ETV Bharat / state

ভোটের আগে কলকাতায় ফের শুটআউট, তিলজলায় ব্যবসায়ীকে 3 রাউন্ড গুলি

গুলিবিদ্ধ ব্যবসায়ী যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে । বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে ।

shootout at tiljala
প্রতীকী চিত্র (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 24, 2026 at 12:17 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 24 ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচন ৷ তার প্রাক্কালে শহরে ফের শুটআউটের ঘটনা ঘটল । সোমবার গভীর রাতে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর প্রায় তিন রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ । গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ নিয়াজ (25) ৷ ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় । অভিযোগ, এর কিছুক্ষণ পরই তাঁকে লক্ষ্য করে পরপর প্রায় তিন রাউন্ড গুলি চালানো হয় । আর তাতেই জখন হয় ওই যুবক ৷ এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে ।

shootout at tiljala
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (নিজস্ব ছবি)

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত চলছে । দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।"

গোলপার্কের পর এবার তিলজলা রোডের গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে । জখম যুবকের পরিবারের অভিযোগের তির স্থানীয় দুষ্কৃতী হিসেবে পরিচিত মহম্মদ সলমনের দিকে । নিয়াজের পরিবারের দাবি, রাত প্রায় 1টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে । এরপর আহত যুবককে হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বেনিয়াপুকুর থানায় সলমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে যান । তবে পরিবার দাবি করেছে, প্রথমে পুলিশ অভিযোগ নিতে অনীহা দেখায় এবং পরবর্তী সময়ে অভিযোগ নিলেও তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় ।

যদিও এই অভিযোগ প্রসঙ্গে কলকাতা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি । স্থানীয়দের দাবি, মহম্মদ সলমনের বিরুদ্ধে আগেও একাধিক তোলাবাজি, মারধর ও হুমকির অভিযোগ রয়েছে । এলাকায় অস্থায়ী ও স্থায়ী দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে । বাসিন্দাদের কথায়, আগের অভিযোগগুলিতে যদি পুলিশ কড়া পদক্ষেপ করত, তা হলে এ ধরনের ঘটনা এড়ানো যেত ।

উল্লেখ্য, এর আগে রবীন্দ্র সরোবর থানা এলাকার গোলপার্কে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলার ঘটনা ঘটে । সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হন । অভিযোগের কেন্দ্রে উঠে আসে সোনা পাপ্পু নামে এক ব্যক্তির নাম । প্রায় এক মাস কেটে গেলেও তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর । যদিও সামাজিক মাধ্যমে তাঁকে সক্রিয় দেখা গিয়েছে বলে দাবি স্থানীয়দের । যে কোনও দিনই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে । নির্বাচন কমিশনের বৈঠকের আবহে শহরে পরপর গুলির ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।