প্রকাশিত হল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাই-ইন্টারভিউ তালিকা
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ইন্টারভিউ ও তথ্য যাচাইয়ের (ডকুমেন্ট ভেরিফিকেশন) জন্য প্রার্থীদের তালিকা শুক্রবার প্রকাশ করল এসএসসি ৷

Published : December 12, 2025 at 8:54 PM IST
কলকাতা, 12 ডিসেম্বর: একাদশ-দ্বাদশের পর এবার প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের তথ্যযাচাই ও ইন্টারভিউ তালিকা। স্কুল সার্ভিস কমিশনের নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই প্রকাশিত হল এই তালিকা। কমিশনের তরফে আগে বলা হয়েছিল, সন্ধ্যে 8টা নাগাদ প্রকাশ করা হবে এই তালিকা। তবে পৌনে 7টা নাগাদ সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
12টি বিষয়ে প্রায় 40 হাজারের মতো চাকরিপ্রার্থীকে নথি যাচাইকরণ এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ৷ চাকরিহারা যোগ্য শিক্ষকদের অন্যতম সঙ্গীতা সাহা বলেন, "অনেক যোগ্য চাকরিহারা শিক্ষকদের এই তালিকায় নাম নেই । পদার্থবিদ্যা এবং অঙ্ক এই দুটো বিষয়ে সব থেকে বেশি নাম বাদ পড়েছে ৷ প্রাথমিকভাবে আমার এই বিষয়টা লক্ষ্য করেছি ৷"
নবম-দশমে শূন্যপদ রয়েছে 23 হাাজার 212টি ৷ পরীক্ষায় বসেছিলেন 2 লক্ষ 93 হাজার 192 জন। পরীক্ষা শেষ হয়েছিল 7 সেপ্টেম্বর। নবম-দশমের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে গত 24 নভেম্বর। এসএসসি'র নিয়ম অনুযায়ী 100 শূন্য পদের জন্য ইন্টারভিউতে ডাকা হয় 160 জনকে। সেই হিসেবে 23 হাজার 212টি শূন্য পদের জন্য 37 হাজার 140 জনের ডাক পাওয়ার কথা। কিন্তু সূত্রের খবর, তালিকা অনুযায়ী বিভিন্ন বিষয় একই ব্যক্তি ন্যূনতম কাট-অফ-মার্কস পেয়েছেন। তাই এই সংখ্যা দাঁড়াবে কমবেশি 40 হাজারে ।
তবে তালিকা প্রকাশ পেলেও এখনই প্রার্থীদের নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য ডাকা হচ্ছে না। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তালিকা প্রকাশ এবং ভেরিফিকেশন শুরুর মধ্যে সময়ের ব্যবধান থাকবে । এর আগে চলতি বছরের 3 এপ্রিল প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে 2016 সালের 26 হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট । কিন্তু তার মধ্যে যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না, সেই সব যোগ্য শিক্ষক-শিক্ষিকারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে চাকরি করতে পারবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত ।
পরবর্তীকালে সরকার 15 হাজার 404 জন যোগ্য শিক্ষক-শিক্ষিকার নাম প্রকাশ করেছিল। ইতিমধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির 100-র বেশি 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা তালিকায় জায়গা করে নিতে পারেনি। আবার এঁদের মধ্যে অনেকে নবম-দশমের পরীক্ষা দিয়েছিলেন । তাঁরা এই নবম-দশমের তালিকার দিকেই তাকিয়ে রয়েছেন।
শিক্ষক নিয়োগে অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে এসএসসি, জানালেন শিক্ষামন্ত্রী

