অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা, সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক
'সাইবার প্রহার' নামে সাইবার অপরাধ দমনে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। তাতে বিভিন্ন জায়গায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করছে পুলিশ।

Published : September 3, 2026 at 2:42 PM IST
|Updated : September 3, 2026 at 2:50 PM IST
পুরুলিয়া, 3 সেপ্টেম্বর: সাইবার প্রতারণা মামলায় গ্রেফতার পুরুলিয়ার এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, প্রতারণার 82 লক্ষ টাকার মধ্যে 40 লক্ষ টাকা ঢুকেছিল পুরুলিয়ার বান্দোয়ান থানার ধাদকা গ্রামের বাসিন্দা শ্যামল বরণ সহিসের অ্যাকাউন্টে। তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই সাইবার প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ।
সাইবার প্রতারণার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্যামল ছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে দু'জন ঝাড়খণ্ডের বাসিন্দা। তারা পুরুলিয়া শহরে বাড়ি ভাড়া করে এই চক্র চালাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। এদিন তাদের পুরুলিয়া আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 'সাইবার প্রহার' নামে সাইবার অপরাধ দমনে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। তাতে বিভিন্ন জায়গায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করছে পুলিশ। পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় তেমনি দুটি মামলা রুজু করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ 217টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিছু এটিএম কাউন্টারকে চিহ্নিত করে। পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে হতবাক হয়ে যায় পুলিশ। শ্যামল বরণ সহিসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা জমা হয়েছে জানতে পারে পুলিশ। এরপর তাকে জেরা করে আরও পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছে পুরুলিয়া শহরের বাসিন্দা পেশায় বেসরকারি সংস্থার সিভিল ইঞ্জিনিয়ার অঙ্কিত সিং ও তার এক ভাই। এছাড়াও ঝাড়খণ্ডের দুই বাসিন্দা এবং পুরুলিয়ার পাড়া থানা এলাকার বাসিন্দা রকি বাউরি নামে এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।
পুরুলিয়া শহরে ঘরভাড়া নিয়ে এরা স্থানীয় যুবকদের প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও এটিএম কার্ড ভাড়া নিতেন বলেও জানতে পেরেছ পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "সাইবার প্রতারণায় জড়িত থাকার অভিযোগে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রে আর কারা জড়িত তাদেরও খোঁজ করা হচ্ছে।"

