ETV Bharat / state

দোল উৎসবে উস্কানিমূলক মন্তব্য ! শুভেন্দুর বিরুদ্ধে FIR সিপিএম যুবনেতার

বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ বাকি থানায়ও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম যুবনেতা ৷

FIR against Suvendu Adhikari
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করলেন সিপিএমের যুবনেতা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 4, 2026 at 11:32 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 4 মার্চ: উস্কানিমূলক এবং সংবিধান বিরোধী মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের । মঙ্গলবার রাতে বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করেছেন সিপিএম যুবনেতা সৈনিক সুর ।

তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য কেবল রাজনৈতিকভাবে উস্কানিমূলকই নয়, বরং ধর্মনিরপেক্ষ-মনের নাগরিক এবং সমাজের নাস্তিক সদস্যদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বৈষম্য এবং ঘৃণা উস্কে দিতেও সক্ষম ।

বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের (ইটিভি ভারত)

অভিযোগকারী সৈনিক সুর বলেন,"শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যের কারণে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে । সেই তথ্য পুলিশকে দেওয়া হয়েছে ।" ঘটনার ব্যাখ্যায় সিপিএম যুবনেতা বলেন, "মঙ্গলবার সকালে বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসবের একটি অনুষ্ঠানে এসে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখার সময় অত্যন্ত ঘৃণ্য সংবিধান বিরোধী মন্তব্য করেন । তিনি বলেন 'নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব চলবে'।"

তাঁর কথায়, "এই মন্তব্য আমাদের দেশের সংবিধান বিরোধী । মানুষের ধর্ম পালনের অধিকার, ধর্মনিরপেক্ষতা বিরোধী । এই মন্তব্যের বিরুদ্ধে বালিগঞ্জ থানায় এফআইআর করা হয়েছে মঙ্গলবারই । সংবিধান লঙ্ঘন করার মত অপরাধ বরদাস্ত করা হবে না । দেশের ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে হবে ।"

FIR against Suvendu Adhikari
দোল উৎসবে শুভেন্দুর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ (ছবি-এফআইআর কপি)

শুভেন্দু অধিকারী ওই সমাবেশে নেতৃত্ব দেওয়ার সময় প্রকাশ্যে বলেন, "ধর্মনিরপেক্ষতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক । নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা হিন্দুস্তানে চলবে না, হিন্দুস্তানে হিন্দুদের রাজত্ব চলবে ।" যা ভারতের সংবিধানের প্রস্তাবনায় বর্ণিত মূলনীতি, বিশেষ করে ধর্মনিরপেক্ষতার নীতির সরাসরি অবমাননাকর বলেই অভিযোগকারী দাবি করেন ।

বিরোধী দলনেতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএমের যুবনেতা বলেন, "শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের কারণে ইতিমধ্যেই জনসাধারণের মধ্যে অস্থিরতা ও বিক্ষোভের সৃষ্টি করেছে । বিবৃতিগুলি জনসাধারণের শান্তি বিঘ্নিত করতে সক্ষম । বহুত্ববাদী সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য অপরিহার্য সাম্প্রদায়িক সম্প্রীতি । যাকে ঘুরপথে হুমকির মুখে ফেলা হচ্ছে ।"

FIR against Suvendu Adhikari
সিপিএম যুবনেতা সৈনিক সুর (নিজস্ব ছবি)

শুধু শুভেন্দু অধিকারী নয়, সংবাদমাধ্যমেও বিরোধী দলনেতার ওই বক্তব্য পরিবেশিত হওয়ায় আভিযোগকারী সিপিএম যুবনেতা সৈনিক সুর ক্ষোভ প্রকাশ করেছেন । সাংবিধানিক মূল্যবোধ সমুন্নত রাখার জন্য পুলিশের কাছে আইন অনুসারে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তিনি । এমনকি এও জানিয়েছেন, শুধু বালিগঞ্জ নয়; অন্যান্য থানাও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা হবে এবং তাঁর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ চলবে বলে জানিয়েছেন সিপিএম যুবনেতা ৷