ETV Bharat / state

শহুরে শীতে সাময়িক ইতি ! কলকাতায় বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টি

গত বেশ কয়েকদিন ধরে কলকাতার ধরে জাঁকিয়ে শীত পড়েছে ৷ তবে এবার পরিস্থিতি বদলাবে বলে মনে করছে হাওয়া অফিস ৷

WEATHER FORECAST
শীতের যাতায়াত (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 3, 2026 at 8:09 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 3 জানুয়ারি : শহুরে শীতে সাময়িক ইতি ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিনের মধ্যে খানিকটা বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৷ আগামী সপ্তাহে অবশ্য আবারও নামতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা ৷ উত্তরবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শীতের দাপট কমবে না ৷

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার শীতও পাল্লা দেবে উত্তরবঙ্গের সঙ্গে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস শুক্রবার রাতে জানিয়েছেন, আপাতত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টির পূর্বাভাস চার জেলায়। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। পাশাপাশি রাজ্যের প্রায় সর্বত্র কুয়াশার দাপট দেখা যাবে ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের বক্তব্৷ (ইটিভি ভারত)

আজ, শনিবার থেকে শুরু করে রবি ও সোমবারের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে ৷ যা গত কয়েকদিনের থেকে খানিকটা বেশি ৷ হাওয়া অফিস বলছে, উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা আপাতত পাঞ্জাব সংলগ্ন এলাকায় অবস্থান করছে। তার প্রভাব পড়েছে উত্তর-পূর্ব ভারতেও। একটি 'সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম' রয়েছে উত্তর ভারত ও সংলগ্ন এলাকায়। ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রবিবার পর্যন্ত বজায় থাকবে এই প্রবণতা। তারপরের দু-তিন দিন তাপমাত্রা নতুন করে না বাড়লেও কমবে না ৷ একই থাকবে ৷ তারপর অবশ্য ফের 'হাওয়া বদল' ৷ আবারও নামতে শুরু করবে তাপমাত্রার পারদ ৷ ফিরবে শীতের চেনা পরিস্থিতি ৷

এদিকে, ওড়িশার উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন জেলায়। তার জেরে বাড়ছে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের মধ্যে কুয়াশার দাপট সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে শুরু করে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়। এর পাশাপাশি আরও কয়েকটি জেলাতেও কুয়াশার দাপট চোখে পড়বে ৷

WEATHER FORECAST
রাজ্যের প্রায় সর্বত্র কুয়াশার দাপট দেখা যাবে (ছবি: পিটিআই)

আজ শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশা থাকবে বলে মনে করছে হাওয়া অফিস। অন্যদিকে, উত্তরবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের থেকে বেশ খানিকটা আলাদা। সেখানে শীতের দাপট চলবে। পাহাড়ে তুষারপাতও হতে পারে। তবে তার আগে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।

এর আগে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ এবং সর্বনিম্ন 53 শতাংশ।