ETV Bharat / state

হরিদেবপুরে শুটআউট ! পরকীয়ার জেরে গুলি গৃহবধূকে ?

অভিযুক্ত আক্রান্ত মহিলার প্রতিবেশী ৷ তিনি পলাতক রয়েছেন ৷ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে বধূ ৷

shootout at Haridevpur
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 3, 2025 at 12:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 নভেম্বর: সাতসকালে শহরে শুটআউট । দক্ষিণ কলকাতার হরিদেবপুরে কালিপদ মুখার্জী রোডে পঞ্চাশোর্ধ্ব মহিলাকে লক্ষ্য করে গুলি । পিঠে গুলি লাগায় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷ গুলিবিদ্ধ মহিলার নাম মৌসুমী হালদার ৷

পুলিশের প্রাথমিক অনুমান, এই শুটআউটের নেপথ্যে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েন । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গোটা ঘটনার তদন্তে নেমেছি । এখনই কিছু স্পষ্টভাবে বলার জায়গা নেই ৷"

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম বাবু । তিনি আক্রান্ত মহিলার প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । স্থানীয়দের দাবি, প্রায় পাঁচ বছর আগে বাবুর স্ত্রী মারা যান । তারপর থেকেই মৌসুমীর সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় । মৌসুমীও বিবাহিতা, এক সন্তানের মা । বাবুরও একটি মেয়ে রয়েছে । প্রতিবেশীদের অনেকেই জানান, দুই পরিবারের অজান্তে নাকি তাঁরা গোপনে বিয়েও করেছিলেন ৷ যদিও সে বিষয়ে কেউ নিশ্চিত নন ।

গত কয়েকমাস ধরেই মৌসুমী ও বাবুর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে বলে জানা গিয়েছে । পুলিশ সূত্রে খবর, মৌসুমী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন । কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, দু'জনেরই সন্তান বড় হয়েছে এবং এই সম্পর্ক আর সমাজের চোখে গ্রহণযোগ্য নয় । সেই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হন বাবু ।

shootout at Haridevpur
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (নিজস্ব ছবি)

প্রতিবেশীদের বক্তব্য, সম্প্রতি তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া ও তর্ক বিতর্কের চলত । সোমবার সকালে মৌসুমী হালদার যখন বাড়ির কাছেই মর্নিংওয়াকে যাচ্ছিলেন, তখনই হঠাৎ পিছন থেকে তাঁকে লক্ষ্য করে বাবু গুলি চালান বলে অভিযোগ । গুলি লাগে মহিলার পিঠে । আশঙ্কাজনক অবস্থায় মৌসুমীকে উদ্ধার করে দ্রুত এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁর অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় । গুলিবিদ্ধ মহিলার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ।

পুলিশের ধারণা, প্রতিশোধস্পৃহা থেকেই এই হামলা চালিয়েছেন বাবু । ঘটনার পর থেকেই তিনি পলাতক । তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান । এলাকাজুড়ে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে । স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, "এলাকায় এমন ঘটনা আমরা কোনওদিন দেখিনি । সকালবেলায় গুলির শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ি ।"

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে । আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল । তদন্তকারীরা মনে করছেন, অভিযুক্তকে গ্রেফতার করা গেলে গোটা ঘটনার রহস্য অনেকটাই উন্মোচিত হবে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করতে বিশেষ দল গঠন করা হয়েছে । আপাতত মৌসুমী হালদারের প্রাণ বাঁচানোই চিকিৎসকদের কাছে প্রধান লক্ষ্য । তবে এই শুটআউটের ঘটনা শহরবাসীর মনে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ।