আগেও নোংরামো করেছে! বিস্ফোরক বারুইপুর এনকাউন্টারে মৃতের স্ত্রী, তদন্তে খুশি নির্যাতিতার বাবা
তিনি আরও জানান, পুলিশ মৃতদেহ শনাক্ত করার জন্য তাঁদের ডেকেছিল । সেই কারণেই তিনি দায়ে পড়ে হাসপাতালে গিয়েছিলেন ।

Published : July 8, 2026 at 2:57 PM IST
বারুইপুর, 8 জুলাই: বারুইপুরে বালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য ৷ এই নিয়ে বিরোধীরা সরব হয়েছে ৷ রাজ্যের পরিস্থিতির সঙ্গে উত্তরপ্রদেশের তুলনা টানা হচ্ছে ৷ উঠে আসছে স্বৈরশাসনের অভিযোগ ৷ তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ-প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানালেন নিহত নির্যাতিতার বাবা ৷ এনকাউন্টারের বিষয়ে বেশি কিছু বলতে না-চাইলেও তদন্ত যে পথে এগোচ্ছে তাতে তাঁরা খুশি বলে জানালেন ৷ অপরদিকে, এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডল তাঁর অপরাধের শাস্তি পেয়েছেন বলে মনে করছেন তাঁর স্ত্রী ৷
পুলিশের গুলিতে ছেলের মৃত্যুর পর একই কথা শোনা গিয়েছিল প্রভাস মণ্ডলের মায়ের গলায় ৷ ছেলেকে হারানোর যন্ত্রণা তাঁর গলায় ধরা পড়লেও তিনি বলেছেন, "ও যা কাজ করেছে, তার শাস্তি পেয়েছে ।" এমনকী ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেন তিনি ৷ সেই একই কথা এবার শোনা গেল প্রভাস মণ্ডলের স্ত্রীর মুখে ৷ এদিন হাসপাতালে মৃতদেহ শনাক্ত করেন তিনি ৷ পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন, "ও যেরকম ছিল, তাতে আমার মনে হয়, ও-ই এই কাজ করেছে ৷ বিয়ের পর থেকেই অনেক নোংরামো করতে দেখেছি ৷ অত্যাচার সহ্য করে কষ্ট করে সংসার করছিলাম ৷"
পুলিশি এনকাউন্টারের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "ও যে অন্যায় করেছে, তার শাস্তি পেয়েছে । আমি আগেও দেখেছি, ও নানা ধরনের অন্যায় ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল ।" তিনি আরও জানান, পুলিশ মৃতদেহ শনাক্ত করার জন্য তাঁদের ডেকেছিল । সেই কারণেই তিনি দায়ে পড়ে হাসপাতালে গিয়েছিলেন । তবে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা না-করে মৃতদেহ গ্রহণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন । উল্লেখ্য, একটি সন্তান আছে প্রভাস ও তাঁর স্ত্রীর ৷
বারুইপুরের ঘটনায় বসিরহাট থেকে চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । এই আবহে পুলিশের তদন্ত ও প্রশাসনের ভূমিকার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পুলিশ প্রশাসনের উপর আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে । রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের কাউকেই ছাড়া হবে না । আমরা বিশ্বাস করি, পুলিশ সঠিক তদন্ত করছে এবং সব অপরাধী আইনের আওতায় শাস্তি পাবে । আমরা শুধু আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার চাই ।"

এনকাউন্টারের বিষয়ে তিনি বেশি কিছু জানেন না বলে জানালেও বলেন, তদন্তে পুলিশ যেভাবে দ্রুত পদক্ষেপ করেছে, তাতে তাঁদের আশা আরও বেড়েছে । ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেই তাঁদের বিশ্বাস ।
উল্লেখ্য, পুলিশের দাবি, বারুইপুরের ঘটনার পুনর্নির্মাণের সময় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পালটা গুলি চালায় । সেই গুলিতেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় পুলিশের তদন্ত চলছে জোরকদমে ৷ বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে এখনও এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে । আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী । তদন্তকারীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না ।

