ETV Bharat / state

পানিহাটি উৎসবে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার 4

পানিহাটি উৎসবে যুবক খুনের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

PANIHATI UTSAV
পানিহাটি উৎসবে যুবককে পিটিয়ে খুনে গ্রেফতার 4 (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 2, 2026 at 8:42 PM IST

4 Min Read
Choose ETV Bharat

পানিহাটি, 2 জানুয়ারি: পানিহাটি উৎসব থেকে যুবককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যা ঘিরে কম জলঘোলা হয়নি । এই ঘটনার তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করল খড়দা থানার পুলিশ। ধৃতরা হল দীপ অধিকারী, দেবজিৎ দাস, শিবম দাস ও আকাশ নস্কর ৷ প্রত্যেকের বয়স 19 থেকে 22 বছরের মধ্যে ৷ ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত চার অভিযুক্তকেই শুক্রবার নিজেদের হেফাজতে চেয়ে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ।

এই বিষয়ে ব‍্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন, "এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি অপরাধীদেরও চিহ্নিত করা হচ্ছে। আশা করা যায়, শীঘ্রই তাদেরও গ্রেফতার করা সম্ভব হবে । অভিযুক্ত কাউকেই রেয়াত করা হবে না। আইনের ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে।"

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পানিহাটি উৎসবে বলিউড গায়কের গানের অনুষ্ঠানে নাচের সময় গন্ডগোল সূত্রপাত। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও অনুষ্ঠান শেষ হতেই তন্ময় সরকার (28) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে কয়েকজন। গণপিটুনিতে গুরুতর আহত হন ওই যুবক। তিন দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই পর শেষে মৃত্যু হয় তন্ময়ের। তাঁর মৃত্যু ঘিরে ইতিমধ্যে উৎসব কমিটির ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে । এত নিরাপত্তা, স্বেচ্ছাসেবক থাকা সত্ত্বেও কীভাবে একজন যুবককে কয়েকজন মিলে তুলে নিয়ে যেতে পারল, তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে। গেরুয়া শিবির সরাসরি এই মৃত্যুর দায় চাপিয়েছে শাসক দলের স্থানীয় বিধায়কের তত্ত্বাবধানে হওয়া পানিহাটি উৎসব কমিটির ঘাড়েই। যদিও দায় নিতে নারাজ উৎসব কমিটির কর্মকর্তারা । তাঁদের যুক্তি, যা ঘটেছে তা উৎসবের বাইরে।সেখানে কীভাবে কমিটির ঘাড়ে দায় চাপতে পারে ? পাল্টা প্রশ্ন তুলেছেন কমিটির লোকজন।

ঠিক কী ঘটেছিল পানিহাটি উৎসবে ?

গত 20 ডিসেম্বর থেকে সোদপুরের অমরাবতী মাঠে শুরু হয় পানিহাটি উৎসব। আর এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল 28 ডিসেম্বর বলিউড গায়ক অঙ্কিত তিওয়ারির গানের অনুষ্ঠান । সেই অনুষ্ঠান চলাকালীন নাচানাচি নিয়ে তন্ময়ের সঙ্গে বচসা বাঁধে কয়েকজন মদ‍্যপ যুবকের। সেই সময়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলে অভিযোগ। উপস্থিত দর্শকদের হস্তক্ষেপে সেই সময়ের মতো শান্ত হয় পরিস্থিতি ।

অভিযোগ, অনুষ্ঠানের পরে মাঠ থেকে একা বেরোচ্ছিলেন তন্ময়। সেই সময়ে তাঁকে একা পেয়ে একটি গলিতে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। রাস্তায় ফেলে তাঁকে পেটে লাথি, কিল, চড় মারা হয় বলে অভিযোগ। সেখান থেকে কোনও মতে বাড়ি পৌঁছন তন্ময়। রাতে তাঁর বমি শুরু হয়। প্রথমে তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে যুবককে প্রথমে কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং তার পরে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিন দিন পর সেখানেই মৃত্যু হয় যুবকের।

তন্ময়ের বাড়ি সোদপুরের ঘোলা অপূর্বনগর এলাকায় এই ঘটনায় খড়দা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নিহত যুবকের পরিবার । মৃত যুবকের পরিবারের দাবি, পানিহাটি উৎসবের মঞ্চের পিছন দিকের গলিতে জোর করে তন্ময়কে নিয়ে যায় যুবকেরা । তারপর রাস্তায় ফেলে 20 থেকে 22 জন তাঁর পেটে লাথি মারে।

অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ । সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই শুক্রবার ওই চার জনকে গ্রেফতার করে পুলিশ । এই ঘটনায় উৎসবের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে। যদিও পানিহাটির বিধায়ক তথা উৎসব কমিটির সভাপতি নির্মল ঘোষ দাবি করেন,মেলার মধ্যে কিছু হয়নি। মেলার বাইরে কিছু হলে সেই দায়িত্ব উৎসব কমিটির নয়।'

প্রসঙ্গত, এর আগেও পানিহাটি উৎসবে এক মহিলা পুলিশকর্মীকে হেনস্থার শিকার হতে হয়েছিল। সেই ঘটনায় যারা গ্রেফতার হয়, তাদের কয়েকজনকে এবার উৎসবের মঞ্চে সামনের সারিতে দেখা গিয়েছে । যা নিয়েও বিতর্কের শেষ নেই।