ETV Bharat / state

টাকাপয়সা সংক্রান্ত লেনদেনের জের, যুবককে পিটিয়ে গুলি করে হত‍্যা !

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাঁশবাগান থেকে 25 বছরের ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটে ।

Basirhat murder case
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 7, 2025 at 4:55 PM IST

4 Min Read
Choose ETV Bharat

বসিরহাট, 7 ডিসেম্বর: টাকাপয়সা সংক্রান্ত লেনদেনের জেরে যুবককে পিটিয়ে গুলি করে হত‍্যার অভিযোগ উঠল । বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি বাঁশবাগানের ভিতরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । মৃত যুবকের নাম আসাদুল মণ্ডল ৷ ঘটনার জেরে রবিবার তীব্র উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার বসিরহাটের ফতুরাটি গ্রামে ।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত আমির আলি মণ্ডলের দোকানে ব‍্যাপক ভাঙচুর চালায় । এমনকি, দোকানের কাঠের জিনিসপত্র বাইরে এনে তাতে আগুনও ধরিয়ে দেওয়া হয় । পরে, বসিরহাট থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয় । খুনের ঘটনায় ইতিমধ্যেই আমির আলি মণ্ডল-সহ আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

যুবককে পিটিয়ে গুলি করে হত‍্যা ! (নিজস্ব ভিডিয়ো)

বসিরহাট জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, "প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুনের নেপথ্যে টাকাপয়সা সংক্রান্ত কোনও বিবাদ রয়েছে । এর পিছনে অন‍্য কোনও কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে । দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট এলে কীভাবে ওই যুবককে খুন করা হয়েছে তা স্পষ্ট হবে । খুনের ঘটনায় মূল অভিযুক্ত আমির আলি মণ্ডল-সহ মোট তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে । গ্রামে উত্তেজনা থাকলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ।"

Basirhat murder case
যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার (নিজস্ব ছবি)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত বছর 25-এর ওই যুবকের বাড়িতে বৃদ্ধ বাবা-মা ছাড়াও স্ত্রী এবং শিশু সন্তান রয়েছে । আসাদুল একটি ঋণ প্রদানকারী সংস্থায় কাজ করতেন । সেই সুবাদে গ্রামের বহু মানুষকে স্বল্প সুদে তিনি ঋণের ব্যবস্থা করে দিয়েছিলেন । প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় কাজে যেতেন যুবক । কাজ থেকে আবার রাতে বাড়িও ফিরে আসতেন । শনিবার তা হয়নি ।

Basirhat murder case
অভিযুক্তের দোকানের জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় (নিজস্ব ছবি)

কাজ থেকে রাতে বাড়ি ফিরে না-আসায় ওই যুবকের দুশ্চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে পড়েন পরিবারের লোকজন । মোবাইলে ফোন করে যোগাযোগের চেষ্টাও হয় । কিন্ত তাঁর মোবাইল 'সুইচড অফ' থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি । রাতভর দুশ্চিন্তার মধ্যেই রবিবার সকালে দুঃসংবাদ আসে ওই যুবকের বাড়িতে । স্থানীয় থানার পুলিশ এসে তাঁর পরিবারকে জানায়, আসাদুলের দেহ উদ্ধার হয়েছে । তখনই তাঁদের যেতে হবে বসিরহাট মহকুমা হাসপাতালে । এর পরেই সেখানে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান, ট্রলিতে শোয়ানো আসাদুলের নিথর দেহ । গলায় রয়েছে গুলি করার চিহ্নও ।

Basirhat murder case
যুবককে পিটিয়ে গুলি করে হত‍্যার অভিযোগ (নিজস্ব ছবি)

পরিবারের এক সদস্য বলেন, "আসাদুলের মুখের একদিকে ছিল চাপ চাপ রক্ত । এছাড়াও ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করে মাথার সামনের অংশ ফাটিয়ে দেওয়া হয়েছে । এমনকি গুলিও করা হয়েছে । সেই গুলি গলা ভেদ করে বাইরে বেরিয়ে গিয়েছে স্পষ্ট দেখা যাচ্ছে । এ দৃশ্য দেখার মতো নয় ।"

এদিকে, ছেলেকে গুলি করে হত‍্যার ঘটনা জানার পর থেকেই অঝোরে কেঁদে চলেছেন আসাদুলের বৃদ্ধ মা রেহেনা খাতুন । তিনি বলেন, "আমার ছেলের মতো ছেলে হয় না । গ্রামের সকলেই জানে এরকম নিরীহ ছেলে আর একজনও হবে না । কেন ও'কে এভাবে খুন করল তা জানি না । আমার খোকা আর বাড়ি ফিরবে না । কীভাবে বাড়ি ফিরবে ? ও'কে তো আমির আলি মেরে ফেলেছে । আমি ও'র কঠোর শাস্তি চাই । যেন আর কোনও দিন পরিবারের মুখ দেখতে না পায় ।"

মহম্মদ ইছাক আলি মণ্ডল নামে এক গ্রামবাসী বলেন, "আমির মণ্ডলের বিরুদ্ধে আগেও তাঁর মাকে হত্যা করার অভিযোগ উঠেছিল । ও'র মতো খারাপ ছেলে গ্রামে আর কেউ নেই । বিভিন্ন লোকের কাছ থেকে ধারদেনা করা আমিরের স্বভাব । সেই ধারের টাকা চাইতে গেলে লোকের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, মারধর করে ভাগিয়ে দেয় । আমাদের সন্দেহ আসাদুলের কাছ থেকেও আমির লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিল । সেই ঋণের টাকা যাতে দিতে না হয়, সে-ই পরিকল্পনা করে নিরীহ আসাদুলকে খুন করেছে । আমরা এর ন‍্যায় বিচার চাই ।"

অন‍্যদিকে, ঋণের টাকা মেটানো নিয়ে কয়েকদিন আগে আসাদুল মণ্ডলের সঙ্গে স্থানীয় কয়েকজনের ঝামেলা হয় বলে খবর স্থানীয় সূত্রে । তার জেরেই যুবককে খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন বাসিন্দাদের একাংশ । সম্ভাব্য সমস্ত দিকই খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ ।