নাগরিক পরিষেবায় 'ওয়ার্কিং স্টেটাসে' থাকবে উত্তরকন্যা, মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানালেন শঙ্কর
মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মানুষের সুবিধার্থে গাজলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের নতুন আঞ্চলিক অফিস ৷

Published : July 3, 2026 at 8:03 PM IST
শিলিগুড়ি, 3 জুলাই: নাগরিক পরিষেবায় সবসময়ের জন্য খোলা থাকবে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা ৷ ভূমি ও রাজস্ব, সেচ, বন, বিপর্যয় মোকাবিলা-সহ উত্তরবঙ্গের জন্য জরুরি সব দফতর উত্তরকন্যা থেকে কাজ করবে ৷ শুক্রবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা ৷ এ নিয়ে মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, উত্তরকন্যাকে এবার থেকে নাগরিক পরিষেবায় 'ওয়ার্কিং স্টেটাসে' রাখতে হবে ৷
উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন, বর্ষার আগাম প্রস্তুতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে শিলিগুড়িতে শাখা সচিবালয় 'উত্তরকন্যা'য় একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, উত্তরবঙ্গের প্রতিটি জেলার জেলাশাসক, ডিভিশনাল কমিশনার এবং মুখ্য সচিবের উপস্থিতিতে সভার মূল নির্যাস ও একগুচ্ছ কড়া সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ৷
সাংবাদিক বৈঠকে পর্যটন মন্ত্রী বলেন, "বিরোধী দলে থাকাকালীন আমরা বারবার অভিযোগ তুলেছিলাম যে উত্তরকন্যায় সচিবদের ধারাবাহিকভাবে বসার রেওয়াজ ছিল না ৷ তবে, এবার সেই ছবি সম্পূর্ণ বদলে যাবে ৷ মুখ্যসচিবকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে উত্তরবঙ্গের মানুষকে আর কাজের জন্য দক্ষিণবঙ্গে ছুটে যেতে না-হয় ৷ ভূমি ও রাজস্ব, সেচ, বিপর্যয় মোকাবিলা থেকে শুরু করে বন দফতর উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত বিভাগ এখন থেকে প্রতিদিন উত্তরকন্যায় 'ওয়ার্কিং স্টেটাসে' থাকবে এবং সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনবে ৷ এর পাশাপাশি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের সুবিধার্থে গাজলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের একটি নতুন আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷"
2025 সালের অক্টোবর মাসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং ত্রাণ বিলিকে কেন্দ্র করে মালদার সাংসদ খগেন মুর্মু ও নিজের ওপর হওয়া প্রাণঘাতী হামলার কথা মনে করিয়ে দেন পর্যটন মন্ত্রী ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, "এবার যাতে সেই বিশৃঙ্খলার পুনরাবৃত্তি না-হয়, তার জন্য প্রশাসন অত্যন্ত সতর্ক ৷ জুলাই থেকে অক্টোবর— এই চার মাস প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় সেনা, বিএসএফ, পিডব্লিউডি, সেচ এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে নিয়ে প্রতি মাসে একটি যৌথ নজরদারি বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই উত্তরবঙ্গের আটটি গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত ত্রাণের সামগ্রী মজুত করা হয়েছে ৷ এবার জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে বিধায়ক এবং সাংসদদের আগের তুলনায় চারগুণ বেশি, অর্থাৎ প্রায় 2000টি করে উন্নতমানের ত্রিপল দেওয়া হচ্ছে ৷"
দুর্নীতিমুক্ত প্রশাসন ও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে বৈঠকে বেশ কিছু কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রধানমন্ত্রী 'সূর্য ঘর' যোজনায় উত্তরবঙ্গের প্রতিটি জেলায় এক লক্ষ করে, অর্থাৎ মোট 8 লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার জন্য জেলাশাসকদের সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বড় অঙ্কের ভর্তুকি থাকবে এবং বাকি টাকা ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণে মিলবে ৷ 'অন্নপূর্ণা যোজনা'র কিছু পদ্ধতিগত ত্রুটি দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, সমস্ত সরকারি কাজে দুর্নীতি রুখতে প্রতিটি স্কিমের ভিডিয়োগ্রাফি করে জমা দেওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার ৷
ময়নাগুড়ির সাম্প্রতিক মর্মান্তিক বাস দুর্ঘটনার প্রসঙ্গ টেনে সড়ক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন পর্যটন মন্ত্রী ৷ তিনি জানান, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের সমস্ত গাড়িতে স্পিডোমিটার লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে ৷ সড়ক নিরাপত্তা ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ট্রাফিক ও রেভিনিউ ইন্সপেক্টরদের গায়ে 'বডি ক্যামেরা' লাগানো থাকবে ৷ একইভাবে ল্যান্ড বা বিএলআরও অফিসগুলিতে দুর্নীতি রুখতে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে অবিলম্বে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
মালদা, দক্ষিণ দিনাজপুর ও হাসিমারায় এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, জাতীয় সড়ক এবং রেলের জমি অধিগ্রহণ সংক্রান্ত যে সমস্ত পুরনো জটিলতা রয়েছে, তা দ্রুত সমাধানের জন্য বিশেষ নজরদারি চালানো হবে বলে আশ্বাস দেন মন্ত্রী ৷ এছাড়া সামনেই রথযাত্রা উৎসব, তাই শিলিগুড়ি-সহ সমগ্র উত্তরবঙ্গে রথযাত্রা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে ৷
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্য, রেজিস্ট্রার ও কন্ট্রোলার না-থাকায় ছাত্রভর্তির ক্ষেত্রে যে চরম সংকট তৈরি হয়েছে, সে বিষয়ে গভীর উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এ নিয়ে শঙ্কর ঘোষ জানান, এই অচল অবস্থা কাটাতে তিনি ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এবং দ্রুতই এই সমস্যার সমাধান হয়ে যাবে ৷ উত্তরবঙ্গের বঞ্চনার প্রসঙ্গে পর্যটন মন্ত্রী জানান, দুর্নীতি রুখতে এবং উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে এখন থেকে প্রতি 15 দিনে অন্তত একবার করে মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গে আসবেন ৷

