ETV Bharat / state

পরীক্ষার আগে পড়ুয়াদের ইউটিউবেই পাঠ দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

পঠনপাঠনে ঘাটতি কাটাতে জোর দেওয়া হচ্ছে সেল্ফ লার্নিংয়ে৷

HS Examinations 2026
বিদ্যাসাগর ভবন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 10, 2026 at 8:04 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 10 জানুয়ারি: পঠনপাঠনে তৈরি হওয়া ঘাটতি কাটিয়ে উঠতে এবং পরীক্ষার আগে পড়ুয়াদের প্রস্তুতিকে আরও মজবুত করতে নতুন উদ্যোগ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৃতীয় সেমেস্টার শেষ হওয়ার পর চূড়ান্ত তথা চতুর্থ সেমেস্টারের প্রস্তুতির জন্য খুব বেশি সময় না-পাওয়ায় বহু পড়ুয়া সমস্যায় পড়েছে। তার উপর ভোটার তালিকার এসআইআর সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় অনেক শিক্ষক-শিক্ষিকা নিয়মিত ক্লাস নিতে পারেননি। এই পরিস্থিতিতে পড়ুয়াদের ‘সেল্ফ লার্নিং’-এ সহায়তা করতেই ডিজিটাল মাধ্যমে বিশেষ শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে।

সংসদ সূত্রে জানা গিয়েছে, মোট 52টি বিষয়ে 400-রও বেশি টিউটোরিয়াল ভিডিয়ো ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এই ভিডিয়োগুলিতে শুধুমাত্র পাঠ্যবিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির আলোচনা নয়, পরীক্ষায় কীভাবে কম সময়ে সঠিক ও মানসম্মত উত্তর লিখে বেশি নম্বর পাওয়া যায়, সেই বিষয়েও বিস্তারিত দিকনির্দেশ দেওয়া হয়েছে। কত শব্দে উত্তর লেখা উচিত, উত্তরের গঠন কেমন হলে পরীক্ষক সন্তুষ্ট হন - এসব ব্যবহারিক পরামর্শও তুলে ধরা হয়েছে।

পড়ুয়াদের ভাষাগত সুবিধার কথা মাথায় রেখে বাংলা ও ইংরেজির পাশাপাশি নেপালি-সহ বিভিন্ন ভাষায় এই টিউটোরিয়াল ভিডিয়োগুলি রেকর্ড করা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পড়ুয়াদের কথা ভেবে সেখানকার অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শিক্ষকদের দিয়েই অনেক ভিডিয়ো তৈরি করানো হয়েছে বলে জানিয়েছে সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, পরীক্ষার আগে পড়ুয়াদের নিজের মতো করে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে জরুরি। বর্তমানে প্রায় সকলের হাতেই ইন্টারনেট থাকায় এই ডিজিটাল শিক্ষাসামগ্রী পড়ুয়াদের কাছে সহজেই পৌঁছে যাবে এবং তা যথেষ্ট উপকারী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির দিকেও নজর দিয়েছে সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক জানান, আগামী সপ্তাহে রাজ্যের 850টি স্কুল থেকে একজন করে শিক্ষককে নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামী 12 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত তথা চতুর্থ সেমেস্টার পরীক্ষা। হাতে আর মাত্র এক মাসের মতো সময় থাকায় সংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক মহলও। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ‘‘অনেক পড়ুয়াই এখন চূড়ান্ত প্রস্তুতিতে মন দিয়েছে এবং স্কুলে নিয়মিত আসছে না। একই সঙ্গে এসআইআর-এর কাজে শিক্ষকরা ব্যস্ত থাকায় এই ধরনের ভিডিয়ো পড়ুয়াদের জন্য অত্যন্ত সহায়ক হবে।’’

যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদারও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘‘রাজ্যের বিভিন্ন স্কুলের অভিজ্ঞ শিক্ষকদের মতামত ও নির্দেশ একসঙ্গে শোনার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। বিশেষ করে চতুর্থ সেমেস্টারে বর্ণনামূলক প্রশ্নের উত্তরের মান উন্নত করতে এই ভিডিয়ো কার্যকর ভূমিকা নেবে।’’

আরও পড়ুন -

  1. উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টার: দ্বিগুণেরও বেশি এনরোলমেন্ট ফি নিচ্ছে স্কুল !
  2. উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় আপডেট, নতুন নিয়ম আনল সংসদ