শুরু উচ্চমাধ্যমিক চতুর্থ সেমেস্টার ! যানজটের কারণে অনেক দেরিতে পৌঁছল 3 পরীক্ষার্থী
একই দিনে চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টারে অনুত্তীর্ণদের ও পুরনো পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে ৷ মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লাখ 10 হাজার ৷

Published : February 12, 2026 at 1:37 PM IST
কলকাতা, 12 ফেব্রুয়ারি: শুরু হল এবারের উচ্চমাধ্যমিক বা চতুর্থ সেমেস্টার পরীক্ষা ৷ এই বছরই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে দু'ভাগে । এছাড়া বিধানসভা ভোটের জন্য এবার পরীক্ষার তারিখ অনেকটাই এগিয়ে আনা হয়েছে ৷ এই দুইয়ে মিলে পরীক্ষার্থীদের উপর চাপ বাড়ছে বলে মনে করছেন অভিভাবকরা ।
কিন্তু অন্য কথা বলছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ কারণ এর আগে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হয়েছে ওএমআর ভিত্তিক । পুরোটাই এমসিকিউ-এর উপর ভিত্তি করে হয়েছে পরীক্ষা । এবার হচ্ছে চতুর্থ সেমেস্টার পরীক্ষা ৷ এই পরীক্ষা হচ্ছে বড় প্রশ্নে । তাই নয়া পদ্ধতিতে পরীক্ষা হওয়ার দরুণ পড়ুয়াদের নম্বর অনেকটাই বৃদ্ধি পাবে বলে আশাবাদী সংসদ ।
এদিন শহরে পরীক্ষার হলে ঢুকতে দেরি হয় তিনজন পরীক্ষার্থীর ৷ পরীক্ষা শুরু হওয়ার যথাক্রমে 10, 15 ও 30 মিনিট পরে হেয়ার স্কুলে ঢুকতে দেওয়া হয় তিনজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে । তাঁদের মধ্যে একজন পরীক্ষার্থী জানান, যানজটের কারণে দেরি হয়েছে ।
বৃহস্পতিবার অর্থাৎ 12 ফেব্রুয়ারি থেকে শুরু এবারের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমেস্টারের পরীক্ষা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত । সেমেস্টার 4 পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে ৷ শেষ বেলা 12টায় । পরীক্ষা শুরুর 10 মিনিট পূর্বে পড়ুয়াদের দেওয়া হয় প্রশ্নপত্র । সেমেস্টার-3-তে যারা সাপলি পেয়েছে তাদের পরীক্ষা হচ্ছে বেলা 1 থেকে 2টো 15 পর্যন্ত । পরীক্ষা শুরুর 10 মিনিট পূর্বে দেওয়া হচ্ছে ওএমআর শিট । এছাড়া যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে, তাদের পরীক্ষা হচ্ছে সকাল 10টা থেকে বেলা 1টা 15 মিনিট পর্যন্ত ।

একই দিনে চতুর্থ সেমেস্টার, তৃতীয় সেমেস্টারে অনুত্তীর্ণ ও পুরনো পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে ৷ তৃতীয় ও চতুর্থ সেমেস্টার এবং যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছে, সব মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লাখ 10 হাজার । ছাত্রের সংখ্যা 44.40 শতাংশ এবং ছাত্রীর সংখ্যা 55.60 শতাংশ । ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় 79,347 বেশি । এইবছর সেমেস্টার 4-এ পরীক্ষার্থীর সংখ্যা 6 লাখ 35 হাজার 864 । পুরনো সিলেবাসে পরীক্ষা দিচ্ছে প্রায় 15 হাজার 495 । সেমেস্টার 3-এ পরীক্ষার্থীর সংখ্যা 59 হাজার 452 ।
মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2103 । সেমেস্টার 4 এবং 3 এর জন্য 66টো বিষয়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে । পুরনো পদ্ধতিতে 62টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে । সেমেস্টার 4-এর পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রের রং করা হয়েছে সাদা ৷ সেমেস্টার 3-এর ক্ষেত্রে প্রশ্নপত্র হয়েছে হলুদ রঙের । পুরনো পদ্ধতিতে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে নীল রঙের ।
সেমেস্টার 4-এ সকল পরীক্ষার্থীকে সকাল ন'টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে সংসদ । পাশাপাশি এ বছর থেকে কোনও ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যার মধ্যে ক্যালকুলেটরও রয়েছে, পড়ুয়ারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারছে না । সেই জন্য মেটাল ডিটেক্টরের সাহায্যে চলছে তদারকি । এরপরও যদি কারও কাছ থেকে মোবাইল বা ইলেকট্রনিক কোনও গ্যাজেট উদ্ধার হয়, তাহলে তার পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হবে ।

