ETV Bharat / state

অবসরকালীন সুযোগ-সুবিধা কেড়ে নেওয়ার ষড়যন্ত্র ! রাজ্যের বিরুদ্ধে সরব অধ্যাপক সংগঠনগুলি

অধ্যাপক সংগঠনগুলির তরফে, রাজ্যের 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার দাবি জানানো হয়েছে ।

JUTA
রাজ্যের বিরুদ্ধে সরব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনগুলি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 2:46 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 জানুয়ারি: বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের অবসরকালীন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার একটি 'গভীর ষড়যন্ত্র' চলছে ৷ এমনটাই অভিযোগ তুলে সরব হল রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনগুলি । পেনশন, গ্র্যাচুয়িটি ও লিভ এনক্যাসমেন্ট সংক্রান্ত নিয়ম হঠাৎ বদলে দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা ।

অধ্যাপক সংগঠনগুলির দাবি, চাকরিতে যোগদানের সময় যে শর্ত ও নিয়মে বিশ্ববিদ্যালয়কে নিয়োগকর্তা হিসেবে মেনে নেওয়া হয়েছে, সেই নিয়ম অনুযায়ী অবসরকালীন সুযোগ-সুবিধা দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের । অনেক অধ্যাপক-অধ্যাপিকা বেশি বেতনের বিকল্প কর্মক্ষেত্র থাকা সত্ত্বেও, ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবে বিশ্ববিদ্যালয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন । এখন হঠাৎ নিয়ম বদলে সেই অধিকার কেড়ে নেওয়া হলে তাঁরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়বেন বলে অভিযোগ ।

JUTA
অধ্যাপক সংগঠনগুলি একাধিক দাবি তুলেছে (নিজস্ব ছবি)

বর্তমান নিয়ম অনুযায়ী অবসরের পরই পেনশন, গ্র্যাচুয়িটি ও লিভ এনক্যাসমেন্ট অনুমোদিত হয়ে যায় এবং পেনশন কমিউট করার বিষয়টি কর্মীর নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করে । কিন্তু নতুন ব্যবস্থায় মোট পেনশনের 75 শতাংশ প্রভিশনাল হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে । বাকি 25 শতাংশ আদৌ মিলবে কি না, তা স্পষ্ট নয় বলে অভিযোগ । একইভাবে গ্র্যাচুয়িটির ক্ষেত্রেও প্রাপ্য টাকার একাংশ আটকে রাখার প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে ।

অধ্যাপক সংগঠন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "DPPG ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পেনশন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার ও কর্মীদের অধিকার-উভয়ের উপরই আঘাত । রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইন ও সার্ভিস বুক সংক্রান্ত বিধি রয়েছে । সেগুলি উপেক্ষা করে নতুন নিয়ম চাপিয়ে দেওয়া আইনসঙ্গত নয় ।"

এই পরিস্থিতিতে অধ্যাপক সংগঠনগুলি স্পষ্টভাবে দাবি করেছে, কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধা অনুমোদনের অধিকার কেড়ে নেওয়া যাবে না, অবসরপ্রাপ্ত কর্মীদের প্রাপ্য 100 শতাংশ অর্থ দিতে হবে এবং DPPG-এর মাধ্যমে পেনশন দেওয়ার নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে ।

পাশাপাশি, রাজ্যের 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে প্রশাসনিক অচলাবস্থা দূর করারও দাবি জানানো হয়েছে । এই দাবিগুলির সমর্থনে একযোগে অবস্থান নিয়েছে JUTA, CUTA, RBUTA-সহ রাজ্যের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন ।