নবমের পর অন্য স্কুলে বদল ! কড়া নির্দেশিকা জারি করল মধ্য শিক্ষা পর্ষদ
মাধ্যমিক স্তরে স্কুল বদল নিয়ে এতদিন তেমন কড়াকড়ি ছিল না ৷ তবে, নয়া নির্দেশিকায় একাধিক কড়া নিয়ম জারি করল মধ্য শিক্ষা পর্ষদ ৷

Published : December 28, 2025 at 7:25 PM IST
কলকাতা, 28 ডিসেম্বর: নবম ও দশম শ্রেণিতে অন্য স্কুলে ভর্তি সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশিকা জারি করল মধ্য শিক্ষা পর্ষদ । এতদিন মাধ্যমিক স্তরে স্কুল বদল নিয়ে তেমন কোনও কড়াকড়ি ছিল না । কিন্তু সম্প্রতি রাজ্যের সমস্ত স্কুলে পাঠানো নির্দেশে পর্ষদ জানিয়ে দিয়েছে, মাধ্যমিক স্তরে এক স্কুল থেকে অন্য স্কুলে বদলের ক্ষেত্রে সর্বাধিক 10 জন পড়ুয়াকেই ভর্তি নেওয়া যাবে । পাশাপাশি, নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত তথ্য পর্ষদকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে ।
পর্ষদের সূত্রে খবর, নবমের পর মাধ্যমিকের জন্য অন্য স্কুলে বদল নিয়ে দীর্ঘদিন ধরে একটি সমস্যা তৈরি হয়েছে ৷ অনেকবার দেখা গিয়েছে, নবম শ্রেণির রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর স্কুল বদল করেছে পড়ুয়ারা ৷ কিন্তু, নতুন স্কুল সময়মতো সেই তথ্য পর্ষদকে জানায়নি। ফলে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড পৌঁছে যাচ্ছে পড়ুয়ার আগের স্কুলে । পরে, তা সংশোধন করতে গিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে । এই সমস্যার সমাধান করতেই আরও কড়া নিয়ম চালু করা হয়েছে বলে ব্যাখ্যা পর্ষদের।
শিক্ষা মহলের একাংশের মতে, বড় ও নামী স্কুলগুলিতে নবম শ্রেণিতে আশানুরূপ ফল না করলে অনেক পড়ুয়াকেই পরের শ্রেণিতে উত্তীর্ণ করা হয় না । মাধ্যমিকে ভালো ফল বজায় রাখতেই এই কড়াকড়ি । সেই পরিস্থিতিতে অভিভাবকরা বছর নষ্ট না-করে অপেক্ষাকৃত ছোট বা অনামী স্কুলে সন্তানকে ভর্তি করিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসানোর চেষ্টা করেন । নতুন নির্দেশিকায় সেই পথ অনেকটাই সংকুচিত করা হল বলে মনে করছেন অনেকে ।
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, যে সমস্ত পড়ুয়া তিন বছর বা তার বেশি সময় পড়াশোনার বাইরে থাকার পর ফের নতুন করে শুরু করতে চাইবে তাদের মধ্য শিক্ষা পর্ষদের কাছে অতিরিক্ত তথ্য জমা দিতে হবে । কেন এতদিন পড়াশোনা বন্ধ ছিল ? তার লিখিত ব্যাখ্যা দিতে হবে পড়ুয়াকে ৷ পাশাপাশি, শেষ কোন শ্রেণি পর্যন্ত পড়ুয়া পড়াশোনা করেছে, তার প্রমাণ্য নথিও পর্ষদে জমা দিতে হবে তাকে ।
তবে, এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষকদের একাংশ । তাঁদের মতে, বহু স্কুলেই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা খুব কম । সেই স্কুলগুলি মাধ্যমিকে কিছু পড়ুয়াদের ভর্তি করে টিকে থাকার চেষ্টা করে । নতুন নিয়মে সেই সুযোগ কমে আসবে ৷ ফলে সমস্যায় পড়তে পারে স্কুলগুলি । আবার অনেক পড়ুয়া একসঙ্গে ভর্তি হতে চাইলে কাকে নেওয়া হবে, তা নিয়েও জটিলতা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা । জানা গিয়েছে, 2027 সালে যাঁরা মাধ্যমিক দেবে তাদের নতুন স্কুলে ভর্তির আবেদন 2026 সালের 30 জুনের মধ্যে পর্ষদের কাছে পাঠাতে হবে ।

