ETV Bharat / state

রাজ্যজুড়ে হাড় কাঁপানো শীত, জারি ঘন কুয়াশার হলুদ সতর্কতা

বছর শেষের সপ্তাহে হাড় কাঁপানো শীতে কাবু রাজ্যবাসী ৷ সেই সঙ্গে ঘন কুয়াশার দাপট ৷ কী বলছে আলিপুর আবহাওয়া দফতর ?

WEST BENGAL WEATHER FORECAST
ঘন কুয়াশার সতর্কতা রাজ্যজুড়ে (ফাইল ছবি, পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 29, 2025 at 7:36 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 29 ডিসেম্বর: বছর শেষে বঙ্গজুড়ে শীতের দাপট ! উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ঠান্ডায় কাবু সকলে ৷ এই আবহে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পশ্চিম বর্ধমান এবং দুই 24 পরগনা এবং উত্তরবঙ্গের 8টি জেলায় থাকবে কুয়াশার দাপট । দৃশ্যমানতা কমতে পারে 200 মিটারের নীচে ৷

নতুন বছর শুরু হতে আর মাত্র 3 দিন বাকি ৷ বর্ষশেষের সপ্তাহে জাঁকিয়ে শীত ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা অল্প হলেও স্বাভাবিকের থেকে বাড়বে । গত 3 দিন দক্ষিণবঙ্গে পারদ 12-13 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে । রবিবার তা 14 ডিগ্রির ঘরে পৌঁছয়, স্বাভাবিকের থেকে যা সামান্য বেশি । দক্ষিণবঙ্গে আপাতত এমনই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা ৷

সোমবারের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ পরিষ্কার থাকবে । সঙ্গে থাকবে কুয়াশার দাপট । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 এবং 13 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

দক্ষিণবঙ্গে শীতের কামড়

হাওয়া অফিসের মতে, দক্ষিণবঙ্গের তাপমাত্রার বৃদ্ধি পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে । তবে, শীতের আমেজ থাকবে যথেষ্ট । যদিও বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ নতুন বছরের শুরুতে 2-3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা । গাঙ্গেয় বঙ্গের তুলনায় পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব থাকবে তুলনামূলক বেশি ।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ 7 থেকে 10 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । সেই সঙ্গে চলবে কুয়াশার দাপট ৷ দৃশ্যমানতা 200 মিটারের নীচে নেমে আসার সম্ভাবনা তৈরি হওয়ায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । রবিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল বাঁকুড়া ৷ জেলার তাপমাত্রা ছিল 9.3 ডিগ্রি সেলসিয়াস ।

উত্তরের শীত

উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় উল্টো । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকার সম্ভাবনা রয়েছে । সমতলে সর্বনিম্ন তাপমাত্রা 9-12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে । উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 4-6 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।

রবিবার উত্তরবঙ্গের সমতলে শীতলতম স্থান ছিল আলিপুরদুয়ার ৷ এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছিল । দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল 4.2 ডিগ্রি সেলসিয়াস । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে । নতুন বছরের প্রথম দু'দিনেও তুষারপাত বা বৃষ্টি হতে পারে শৈলশহরে । সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট ৷ সুতরাং, নতুন বছর শুরুর আগে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের দাপট চলবে ।

রবিবারের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 0.2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বনিম্ন 58 এবং সর্বোচ্চ 89 শতাংশ ।

পড়ুন: বছরের শেষ সোমবারে মহেশ্বরের অশেষ কৃপা, এই রাশির আজ ঘটবে অনেককিছু