ETV Bharat / state

খেতে বসতেই ধারাল অস্ত্রের কোপ, সম্পত্তির লোভে স্বামীকে খুন স্ত্রীর !

কয়েকদিন ধরে মহালে শ্বশুরবাড়িতেই ছিলেন ওই ব্যক্তি । সেখানেই ঘটে এই নৃশংস ঘটনা ৷

murder in Pandaveswar
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 31, 2026 at 5:02 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 31 অগস্ট: রাতের খাবার তখনও শেষ হয়নি । তার মধ্যেই ভয়ঙ্কর ঘটনা । পর পর ধারাল অস্ত্রের কোপ ব্যক্তিকে ৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ সম্পত্তির লোভে স্বামীকে খুন করানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার পাণ্ডবেশ্বরের মহাল এলাকায় ৷

মৃতের নাম শেখ হাসমত ৷ বয়স 44 বছর । কর্মসূত্রে বীরভূমে থাকতেন তিনি । পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে মহালে শ্বশুরবাড়িতেই ছিলেন হাসমত । অভিযোগ, রবিবার রাতে খেতে বসার সময়ই তাঁর উপর আচমকা হামলা হয় । হাতুড়ি, শাবল ও রড দিয়ে এই হামলা চালানো হয় বলে অভিযোগ । এরপর হাসমতকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

খেতে বসতেই ধারাল অস্ত্রের কোপ, সম্পত্তির লোভে স্বামীকে খুন স্ত্রীর ! (ইটিভি ভারত)

মৃতের পরিবারের দাবি, শেখ হাসমতের স্ত্রীর কথামতো তাঁর ভাই এই হামলা চালান । ঘটনার পরই বিদ্যুৎগতিতে এই খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে । চাঞ্চল্য ছড়ায় মহল এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনায় নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

নাম প্রকাশে অনিচ্ছুক আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, "নিহতের পরিবার মৌখিকভাবে খুনের অভিযোগ করেছে ৷ তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে কোনও কিছুই পুলিশের কাছে জানায়নি । ঘটনাস্থল থেকে কিছু জিনিস উদ্ধার হয়েছে ঠিক কথা । ময়নাতদন্তের জন্য আসানসোলে পাঠানো হয়েছে দেহ । ময়নাতদন্তে রিপোর্ট পেলেই জানা যাবে মৃত্যুর আসল কারণ ।"

murder in Pandaveswar
নিহত শেখ হাসমত (ইটিভি ভারত)

এদিকে ভাইয়ের মৃত্যুর জন্য তাঁর বউকেই কাঠগড়ায় তুলেছেন মৃতের দাদা শেখ মিলন ৷ তিনি বলেন, "আমার ভাই ভাত খাচ্ছিল । তখনই ওর শ্যালকরা এবং স্ত্রী ভাইয়ের উপর ধারাল জিনিসপত্র নিয়ে হামলা চালায় । বেলচা, কোদাল, শাবল থেকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করা হয় ভাইকে । আশঙ্কাজনক অবস্থায় ভাইকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের মৃত্যু হয়েছে । আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি চাইছি ।"

এই ঘটনায় একেবারে থমথমে পরিবেশ তৈরি হয়েছে পাণ্ডবেশ্বর থানার মহাল এলাকায় । সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে এই ধরনের ঘটনা মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশীরা ৷