ETV Bharat / state

অনুব্রত-কাজলের গড়ে প্রার্থী ঘোষণা করে চমক হুমায়ুনের

আসন্ন বিধানসভা নির্বাচনের দিনঘোষণা না-হলেও অনুব্রত ও কাজল গড়ে অর্থাৎ বীরভূমের 2 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন জনত উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর ৷

HUMAYUN KABIR
বোলপুরে সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 3, 2026 at 10:45 AM IST

2 Min Read
Choose ETV Bharat

বোলপুর, 3 মার্চ: নির্বাচনের ঘোষণার আগেই অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গড়ে প্রার্থী ঘোষণা করলেন হুমায়ুন কবীর । আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার বীরভূমের বোলপুর ও ময়ূরেশ্বর জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র প্রার্থী ঘোষণা করলেন দলের সুপ্রিমো । একইসঙ্গে আগামী 10 মার্চ সিপিআইএমের জোটের জল্পনাও জিইয়ে রাখলেন তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর ।

রাজ্যের শাসকদল তৃণমূল-কংগ্রেসের সঙ্গে দফায় দফায় দ্বন্দ্ব করে দল ছেড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ৷ পরে তিনি নিজে একটি রাজনৈতিক দল তৈরি করেছেন । যার নাম জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)। তিনি আগেই ঘোষণা করেছিলেন ভরতপুর ও রেজিনগর থেকে তিনি নিজেই প্রার্থী হবেন । এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের গড় বীরভূমে প্রার্থী ঘোষণা করলেন মুর্শিদাবাদের এই চর্চিত নেতা ৷

হুমায়ুন কবীরের প্রার্থী ঘোষণা (ইটিভি ভারত)
  • জেইউপি-র ময়ূরেশ্বরের প্রার্থী দলেরই বীরভূম জেলা সভাপতি শেখ কালিমুদ্দিন ৷
  • বোলপুরের প্রার্থী হলেন সৈয়দ সারোয়ার।

বীরভূমের 11টি বিধানসভার মধ্যে বাকি 9টি বিধানসভাতেও প্রার্থী দেবেন হুমায়ুন । তবে তা নির্ভর করছে আগামী 10 মার্চ জোটের উপর ৷ সিপিআইএমের সঙ্গে জোটের রাস্তা খোলা রেখেছেন তিনি ৷ বোলপুরে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন এদিন বলেন, "তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা ও সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না-দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য ৷ তৃণমূল কাউন্টিংয়ের দিন জবাব পাবে ৷ ঘাসফুল শিবিরের একটাই উদ্দেশ্য বিজেপিকে জুজুর ভয় দেখিয়ে মুসলিমদের ভোট নেওয়া ৷ সবথেকে বেশি যদি বিজেপির সঙ্গে কারও সম্পর্ক থেকে থাকে তবে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ।"

তিনি আরও বলেন, "মুসলিমদের ভোট নিয়ে হিন্দু তোষণ করছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় । মুসলিমরা আমার দুধেল গাই ৷ যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়া ভালো । এবার এই মুসলিমদের কাছ থেকে জোড়া পায়ে লাথি খাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷"

HUMAYUN KABIR
বীরভূমের 2 কেন্দ্রে প্রাথী ঘোষণা করলেন হুমায়ুন কবীর (ইটিভি ভারত)

প্রসঙ্গত, এখনও রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন । যদিও, 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে মোতায়েন করা হয়েছে । আপাতত সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বীরভূমের জন্য মোতায়েন হয়েছে ৷ এদিকে, কোনও দল এখনও প্রার্থী ঘোষণা করেনি বীরভূমে ৷ অথচ, প্রার্থী ঘোষণায় এগিয়ে হুমায়ুন কবীরের দল ৷

এ প্রসঙ্গে বলে রাখা দরকার গত বছরের 22 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় সভা করেন ভরতপুরের বিধায়ক । তখনই দলের নাম বলেছিলেন, 'জনতা উন্নয়ন পার্টি । সংক্ষেপে JUP । তবে রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে, তাঁর দলের নাম নাকি বদলে যাবে, তাও নির্বাচন কমিশনের নির্দেশে ৷ যদিও এদিন তিনি প্রার্থী ঘোষণা করেছেন JUP-র নাম উল্লেখ করেই ৷