ETV Bharat / state

নাবালিকার যৌন নির্যাতন! উত্তরপাড়ায় গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ যুবক, শুরু রাজনৈতিক তরজা

বিজেপির দাবি, তৃণমূলের সঙ্গে আছে বলেই এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত৷ তৃণমূলের বক্তব্য, অভিযুক্তের সঙ্গে শাসক দলের কোনও যোগ নেই৷

MINOR GIRL SEXUAL ASSAULT
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 9, 2026 at 9:39 PM IST

4 Min Read
Choose ETV Bharat

উত্তরপাড়া (হুগলি), 9 জানুয়ারি: নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল হুগলির উত্তরপাড়ায়৷ বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে৷ রাতেই নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় উত্তরপাড়া থানায়৷ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতের নাম দীপঙ্কর অধিকারী৷ এছাড়াও এই ঘটনায় আরও দু’জনের নামে অভিযোগ দায়ের হয়েছে৷ পুলিশ তাদের সন্ধান করেছে৷

এই ঘটনার প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা৷ তাছাড়া এই ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনীতি৷ কারণ, অভিযুক্ত যুবক এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত৷ শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখাও গিয়েছে৷ তবে তৃণমূলের দাবি, দীপঙ্করের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই৷ শাসক দলের এই দাবি মানতে নারাজ বিজেপি৷ তাদের দাবি, তৃণমূলের সঙ্গে যুক্ত বলেই এই ধরনের কাজ করেছে দীপঙ্কর৷

Minor Girl Sexual Assault
হুগলির উত্তরপাড়ায় যৌন নির্যাতনের ঘটনাস্থল৷ (নিজস্ব ছবি)

নাবালিকাকে যৌন নির্যাতন

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার বয়স 16 বছর৷ বৃহস্পতিবার টিউশন শেষে সে বাড়ি ফিরছিল৷ তার সঙ্গে আরও দুই বন্ধু ছিল৷ তখন তাদের পথ আটকায় দীপঙ্কর অধিকারী৷ দীপঙ্করের সঙ্গে ছিল আরও দু’জন যুবক৷ প্রথমে ওই কিশোরী ও তার বন্ধুদের ছবি তোলার চেষ্টা করে দীপঙ্কর৷ প্রতিবাদ করলে নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেয় দীপঙ্কর৷ ওই কিশোরী ও তার বন্ধুদের জোর করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷

Minor Girl Sexual Assault
হুগলির উত্তরপাড়ায় যৌন নির্যাতনের ঘটনাস্থল৷ (নিজস্ব ছবি)

অভিযোগ, এর পর জোর করে স্থানীয় একটি পরিত্যক্ত কারখানায় ওই কিশোরীকে নিয়ে যায় দীপঙ্কর৷ সেখানেই তার উপর যৌন নির্যাতন চালায়৷ তার পর সেখান থেকে পালিয়ে যায় দীপঙ্কর৷ এর পর ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওই কিশোরী৷ তার মা ঘটনাস্থলে যান৷ সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি৷ পরে উত্তরপাড়া থানায় গিয়ে দীপঙ্কর ও তার সঙ্গে থাকা দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতা কিশোরী৷

Minor Girl Sexual Assault
হুগলির উত্তরপাড়ায় যৌন নির্যাতনের ঘটনাস্থল৷ (নিজস্ব ছবি)

অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ৷ শুরু হয় তদন্ত৷ বাড়ি থেকেই দীপঙ্করকে গ্রেফতার করে পুলিশ৷ যদিও বাকি দু’জনকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতেও নারাজ পুলিশের আধিকারিকরা৷

Minor Girl Sexual Assault
অভিযুক্ত দীপঙ্কর অধিকারী (লাল গোল করে চিহ্নিত) (নিজস্ব ছবি)

চন্দননগর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে নাবলিকা তার এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় গিয়েছিল। অভিযুক্তরা ওই বন্ধুকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সেই বন্ধুর খোঁজ করছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে যৌন নির্যাতন করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। পকসো ধারায় মামলা রুজু হয়েছে।

Minor Girl Sexual Assault
অভিযুক্ত দীপঙ্কর অধিকারী (লাল গোল করে চিহ্নিত) (নিজস্ব ছবি)

অভিযুক্তের রাজনৈতিক যোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপঙ্কর অধিকারী এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত৷ শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে অংশ নিতে দেখা যায়৷ তাঁর সঙ্গে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর ছবিও রয়েছে৷ এর আগে হিন্দমোটরোর এক মাছ ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে৷ সেই সময় তিনি নিজেকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন৷ সেই হুমকির অডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল৷

Minor Girl Sexual Assault
অভিযুক্ত দীপঙ্কর অধিকারী (লাল গোল করে চিহ্নিত) (নিজস্ব ছবি)

অভিযুক্তকে নিয়ে রাজনৈতিক তরজা

দীপঙ্কর অধিকারীর সঙ্গে শাসক দলের যোগাযোগ থাকা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে সরব হয়েছে বিজেপি৷ বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেন, ‘‘এরা তৃণমূল করে বলে মনে করেছে যা খুশি করব। ওদের দলের নেত্রী কাল ফাইল নিয়ে চলে এলেন। এইসব দেখেই তো পার পাচ্ছে নিচুতলার কর্মীরা। পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। গতকাল যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতার না-করলে আমরা আন্দোলনের পথে নামব।’’

Minor Girl Sexual Assault
অভিযুক্ত দীপঙ্কর অধিকারী (লাল গোল করে চিহ্নিত) (নিজস্ব ছবি)

যদিও দীপঙ্করের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে জানিয়েছেন হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী৷ তিনি জানান, ওই যুবক তৃণমূলের কোনও পদে নেই। দল তাকে কোনও পদ দেয়নি। তৃণমূলের কর্মীও নয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে আইন আইনের পথে চলবে।’’ শাসক দলের একাধিক নেতা-নেত্রীর সঙ্গে ছবি তোলা প্রসঙ্গে যুবনেত্রী বলেন, ‘‘ছবি যে কেউ তুলতে পারে। তবে কার মনে কি আছে, সেটা আমরা বুঝব কীভাবে?’’

আরও পড়ুন -

  1. চার বছরের শিশুকে যৌন নির্যাতন ! বিচারের দাবিতে বিক্ষোভ বিজেপির
  2. মেয়ের নাবালিকা বান্ধবীকে বারবার যৌন নির্যাতন, 20 বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের