ETV Bharat / state

রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমকে তুলে ধরতেই তৈরি 'নেচার' রাখি, ভারত-বাংলাদেশ সীমান্তে অভিনব উদ্যোগ

রাখি পূর্ণিমাকে সামনে রেখে অভিনব ভাবনা সীমান্তবর্তী মহিলাদের ৷ গাছের পাতা-কলা গাছের কাণ্ড-ধানের শিষ- কুমড়োর বীজ-শসার বীজ এমনকী পোস্তর খোসা রাখির-ই এখন চাহিদা।

RAKHI BANDHAN 2026
নেচার রাখি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 28, 2026 at 12:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কৃষ্ণগঞ্জ, 28 অগস্ট: এমন রাখি কি কোনওদিন দেখেছেন ? গাছের পাতা, কলাগাছের কাণ্ড, কচুরিপানা, ধানের শিষ, এমনকি কুমড়োর বীজ, শসার বীজ আর পোস্তার খোসা দিয়ে তৈরি হয়েছে রাখি ! অভিনব রাখি তৈরি করেই ফি-বছর নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে চলেছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷

কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতি বছরের মতো এবারও নতুন রাখির সম্ভার নিয়ে হাজির হন বাজারে। তবে এবারের রাখিতে রয়েছে আরও বড় চমক ৷ প্রকৃতিকে ভালো রাখার বার্তা নিয়েই এবার তাঁরা রাখি তৈরি করেছেন ।

গাছের পাতা-কলা গাছের কাণ্ড-ধানের শিষ- কুমড়োর বীজ-শসার বীজ এমনকী পোস্তর খোসা রাখির-ই এখন চাহিদা (ইটিভি ভারত)

শান্তিপুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত ৷ সেখানকার মহিলারা কলা গাছ, বট গাছ, অশ্বত্থ গাছের পাতা ও কাণ্ডের মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি হয়েছে অভিনব রাখি। পাশাপাশি, রয়েছে উলের তৈরি রাখিও। আর এই রাখি যে শুধু দেখতে অভিনব, তা নয়... দামও রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যেই। মাত্র 5, 10 এবং 20 টাকায় মিলছে এই রাখিগুলি ৷ তবে এখানেই শেষ নয় ৷

RAKHI BANDHAN 2026
রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমকে তুলে ধরতেই 'নেচার' রাখি তৈরি (ইটিভি ভারত)

সমবায় সমিতির সভাপতি শুভদীপ চৌধুরী বলেন, "ধন্যবাদ জানাই আমার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের। তাঁরা প্রতিবছরই নতুনত্ব কিছু করার চেষ্টা করেন। এবছর তাঁরা প্রকৃতিকে ব্যবহার করে রাখি তৈরি করেছেন। ইতিমধ্যেই এই রাখির যথেষ্ট সাড়া ফেলেছে।"

আগের বছরগুলিতে তৈরি রাখির সংগ্রহও রয়েছে তাঁদের কাছে ৷ পাট, কাঠের গুঁড়ো, কচুরিপানা, ধান, কাপড় এবং তালপাতা দিয়ে তৈরি হয়েছে একাধিক ধরনের রাখি। এমনকী কুমড়োর বীজ, শসার বীজ, পোস্তার খোসা এবং ভুট্টার খোসাকেও কাজে লাগিয়ে তৈরি হয়েছে রাখি। যে জিনিসগুলি হয়তো আমাদের চোখে ফেলনা, সেই জিনিসগুলিই তাঁদের হাতে হয়ে উঠছে সুন্দর এবং পরিবেশবান্ধব রাখি। আর সেই কারণেই এই রাখির চাহিদাও ক্রমশ বাড়ছে। নদিয়া জেলা পেরিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের দোকানেও পৌঁছে গিয়েছে এই পরিবেশবান্ধব রাখি।

RAKHI BANDHAN 2026
রাখি পূর্ণিমাকে সামনে রেখে অভিনব ভাবনা সীমান্তবর্তী মহিলাদের (ইটিভি ভারত)

তবে এই উদ্যোগের পিছনে রয়েছে আরও একটি বিশেষ ভাবনা। মানুষের মনে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম এবং তাঁর ভাবনাকে নতুন করে তুলে ধরাই স্বনির্ভর গোষ্ঠীর অন্যতম লক্ষ্য। আর সেই প্রকৃতির উপকরণ দিয়েই এবার মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ভালোবাসার বন্ধন।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য প্রিয়া মণ্ডল বলেন, "আমরা প্রতিবছরই নতুনত্ব কিছু করার চেষ্টা করি। এবছরও নতুনত্ব ভাবনার সঙ্গে গাছের পাতা ব্যবহার করেছি। এখন সোশাল মিডিয়ার যুগে প্রতিটি মানুষ নতুনত্ব কিছু খোঁজে। এই রাখির চাহিদা ব্যাপক পরিমাণে বাড়ছে। দামের ক্ষেত্রেও আমরা সাধারণ মানুষের দিকে মাথায় রেখে নজর দিয়েছি।"

এবিষয়ে সমবায় সমিতির পরিদর্শক আশিস পাল বলেন, "ধন্যবাদ জানাচ্ছি স্বনির্ভর গোষ্ঠীর সকল সদস্যদের। তাঁরা এই প্রথম নয় প্রতি বছরই অভিনব ভাবনা নিয়ে আসেন। এবছরে তাঁরা প্রকৃতির বিভিন্ন দ্রব্য দিয়ে রাখি তৈরি করছে।"