রাতের কলকাতায় তরুণীকে শ্লীলতাহানি: গ্রেফতার যুবক, বাকিদের খোঁজে পুলিশ
নির্যাতিতা তরুণীর বয়ান অনুযায়ী, তিনজন যুবক ছিলেন গাড়িতে ৷ একজনকে গ্রেফতার করা হলেও পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে ৷

Published : November 30, 2025 at 1:57 PM IST
কলকাতা, 30 নভেম্বর: রাতের কলকাতায় তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির ঘটনায় এবার গ্রেফতার করা হল এক যুবককে ৷ ধৃতের নাম আলতাফ আলম । বয়স 24 বছর ।
পুলিশ জানিয়েছে, রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই তাঁকে শনাক্ত করা হয় এবং পরে তাঁকে গার্ডেনরিচ এলাকা থেকে শনিবার গভীর রাতে গ্রেফতার করে প্রগতি ময়দান থানার পুলিশ । আরও দু'জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায় ৷ তাঁদের ধরতেও তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ । কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "গোটা ঘটনার তদন্ত চলছে ৷"

লালবাজার সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার অর্থাৎ 28 নভেম্বর গভীর রাতে । অভিযোগকারী তরুণীর দাবি, শুক্রবার রাতে তিনি বাইপাসের ধারে দাঁড়িয়ে ছিলেন ৷ প্রগতি ময়দান থানা এলাকার একটি জায়গা থেকে তাঁকে জোর করে গাড়িতে তুলে নেন তিন যুবক । এরপর চলন্ত গাড়ির ভিতরেই শুরু হয় নির্যাতন, অশালীন স্পর্শ, কটূক্তি, গালিগালাজ, এমনকি ধস্তাধস্তিতে গোটা শরীর জুড়ে আঘাত পান তরুণী ।
অভিযোগ, শারীরিকভাবে নির্যাতনের পর ময়দান এলাকার কাছে তরুণীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা । তিনি রাস্তায় বসে কাঁদতে থাকেন ৷ সে সময় ময়দান এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশ অফিসারেরা । কাঁদতে থাকা ওই তরুণীকে দেখে তাঁরা তাঁর কাছে এগিয়ে আসেন এবং তাঁকে উদ্ধার করেন ।
তরুণীর থেকে ঘটনার কথা শুনে পুলিশ বুঝতে পারে ঘটনাটি ঘটেছে সায়েন্স সিটির কাছে পূর্ব তপসিয়া রোডের আম্বেদকর সেতুর কাছে ৷ তাই পুলিশ আধিকারিকরা তরুণীকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান প্রগতি ময়দান থানায় ৷ তারপর তরুণীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য । পরে তরুণীর বয়ান রেকর্ড করে শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ ।
তদন্তকারীরা ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন ৷ সেগুলি পরীক্ষা করে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করেন তদন্তকারীরা । এর ভিত্তিতেই গ্রেফতার করা হয় গাড়িতে থাকা এক যুবককে । বাকি দু'জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে । পুলিশ সূত্রে খবর, দ্রুত অভিযুক্তদের সকলকে গ্রেফতার করে ঘটনার পূর্ণ সত্য প্রকাশ করার চেষ্টা চলছে । তবে এই ঘটনার ফের শহরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । রাতের কলকাতায় এই ধরনের নির্যাতন রুখতে আরও কড়া নজরদারির দাবিও তোলা হচ্ছে ।

