5 বছর কাজের অভিজ্ঞতাতেই মহকুমা শাসক হবেন ডব্লিউবিসিএসরা, বিজ্ঞপ্তি নবান্নর
নবান্নর বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হল, এখন থেকে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলেই মহকুমা শাসক হওয়ার সুযোগ পাবেন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকরা।

Published : February 18, 2026 at 10:27 PM IST
কলকাতা, 18 ফেব্রুয়ারি: মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ হয়েছিল আর বুধবারই তা সরকারি বিজ্ঞপ্তির আকার নিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই সিলমোহর পড়ল ডব্লিউবিসিএস অফিসারদের পদোন্নতি ও পোস্টিং সংক্রান্ত নয়া বিধিতে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হল, এখন থেকে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলেই মহকুমা শাসক হওয়ার সুযোগ পাবেন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকরা।
বুধবার রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (Personnel & Administrative Reforms Department) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে (নম্বর: 207-PAR(WBCS)/1D-36/2026) এই নতুন নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যপালের আদেশক্রমে অতিরিক্ত মুখ্যসচিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ‘ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) অফিসার্স (পে) রুলস, 2021’-এর সংশোধনী আনা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের ঠিক পরেই এত দ্রুত বিজ্ঞপ্তি জারি হওয়ায় আমলা মহলে ইতিবাচক বার্তা গিয়েছে বলে মনে করা হচ্ছে।

নতুন সংশোধনী অনুযায়ী, যে সমস্ত ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার একটানা 5 বছর ‘সন্তোষজনক’ ভাবে কাজ সম্পন্ন করেছেন, এখন থেকে তাঁদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) বা সাব-ডিভিশনাল অফিসার (SDO) পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। এই সময়সীমা গণনার ক্ষেত্রেও অফিসারদের বড়সড় স্বস্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, 5 বছরের এই মেয়াদের মধ্যে সংশ্লিষ্ট অফিসারের ‘প্রবেশন পিরিয়ড’ এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) বা সমতুল্য পদে কাজের সময়কালও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, চাকরির শুরুর দিকের ট্রেনিং পর্ব এবং বিডিও হিসেবে কাজের অভিজ্ঞতা মিলিয়ে মোট 5 বছর পূর্ণ হলেই একজন ডব্লিউবিসিএস অফিসার মহকুমা শাসক হওয়ার যোগ্যতা অর্জন করবেন।
প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের আমলাতন্ত্রে তারুণ্যের জোর বাড়বে। এতদিন মহকুমা শাসক বা এসডিও-র মতো গুরুত্বপূর্ণ পদে পৌঁছতে ডব্লিউবিসিএস অফিসারদের অভিজ্ঞতার ঝুলি ভারী করতে অনেকটা সময় অপেক্ষা করতে হতো। নতুন নিয়মে সেই সময়সীমা কমে যাওয়ায় নবীন ও উদ্যমী অফিসাররা অনেক কম বয়সে মহকুমা স্তরের দায়িত্ব নিতে পারবেন। বিশেষ করে বিডিও হিসেবে গ্রামীণ এলাকায় কাজ করার টাটকা অভিজ্ঞতা তাঁরা মহকুমা শাসকের চেয়ারে বসে কাজে লাগাতে পারবেন, যা সার্বিকভাবে প্রশাসনিক কাজের গতি বাড়াবে।
নবান্ন সূত্রে খবর, ফাইলের জট কাটাতে এবং সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসারদের নির্দেশ দিয়ে থাকেন। মন্ত্রিসভার সিদ্ধান্তের মাত্র একদিনের মধ্যে এই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার বুঝিয়ে দিল, তারা প্রশাসনিক সংস্কারে কতটা তৎপর। পাশাপাশি, ডব্লিউবিসিএস অফিসারদের ক্যারিয়ারের অগ্রগতির পথ সুগম করাও সরকারের অন্যতম লক্ষ্য।
তবে সরকারি বিজ্ঞপ্তিতে একটি শর্তও রাখা হয়েছে। 5 বছর পূর্ণ হলেই যে আপনাআপনি পোস্টিং মিলবে, বিষয়টি তেমন নয়। এসডিও বা এসডিএম পদে নিয়োগের বিষয়টি নির্ভর করবে রাজ্য সরকারের প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট পদের প্রাপ্যতার (Availability) ওপর। অর্থাৎ, পদ খালি থাকলে এবং সরকার প্রয়োজন মনে করলে তবেই 5 বছরের অভিজ্ঞতাসম্পন্ন অফিসাররা এই দায়িত্ব পাবেন। তবুও যোগ্যতার মাপকাঠি শিথিল হওয়ায় ডব্লিউবিসিএস মহলে খুশির হাওয়া। 18 ফেব্রুয়ারি, 2026 থেকে এই নির্দেশিকা কার্যকর হয়েছে।

