ETV Bharat / state

এখনই হচ্ছে না SSC'র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের তথ্যযাচাই প্রক্রিয়া

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, নতুন বছরের গোড়ায় নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্যযাচাইয়ের কাজ শুরু হতে পারে ৷

WBSSC VERIFICATION halts for Class 9 and 10
নবম-দশম শ্রেণির তথ্যযাচাই প্রক্রিয়া স্থগিত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 27, 2025 at 8:52 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 27 ডিসেম্বর: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্যযাচাই বছরের শেষে হচ্ছে না ৷ স্কুল সার্ভিস কমিশন সূত্রে এবার এমনটাই জানা গিয়েছে ৷ নতুন বছরের গোড়ায় এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত তথ্যযাচাই এখনও অসম্পূর্ণ ৷ সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

প্রথমে, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্যযাচাইয়ের জন্য 2025 সালের 26 ডিসেম্বর দিনটিকে ধার্য করা হয় । পরে সেই সূচি পিছিয়ে 29 ডিসেম্বর করা হয় এসএসসি'র তরফে ৷ পরে কমিশন সূত্রে জানা যায়, ওই দিনও তথ্যযাচাই প্রক্রিয়া শুরুর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ । কমিশন জানিয়েছে, একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত তথ্যযাচাই এখনও সম্পূর্ণ হয়নি । সুতরাং, আগে সেই কাজ শেষ করতে হবে । তারপরই নবম–দশম শ্রেণির তথ্যযাচাই শুরু করা সম্ভব হবে ৷

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে আগামী সপ্তাহ থেকে একাদশ–দ্বাদশ শ্রেণিতে 150 জন চাকরিপ্রার্থীর তথ্যযাচাই প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে এসএসসি । আদালতের নির্দেশ, যেসব প্রার্থীরা আবেদনপত্রে জাতিগত বিভাগ উল্লেখ করেননি বা সংশোধনের সুযোগ পাননি, তাঁদের ফের একটি সুযোগ দিতে হবে । সেই নির্দেশ অনুযায়ী প্রায় 150 জন প্রার্থী নতুন করে আবেদন করেছেন ।

এসএসসি সূত্রে খবর, বিশেষ ক্ষেত্রে তথ্যযাচাইয়ের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন । সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের ডাকা, পৃথক ইন্টারভিউ সূচি তৈরি করা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা করতে সময় লাগবে । আর সেই কারণেই এই কাজ শেষ না-হওয়া পর্যন্ত নবম–দশমের প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না ৷

এদিকে শুধু নবম–দশম নয়, একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধাতালিকা প্রকাশ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে । এসএসসি আগেই জানিয়েছে, আগামী 7 জানুয়ারির মধ্যে একাদশ–দ্বাদশের মেধাতালিকা প্রকাশ করা সম্ভব নয় । সব মিলিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে ফের বিলম্বে হতাশ চাকরিপ্রার্থীরা । নতুন বছরের শুরুতেই এই জট কাটবে কি না, সেদিকেই নজর সকলের ৷

গত 12 ডিসেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের তথ্যযাচাই ও ইন্টারভিউ তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । নবম-দশমে শূন্যপদ রয়েছে 23 হাাজার 212টি ৷ পরীক্ষায় বসেছিলেন 2 লক্ষ 93 হাজার 192 জন । পরীক্ষা শেষ হয়েছিল 7 সেপ্টেম্বর । নবম-দশমের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হয় গত 24 নভেম্বর । এসএসসি'র নিয়ম অনুযায়ী 100 শূন্যপদের জন্য ইন্টারভিউতে ডাকা হয় 160 জনকে । সেই হিসাবে 23 হাজার 212টি শূন্যপদের জন্য 37 হাজার 140 জনের ডাক পাওয়ার কথা । কিন্তু সূত্রের খবর, তালিকা অনুযায়ী বিভিন্ন বিষয় একই ব্যক্তি ন্যূনতম কাট-অফ-মার্কস পেয়েছেন । তাই এই সংখ্যা দাঁড়াবে কমবেশি 40 হাজারে ।

পড়ুন: প্রকাশিত হল নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের নথি যাচাই-ইন্টারভিউ তালিকা