ETV Bharat / technology

কেন্দ্রের চিঠি পেয়েই তৎপর 'X', কোনও আপত্তিকর ছবি তৈরি করা যাবে না Grok AI -এ

Grok AI : কয়েকদিন আগে মহিলাদের অবমাননাকর ছবি তৈরির অভিযোগ উঠেছিল গ্রোকের বিরুদ্ধে ৷ আর সেই কারণে গ্রোককে চিঠিও পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রক ৷

Grok starts to control image generation and editing feature on x after objectifying content row
কোনও আপত্তিকর ছবি তৈরি করা যাবে না Grok AI -এ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Tech Team

Published : January 10, 2026 at 1:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ : X (অতীতের Twitter)-এর চ্যাটবট Grok-এর উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হল ৷ এবার থেকে AI এর মাধ্যমে নগ্ন ছবি তৈরি করা যাবে না গ্রোক-এ ৷ এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে ৷

কয়েকদিন আগে বিভিন্ন ব্যক্তির মূলত মহিলাদের অবমাননাকর ছবি তৈরির অভিযোগ উঠেছিল গ্রোকের বিরুদ্ধে ৷ আর সেই কারণে গ্রোককে চিঠিও পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রক ৷ কেন্দ্রের তরফে অভিযোগ তোলা হয়েছিল, শুধু মহিলাদের ছবি তৈরি না, ভিডিও-ও তৈরি করে গ্রোক ৷ এবং যে ব্যক্তির অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করা হচ্ছে তাঁর কাছে কোনওরকম সম্মতি বা অনুমতি গ্রহণ করা হচ্ছে না ৷ আর সেগুলি মুহূর্তে ছড়িয়ে পড়ছে ৷ কেন্দ্রের আরও অভিযোগ ছিল, এই অবমাননাকর ছবি আটকাতে গ্রোকের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ ফলে 2000 সালের তথ্যপ্রযুক্তি আইন ও 2021 সালের তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘিত হচ্ছে ৷ আর এর পরই কড়া পদক্ষেপ নিল এলন মাস্কের সংস্থা X ৷

এতদিন পর্যন্ত ইউজাররা সরাসরি গ্রোককে বলতে পারত কোনও মানুষের ছবি থেকে পোশাক মুছে ফেলতে ৷ এবং সেই অনুযায়ী ছবি তৈরিও করে দিত গ্রোক ৷ কিন্তু এবার থেকে সেই সুবিধা থাকছে না ৷ নতুন যে আপডেটের কথা জানানো হয়েছে সংস্থার তরফে সেখানে বলা হয়েছে, কারোর অবমাননাকর ছবি তৈরি করতে পারবে না গ্রোক ৷

শুক্রবার গ্রোকের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র যাঁরা টাকা দিয়ে সাবস্ক্রিপশন প্ল্যান কিনেছেন তাঁরাই শুধুমাত্র X হ্যান্ডেলে গ্রোকের মাধ্যমে ছবি তৈরি এবং ছবি এডিটিংয়ের ফিচার ব্যবহার করতে পারবেন ৷ কারণ এতদিন পর্যন্ত X পোস্টের থ্রেডে সরাসরি কোনও ছবি এডিট করে তা অবমাননাকর তৈরি করা সম্ভব হতো এবং সেই ছবি শেয়ার করাও যেত কোনও অনুমতি ছাড়াই ৷ কিন্তু এবার শুধুমাত্র সাবস্ক্রাইবাররা এই সুবিধা পাবেন ৷ অর্থাৎ বিনামূল্যে যারা গ্রোক বা X ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই সুবিধা থাকবে না ৷

তবে যদি কেউ সরাসরি গ্রোক চ্যাটবট ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না ৷ তাঁরা সরাসরি চ্যাটবটে গিয়ে যেকোনও ছবিই এডিট করতে পারবেন ৷ এমনকি ছবি তৈরিও করতে পারবেন ৷

গত সপ্তাহে এলন মাস্ক নিজেই বলেছিলেন, যাঁরা গ্রোক ব্যবহার করে অবমাননাকর ছবি তৈরি করছেন এবং সেই ছবি বিভিন্ন জায়গায় আপলোড করছেন তাঁরা বিভিন্ন সমস্যায় পড়বেন ৷ বিশেষজ্ঞদের মত, তখনই ইলন মাস্ক ইঙ্গিত দিয়েছিলেন অবমাননাকর ছবি তৈরি এবং তার ব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন তিনি ৷ এবং সেই মতো শুক্রবার বিবৃতি প্রকাশ করে কড়া পদক্ষেপ গ্রহণের করা জানিয়ে দিল এলন মাস্কের এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটি ৷

Read More - বিরোধী নেত্রীর চিঠি পেয়ে তৎপর কেন্দ্র, অশ্লীল কন্টেন্ট মুছতে এক্স-কে কড়া নির্দেশ