ETV Bharat / state

একাধিক বিধিনিষেধ মেনে শুরু SSC গ্রুপ-সি পরীক্ষা, অংশ নিয়েছেন ভিন রাজ্যের বাসিন্দারাও

নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে । সেগুলো মেনেই কেন্দ্রে ঢুকেছেন পরীক্ষার্থীরা ৷

SSC exam
আজ এসএসসি গ্রুপ-সি পরীক্ষা রাজ্যে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 1, 2026 at 11:08 AM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 1 মার্চ: দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার অর্থাৎ 1 মার্চ রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা । এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ ও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসায় পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বাড়তি সতর্কতা নিয়েছে এসএসসি । স্কুল-কলেজে আধাসেনা মোতায়েনের সম্ভাবনা থাকলেও, পরীক্ষাকেন্দ্রে যাতে কোনও ভাবেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি না থাকে, সে বিষয়ে প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে ।

নিয়ম মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ

নিয়ম মেনেই সকলেই সকাল 10টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছেন । অধিকাংশ পরীক্ষার্থীর পায়েই ছিল হাওয়াই চটি । আবার অনেকেই অন্যরকম জুতো পড়ে এসেছেন । তাঁরা সকলেই জুতো বাইরে খুলে খালি পায়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেছেন । এর পাশাপশি অনেকেই আশপাশ থেকে জুতো কিনে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছেন । এছাড়াও পেন, জলের বোতল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ৷ যদি জলের বোতল স্বচ্ছ হয় তবেই । পাশাপশি বোর্ড বা পরীক্ষার ক্ষেত্রে যাবতীয় প্রয়োজনীয়ও জিনিস স্বচ্ছ হলেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুমতি মিলেছে ।

SSC exam
পরীক্ষার্থীর পায়ে হাওয়াই চটি (নিজস্ব ছবি)

পরীক্ষার্থীদের কথা

দমদম ক্যান্টনমেন্ট থেকে আসা পায়েল বোস এবার প্রথম এসএসসি পরীক্ষা দিচ্ছেন । চাকরি পাবেন ভরসা রাখতে পারছেন না তবুও পরীক্ষা দিচ্ছেন । তিনি বলেন, "আমাদের তরফ থেকে ত্রুটি কোনও থাকছে না ৷ সরকারের তরফ থেকে ত্রুটিতে আমাদেরকে সাফার করতে হচ্ছে । এমএ, বিএড পাশ করে হোম টিউশন দিচ্ছি বা প্রাইভেটে স্কুলে চার-পাঁচ হাজার টাকার চাকরি করতে হচ্ছে ৷ যোগ্যতা থাকার পরেও সরকারের জন্য ভুক্তভোগী হতে হচ্ছে আমাদের । আমরা যোগ্য প্রার্থী হয়ে চাকরি পাচ্ছি না ।"

গ্রুপ-সির পরীক্ষাতেও বাইরের রাজ্য থেকে পরীক্ষার্থীরা এসেছে । বিহার থেকে আগত বহু পরীক্ষার্থীদের মধ্যে একজন হলেন বিকাশ কুমার । তিনি বলেন, "এর আগে 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম বিহারে ৷ কিন্তু সেখানে পাশ করতে পারেনি ৷ তাই এখানে হচ্ছে বলে পরীক্ষা দিতে এসেছি ।"

আঁটোসাঁটো নিরাপত্তা

এদিনের পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই রাজ্যের ডিজি ও পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে এসএসসি । শনিবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "পরীক্ষার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার কড়া ব্যবস্থা রাখা হয়েছে । পরীক্ষার্থীদের যাবতীয় তল্লাশি নির্বিঘ্ন করার জন্য পরীক্ষা শুরুর অন্তত দু'ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে ।"

SSC exam
10টা থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন সকলে (নিজস্ব ছবি)

পরীক্ষার্থীর সংখ্যা

এসএসসি সূত্রের খবর, রবিবার রাজ্যজুড়ে 1,693টি কেন্দ্রে গ্রুপ-সি পরীক্ষা নেওয়া হবে । এই পরীক্ষার জন্য আবেদন করেছেন প্রায় 8 লক্ষ 4 হাজার প্রার্থী, যেখানে শূন্যপদের সংখ্যা 2,989 জন । অন্যদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে আগামী 8 মার্চ অনুষ্ঠিত হবে গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা । গ্রুপ-ডি পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে প্রায় 8 লক্ষ 9 হাজার । গ্রুপ-সি ও গ্রুপ-ডি, দুই পরীক্ষার জন্য মিলিয়ে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা প্রায় 3,400টি ।

পরীক্ষার বিধিনিষেধ

নিরাপত্তার স্বার্থে পরীক্ষার্থীদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে । বুট বা বন্ধ জুতো পরে আসা যাবে না ৷ চপ্পল বা হাওয়াই চটি পরেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে । মোবাইল ফোন, ক্যালকুলেটর-সহ কোনও ইলেকট্রনিক গ্যাজেট, গয়না বা অতিরিক্ত সামগ্রী বহন নিষিদ্ধ । শুধুমাত্র অ্যাডমিট কার্ড, স্বচ্ছ জলের বোতল ও কলম সঙ্গে রাখা যাবে ।

পরীক্ষা শুরুর সময়

গ্রুপ-সি ও গ্রুপ-ডি, দু'টি পরীক্ষাই শুরু হবে বেলা 12টা থেকে । পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে এবং বেলা 11টা 45 মিনিটের পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না । প্রতিটি কেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা থাকবে । পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কাউকে কক্ষের বাইরে বেরোতে দেওয়া হবে না ।

বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা রাইটার বা প্রতিলিপিকার নিয়ে পরীক্ষায় বসতে পারবেন । সেক্ষেত্রে তাঁদের অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে । গ্রুপ-সি পরীক্ষার পূর্ণমান 60 এবং পরীক্ষা শেষ হবে দুপুর 1টা 50 মিনিটে । অন্যদিকে, গ্রুপ-ডি পরীক্ষার পূর্ণমান 40 ।