ETV Bharat / state

স্বাস্থ্য ভবনের নির্দেশে অবনতি ! সহকারী অধ্যাপক থেকে মেডিক্যাল অফিসার রিয়াল দাস, ফেরত দিতে হবে অতিরিক্ত বেতন

সরকারি নির্দেশে বলা হয়েছে, রিয়াল দাস সহকারী অধ্যাপক পদে কর্মরত থাকাকালীন অতিরিক্ত যে বেতন তিনি পেয়েছেন, তা ফেরৎ দিতে হবে।

Health Department order
অপসারিত এসপি দাসের মেয়ে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 9, 2026 at 5:28 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 জুলাই: স্বাস্থ্য ভবনের অন্যতম থ্রেট কালচারে অভিযুক্ত শ্যামাপ্রসাদ (এসপি) দাসের মেয়েকে বদলি ৷ কলকাতার ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি (সেন্টার অব এক্সেলেন্স)-এর সহকারী অধ্যাপক ডাক্তার রিয়াল দাসকে তাঁর বর্তমান পদ থেকে সরিয়ে পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিস (WBGS)-এর মেডিক্যাল অফিসার ক্যাডারে ফিরিয়ে দিল রাজ্য সরকার।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন (MES) শাখা এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির এপিডেমিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. রিয়াল দাসকে পশ্চিমবঙ্গ মেডিক্যাল এডুকেশন সার্ভিস (WBMES) ক্যাডার থেকে প্রত্যাহার করে পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিস (WBGS)-এ ফেরানো হয়েছে। তাঁকে ডিরেক্টরেট অব হেলথ সার্ভিসেস (DHS)-এর অধীনে ন্যস্ত করা হয়েছে ৷ একই সঙ্গে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ৷

সরকারি নির্দেশে আরও বলা হয়েছে, ডা. রিয়াল দাস WBGS-এর মেডিক্যাল অফিসার হিসেবে প্রাপ্য বেতন ও ভাতা পাবেন ৷ পাশাপাশি, সহকারী অধ্যাপক পদে কর্মরত থাকাকালীন অতিরিক্ত যে বেতন ও ভাতা তিনি পেয়েছেন, তা বিধি অনুযায়ী পুনরুদ্ধার করা হবে ৷ স্বাস্থ্য দফতরের এই নির্দেশের অনুলিপি স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, ডিরেক্টরেট অব মেডিক্যাল এডুকেশন, আইপিজিএমইআর-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও আধিকারিকদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে ৷

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, "পদে থাকতে গেলে একজনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে । ওঁর তো সেটা ছিল না, এমডি ডিগ্রিই ছিল না। ওঁর যোগ্যতা বলতে, বাবা এসপি দাস (এমডি) এবং তিনি গোটা লবিটা চালাতেন। সেই জোরে মেয়েও বড় পদে বসেছিল অনৈতিকভাবে। এতদিন তো এটাই হচ্ছিল। আমরা ওঁকে (রিয়াল দাস) অপসারিত করেছি। যদি বেশি বেতন নিয়ে থাকেন, তাহলে সেটা ফেরত দিতে হবে ।"

2024 সালে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতন ও হত্যার ঘটনার পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় তথাকথিত ‘উত্তরবঙ্গ লবি’ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় । অভিযোগের তির চিকিৎসক এসপি দাস ওরফে শ্যামাপদ দাসের দিকে । বিভিন্ন মহলের দাবি ছিল, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বদলি, পদোন্নতি থেকে শুরু করে একাধিক প্রশাসনিক সিদ্ধান্তে এই গোষ্ঠীর প্রভাব ছিল । এমনও অভিযোগ ওঠে, এই লবির নির্দেশ না-মানলে চিকিৎসকদের বদলির মুখে পড়তে হত । যদিও এই অভিযোগগুলির সত্যতা আদালত বা সরকারি তদন্তে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়নি ৷

সেই সময় থেকেই ডা. এসপি দাসের কন্যা ডা. রিয়াল দাসের নিয়োগ নিয়েও বিতর্ক দেখা দেয় । অভিযোগ ছিল, এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি (সেন্টার অব এক্সেলেন্স)-এর সাইকিয়াট্রিক এপিডেমিওলজি বিভাগে তাঁর জন্য বিশেষভাবে সহকারী অধ্যাপকের পদ তৈরি করা হয়েছিল । সেই পদের সুবাদে তিনি অতিরিক্ত বেতন-ভাতাও পেতেন বলে অভিযোগ ।