ETV Bharat / state

আবার মহানন্দায় নৌকাডুবি, ফিরল 5 বছর আগের জগন্নাথপুর ঘাটের স্মৃতি

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে৷ তলিয়ে যান রানি সাহা নামে এক যুবতী৷ শনিবার তাঁর দেহ উদ্ধার হয়৷

Boat Capsize in Mahananda
মহানন্দার তীরে উদ্বিগ্ন বাসিন্দাদের ভিড় (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 8, 2025 at 6:10 PM IST

4 Min Read
Choose ETV Bharat

চাঁচল (মালদা), 8 নভেম্বর: 2019 সাল৷ দুর্গাপুজো চলছে৷ হঠাৎ রাতের অন্ধকারে চাঁচলের জগন্নাথপুর ঘাটের কাছে মহানন্দা নদীতে উলটে যায় যাত্রীবোঝাই নৌকা৷ মৃত্যু হয় 10 জনের৷ তাঁরা ছিলেন মালদা, উত্তর দিনাজপুর জেলা ও বিহারের বাসিন্দা৷ ওই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে৷ শুক্রবার গভীর রাতে সেই জগন্নাথপুর ঘাটের কাছেই ফের নৌকাডুবির ঘটনা ঘটেছে৷

নদীতে ডুবে এক মহিলার মৃত্যুও ঘটেছে৷ শনিবার তাঁর দেহ উদ্ধার করেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা৷ এই ঘটনায় জেলাবাসীর মনে পাঁচ বছর আগের স্মৃতি ফের ভেসে উঠেছে৷ বিষয়টি খতিয়ে দেখা যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন৷

আবার মহানন্দায় নৌকাডুবি, ফিরল 5 বছর আগের জগন্নাথপুর ঘাটের স্মৃতি (ইটিভি ভারত)

নিহত মহিলার নাম রানি সাহা৷ বয়স 30 বছর৷ বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মুকুন্দপুর গ্রামে৷ এই সময় চাঁচলের দইভাত্তা গ্রামে চলছে রাসমেলা৷ ইটাহার এলাকার অনেকেই মহানন্দা নদী পেরিয়ে সেই মেলা দেখতে আসেন৷ গতকাল, শুক্রবার বিকেলে স্বামী আর ছেলেকে নিয়ে রানিও মেলা দেখতে এসেছিলেন৷ মেলা দেখতে দেখতে রাত 11টা বেজে যায়৷ সেই সময় রানির স্বামী সন্টু সাহা স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন৷ ফেরার সময় একটি ডিঙি নৌকা জুটে যায়৷ তাঁরা তিনজন সেই নৌকায় উঠে বসেন৷

জগন্নাথপুর ঘাট থেকে নৌকা মাঝনদীতে পৌঁছোলে হঠাৎ জলের তোড়ে নৌকা ডুবে যায়৷ তিন পুরুষ সওয়ারি সাঁতরে পাড়ে উঠতে পারলেও নদীতে তলিয়ে যান রানি৷ রাতে তাঁকে আর উদ্ধার করা যায়নি৷ খবর পেয়ে এদিন সকাল থেকে তাঁর খোঁজে নদীতে তল্লাশি চালাতে শুরু করেন সিভিল ডিফেন্সের কর্মীরা৷ অবশেষে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ৷

এই ঘটনার জন্য প্রশাসনকেই দায়ী করছেন স্থানীয় লোকজন৷ এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “গত 5 তারিখ থেকে পাশের দইভাত্তা গ্রামে রাস উৎসব শুরু হয়েছে৷ সেই উৎসব দেখতে গতকাল সন্ধের সময় ইটাহার থানার মুকুন্দপুরের বেশ কিছু বাসিন্দা এখানে এসেছিলেন৷ মৃত মহিলাও মুকুন্দপুরের বাসিন্দা৷ রাত 11টা নাগাদ ছোট ডিঙি নৌকা চেপে বাড়ি ফিরছিলেন৷ ওই নৌকায় দুই পুরুষ যাত্রীও ছিলেন৷ মাঝনদীতে ডিঙি নৌকাটি উলটে যায়৷ সবাই জলে পড়ে যান৷ রানি সাহা নামে মৃত মহিলা সাঁতার জানতেন না৷ বাকি দু’জন অবশ্য সাঁতরে পাড়ে উঠে যান৷”

Boat Capsize in Mahananda
মহানন্দার তীরে উদ্বিগ্ন বাসিন্দাদের ভিড় (নিজস্ব ছবি)

বিশ্বজিৎ আরও বলেন, “2019 সালের নৌকাডুবির পর থেকে জগন্নাথপুর ঘাট বন্ধ রয়েছে৷ কিন্তু প্রশাসনের সেই নির্দেশ উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে যাত্রী নিয়ে নৌকা চলাচল করছে৷ বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে৷ আমি নিজে মহকুমাশাসকের সঙ্গে কথা বলেছি৷ এমনকী, জেলাশাসককে চিঠিও দিয়েছি৷ জেলাশাসক বিষয়টি দেখার জন্য চাঁচলের মহকুমাশাসককে নির্দেশ দিয়েছিলেন৷ কিন্তু মহকুমাশাসক কোনও পদক্ষেপ করেননি৷ প্রশাসনের ব্যর্থতার জন্যই ফের একটি প্রাণ গেল৷ 2019 সালের নৌকাডুবিতে আমরা দশটি মৃতদেহ উদ্ধার করতে পেরেছিলাম৷ সেই সময় প্রায় 30 জনের মৃত্যু হয়েছিল৷ সেই ঘটনার পর প্রশাসন এখানকার খেয়াঘাট বন্ধ করে দেয়৷”

তাঁর কথায়, “বর্তমানে ওপার আর এপারের লোকজন নিয়মিত নৌকায় মহানন্দা পেরিয়ে যাতায়াত করে৷ কৃষিকাজ আর ব্যবসার জন্য তাদের এভাবে যাতায়াত করতে হয়৷ ওপারে দুধের ভালো ব্যবসা হয়৷ ওপারের লোকজন কৃষিকাজের জন্য এপারে আসে৷ আমন ধান কাটার মরশুম চলে আসছে৷ তখন অনেক শ্রমিক ওপার থেকে এপারে আসবেন৷ আমরা চাই, প্রশাসন হয় নিজেরা এখানে জেটির তৈরি করে নিজেদের লোক মারফৎ পারাপারের ব্যবস্থা করুক অথবা এখানে একটি ব্রিজ তৈরি করা হোক৷ কারণ, প্রতিবার এমন ঘটনা আমরা মানব না৷ প্রশাসন এটা না করলে আমরা বড়সড় আন্দোলন শুরু করব৷”

চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ৷” অন্যদিকে, চাঁচলের মহকুমাশাসক ঋত্বিক হাজরা সংবাদমাধ্যমকে বলেন, “পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ প্রশাসনিক নির্দেশিকা উপেক্ষা করে সেখানে কীভাবে খেয়ানৌকা চলাচল করছে তা নিয়ে তদন্ত চলছে৷ খুব দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে৷”

আরও পড়ুন -