নাগালের বাইরে চলে যাবে দাম, নতুন বছরে দাম বাড়ছে চারচাকার ! কত টাকা বাড়তি লাগবে ?
Car Price -জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই প্রতিটি সংস্থা গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ মার্সিডিজ, BYD, BMW, নিশান, MG সহ একাধিক সংস্থা এই তালিকায় রয়েছে৷

Published : December 29, 2025 at 1:07 PM IST
হায়দরাবাদ : নতুন বছর থেকেই প্রতিটি গাড়ি প্রস্তুতকারী সংস্থাই গাড়ির দাম বৃদ্ধি করে ৷ ব্যতিক্রম নয় 2026 ও ৷ কারণ জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই প্রতিটি সংস্থা গাড়ির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ মার্সিডিজ, BYD, BMW, নিশান, MG সহ একাধিক সংস্থা এই তালিকায় রয়েছে ৷ কোন কোন সংস্থা দাম বৃদ্ধি করছে ? জেনে নিন এই প্রতিবেদনে ৷
মার্সিডিজ বেঞ্জ (Mercedes Benz)
মার্সিডিজ জানিয়েছে নতুন বছরের শুরু থেকে অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে তাদের প্রতিটি মডেলের দাম 2 শতাংশ করে বৃদ্ধি করবে ৷ মূলত বিভিন্ন সামগ্রীর দাম বৃদ্ধি এবং লজিস্টিক্স খরচ বৃদ্ধি পেয়েছে ৷ আর সেইকারণেই প্রতিটি মডেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাটি ৷ 2 শতাংশ দাম বৃদ্ধির অর্থ প্রতিটি মডেলে প্রায় আড়াই লাখ টাকা করে দাম বাড়তে পারে ৷
BMW
2025 সালের সেপ্টেম্বর থেকে প্রায় প্রতিটি মডেলে 3 শতাংশ করে দাম বাড়িয়েছে BMW ৷ 1 জানুয়ারি 2026 থেকে আরও কিছুটা দাম বৃদ্ধি করতে চলেছে সংস্থাটি ৷ সংস্থার তরফে জানানো হয়েছে কাঁচামালের ব্যাপক দামবৃদ্ধি এবং লজিস্টিক্স খরচ বেড়েছে কয়েকগুন ৷ এবং ভারতীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার (মূলত USD) র ফারাক অনেকটাই হয়েছে ৷ সেই কারণে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি ৷
BYD
BYD তাদের Sealion 7 মডেলের জন্য দাম বৃদ্ধি করবে ৷ 2026 সালের 1 জানুয়ারি থেকেই নতুন দাম কার্যকরী হবে ৷ তবে যাঁরা 31 ডিসেম্বরের আগে গাড়ি বুক করবেন তাঁরা বর্তমান দামেই গাড়ি কিনতে পারবেন ৷
MG Motor
মার্সিডিজ বেঞ্জের মতোই প্রতিটি মডেলে 2 শতাংশ করে দাম বৃদ্ধি করবে এই সংস্থাটি ৷ পেট্রোল, ডিজেল এবং EV র ক্ষেত্রে নতুন দাম কার্যকর হবে ৷ এই দাম বৃদ্ধির ফলে প্রতিটি মডেলে 30 থেকে 37 হাজার টাকা করে দাম বাড়তে পারে ৷ তবে EV কমেটের দাম 10 থেকে 20 হাজার টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷
Nissan এবং Honda
দাম বৃদ্ধির তালিকা থেকে বাদ যাবে না Nissan ৷ 2026 সাল থেকে তাদের প্রতিটি মডেলে 3 শতাংশ দাম বাড়বে ৷ অন্যদিকে হোন্ডার তরফেও তাদের সংস্থার মডেলগুলির দাম বাড়ানো হবে বলে জানানো হয়েছে ৷ তবে Honda কত টাকা করে দাম বৃদ্ধি করবে তা জানানো হয়নি ৷

