ETV Bharat / state

উচ্চমাধ্যমিকের প্রথম পর্বে পাশের হার 93.72%, মেধাতালিকায় 69

পরীক্ষার 39 দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের দ্বাদশ শ্রেণির প্রথম পর্বের ফলাফল ৷

ETV BHARAT
প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের দ্বাদশ শ্রেণির প্রথম পর্বের ফলাফল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 31, 2025 at 12:53 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 31 অক্টোবর: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার দ্বাদশ শ্রেণির প্রথম পর্বের ফলাফল । উচ্চমাধ্যমিকে তৃতীয় সেমেস্টারে পাশের হার 93.72 শতাংশ ৷ গতবছর পাশের হার ছিল 90.79 শতাংশ ৷ বিজ্ঞান বিভাগে পাশের হার 98.80 শতাংশ, কমার্সে পাশের হার 94.19 শতাংশ, কলা বিভাগে পাশের হার 92.54 শতাংশ ৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষার মেধাতালিকাও প্রকাশ করেছেন । তিনি জানান, এবার মেধাতালিকায় রয়েছেন 69 জন ৷ 98.97 শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছেন দু'জন, প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা ৷ তাঁরা দু'জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র ৷

দ্বিতীয় হয়েছেন 10 জন ও তৃতীয় হয়েছেন একজন ৷ মেধাতালিকায় মেয়ে তিনজন ৷ 98.42 শতাংশ পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দীপান্বিতা পাল, তিনি মেধাতালিকায় রয়েছেন চতুর্থ স্থানে ৷ মেধাতালিকায় একজন কর্মাসের ছাড়া বাকি সবাই বিজ্ঞান বিভাগের ৷ কলা বিভাগের কেউ মেধাতালিকায় নেই ৷ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের 24 জন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 31 জন রয়েছেন মেধাতালিকায় ৷

উচ্চমাধ্যমিকের প্রথম পর্বে 60 শতাংশের বেশি নম্বর পেয়েছে 41.16 শতাংশ পরীক্ষার্থী, 75 শতাংশের বেশি নম্বর পেয়েছে 10.4 শতাংশ পরীক্ষার্থী ৷ এদিনই বেলা দু'টো থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা । সেই অফিসিয়াল ওয়েবসাইট হল https://result.wb.gov.in, www.results.shiksha । এছাড়াও রয়েছে মোবাইল অ্যাপ । সেটা হল, WBCHSE Results ৷

ফলপ্রকাশের পর নিজের এক্স হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি লিখেছেন, "আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ হল । পাশের হার 93.72% যা 2011 সাল থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ । সফল ছাত্রছাত্রীদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা । ভারতের মধ্যে প্রথম এই পদ্ধতিতে পরীক্ষা হল, তাই যারা কৃতিত্বের স্বাক্ষর রাখলে তাদের জন্য রইল আরও এগিয়ে চলার শুভেচ্ছা । যারা এই পরীক্ষায় ততটা সফল হলে না, তারাও হতাশ হয়ো না । চতুর্থ সেমেস্টারের সঙ্গে সঙ্গে তোমাদের আরও একবার সফল হওয়ার সুযোগ পাচ্ছো । নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখবে এবং বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখি ।"

আট সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় ওই মাসেরই 22 তারিখ । সকাল 10টা থেকে শুরু হয় পরীক্ষা । চলে 11:45 পর্যন্ত । সকাল ন'টার মধ্যে সকল পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হয়েছে । উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে তৃতীয় পর্বের পরীক্ষা হয় পুরোটাই এমসিকিউ ভিত্তিক । ওএমআরের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে ৷ পরীক্ষার জন্য বরাদ্দ সময় বৃদ্ধির জন্য অভিভাবকরা আবেদন জানিয়েছিলেন । বহু পরীক্ষার্থী অঙ্ক, রাশিবিদ্যা, পদার্থবিদ্যায় সব প্রশ্ন শেষ করতে পারেনি । যা নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ।

সেমেস্টার পদ্ধতিতে এবার পরীক্ষার্থীর উপস্থিতিতে নজির গড়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বিগত 10 বছরের মধ্যে এই বছর অনুপস্থিতির হার সব থেকে কম ছিল । পরীক্ষার শেষ দিনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । এদিন সংসদের তরফে জানানো হয়, এই বছর উচ্চমাধ্যমিকের প্রথম পর্বে পরীক্ষার আবেদনকারী ছিল 6,60,260 জন ৷ পরীক্ষা দিয়েছে 6,45,832 জন ৷ 66টি বিষয়ে পরীক্ষা হয়েছে ৷ পরীক্ষার হলে মাত্র দুটি মোবাইল ধরা পড়েছে ৷ এদিন দুপুর দুটো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল ৷ হার্ড কপি রেজাল্ট দেওয়া হবে না ৷