ETV Bharat / state

দুর্গাপুর 'গণধর্ষণ': থানার সিসিটিভি ফুটেজ আদালতে পেশের আর্জি অভিযুক্ত সহপাঠীর আইনজীবীর

গণধর্ষণে অভিযুক্ত দু’জনকে রাজসাক্ষী করার প্রস্তাব আদালতে ৷ গণধর্ষণ-কাণ্ডে ধৃতদের একদিনের জেল হেফাজত ৷

DURGAPUR GANG RAPE
দুর্গাপুর মহকুমা আদালত ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 3, 2025 at 9:15 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 3 নভেম্বর: বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণে'র ঘটনায় এবার থানার সিসিটিভি ফুটেজ আদালতে জমা দেওয়ার দাবিতে পিটিশন দাখিল হল ৷ নির্যাতিতার অভিযুক্ত 'সহপাঠী' ওয়াসিফ আলির আইনজীবী এই আবেদন করেছেন ৷ অন্যদিকে, সরকারি আইনজীবী অন্যতম দুই অভিযুক্ত শেখ শফিক এবং শেখ রিয়াজউদ্দিনকে রাজসাক্ষী করার আবেদন জানিয়েছে আদালতের কাছে ৷ অভিযুক্তদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর গণধর্ষণ-কাণ্ডে গ্রেফতার ছয় অভিযুক্তকে এদিন আদালতে পেশ করা হয় ৷ সেখানে শুনানির সময় নির্যাতিতার অভিযুক্ত প্রেমিক তথা সহপাঠী ওয়াসিফ আলির আইনজীবী একটি পিটিশন দাখিল করেন ৷ সেখানে মূলত দু’টি কারণ তুলে ধরেন তিনি ৷

দুর্গাপুর 'গণধর্ষণ': থানার সিসিটিভি ফুটেজ আদালতে পেশের আর্জি অভিযুক্ত সহপাঠীর আইনজীবীর (ইটিভি ভারত)

তিনি বলেন, "প্রথমটা হল, চার্জশিট পেশের যে সময় 60 দিন, তা মামলাকারী পক্ষ ব্যবহার করেনি ৷ মাত্র 19 দিনে চার্জশিট পেশ করা হয়েছে ৷ সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেনি পুলিশ ৷ যাতে আমার মক্কেলকে আর সময় দেওয়া না-হয় ৷ তদন্ত যা হয়েছে, সেখানেই থেমে যায় ৷"

দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, "আমরা কিছু সিসিটিভি ফুটেজ চেয়েছি ৷ থানার মধ্যের সিসিটিভি ফুটেজ ৷ সরকারি আইনজীবী বলছেন, ওটা ওঁরা গ্রহণযোগ্য বলে মনে করছেন না ৷ আমরা বলেছি, আমরা বিশ্বাস করছি ৷ আমাদের কাছে খবর আছে, ওদের তিনজনকে আগে থেকে ধরে রাখা হয়েছিল ৷ ওই সিসিটিভি ফুটেজ দিলে ওরা বেরিয়ে যেতে পারে, তার জন্য ফুটেজটা দেয়নি ৷ এরপরে কাল মামলার তারিখ আছে ৷"

তবে, সরকারি আইনজীবী এই সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করার বিরোধিতা করেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি, পুলিশের 19 দিনের চার্জশিট পেশ করার বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন তিনি ৷ সরকারি আইনজীবী বলেন, "পুলিশ 19 দিনের মাথায় চার্জশিট পেশ করেছে, বেশ করেছে ৷ আদালতে যা-যা জমা দেওয়ার আমরা দিয়েছি ৷ আর কিছু বাকি নেই ৷ আমরা শফিক শেখ এবং রিয়াজউদ্দিনকে রাজসাক্ষী করার আবেদন জানিয়েছি ৷ আদালত ওদের রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেবে, রাজি হলে প্রক্রিয়া এগোবে ৷"