASSCOM এর ভাইস চেয়ার পার্সন শ্রীকান্ত ভেলামাখান্নি বলেন, "চিরাচরিত কাজ অনেকটাই কমিয়েছে AI ৷ কিন্তু অন্য কাজের পরিধি বৃদ্ধি করেছে ৷"

