ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ঋণ প্রকল্প ! সাইবার প্রতারণা রুখতে সতর্কতা পুলিশের

সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি ৷ প্রতারিত হওয়া থেকে বাঁচতে জনসাধারণকে সতর্ক করল রাজ্য পুলিশ ৷

CYBER CRIME IN BENGAL
রাজ্য পুলিশের সতর্কতা (ফাইল ছবি - ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 29, 2025 at 8:43 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 29 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ ! রাজ্যজুড়ে সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ । সাম্প্রতিক সময়ে একাধিক ভুয়ো ঋণ সংক্রান্ত বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ ও বিশ্বাস অর্জনের জন্য সেই সমস্ত বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ছবি ও নাম ৷ এই ধরনের প্রতারণা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই পুলিশের তরফে কড়া বার্তা দেওয়া হল ।

পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, Facebook, Instagram এবং WhatsApp-এর মতো জনপ্রিয় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে তৎক্ষণাৎ ঋণ, CIBIL ছাড়াই ঋণ, সরকার অনুমোদিত ঋণ প্রকল্প, কোনও যাচাই ছাড়াই ঋণ—এই ধরনের আকর্ষণীয় শিরোনামে বিজ্ঞাপন দেখানো হচ্ছে । বিজ্ঞাপনগুলি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তা সরাসরি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর দফতরের উদ্যোগ ।

পুলিশ সূত্রে খবর, এই সমস্ত বিজ্ঞাপনে ক্লিক করলেই ব্যবহারকারীদের একটি ভুয়ো মোবাইল অ্যাপ, ওয়েবসাইট কিংবা নির্দিষ্ট WhatsApp নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে । সেখানে ঋণ দেওয়ার নামে প্রথমে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য এবং OTP চাওয়া হচ্ছে । এরপর বিভিন্ন অজুহাতে প্রসেসিং ফি, রেজিস্ট্রেশন চার্জ কিংবা ফাইলিং চার্জ-এর নামে অগ্রিম টাকা দাবি করা হচ্ছে ।

একবার টাকা পাঠিয়ে দিলেই প্রতারকরা ফোন বন্ধ করে দেয় বা WhatsApp নম্বর ব্লক করে দেয় বলে অভিযোগ । ইতিমধ্যেই এই প্রতারণার শিকার হয়ে বহু মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি নিজেদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কায় পড়ছেন । সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ধরনের তথ্য হাতছাড়া হলে ব্যাঙ্ক জালিয়াতি বা পরিচয় চুরির ঝুঁকিও থেকে যায় ।

রাজ্য পুলিশ স্পষ্ট ভাষায় জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের কোনও ঋণ প্রকল্প ঘোষণা করেনি বা অনুমোদন দেয়নি । সরকারি প্রকল্পের নামে মুখ্যমন্ত্রীর ছবি ও নাম ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ । এই বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক বলে জানিয়েছে পুলিশ ।

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত সতর্কবার্তায় সাধারণ মানুষকে এই ধরনের বিজ্ঞাপনের ফাঁদে না-পড়ার আবেদন জানানো হয়েছে । পাশাপাশি, কোনও সন্দেহজনক বিজ্ঞাপন, ভিডিয়ো বা বার্তা নজরে এলে তা সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানাতে বলা হয়েছে । প্রয়োজনে নিকটবর্তী থানায় গিয়েও অভিযোগ দায়ের করা যাবে বলে জানিয়েছে পুলিশ ।

পুলিশের তরফে আরও বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি । অজানা লিঙ্কে ক্লিক না-করা, কোনও ব্যক্তিগত তথ্য বা OTP কারও সঙ্গে ভাগ না-করা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট থেকেই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে । সাইবার অপরাধ রুখতে জনসচেতনতা বাড়ানোই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে প্রশাসন । রাজ্য পুলিশের দাবি, সাধারণ মানুষের সচেতনতা ও দ্রুত অভিযোগই এই ধরনের প্রতারণার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর হাতিয়ার ৷

পড়ুন: অন‍্য মহিলাকে মা সাজিয়ে এসআইআরের ফর্ম ফিলাপ ! শুনানির নোটিশ পেতেই বিএলও-কে 'হুমকি' শাহজাহান ঘনিষ্ঠের