ETV Bharat / state

শ্যামাপ্রসাদ রিসার্চ সেন্টার তৈরি হবে বাংলায়, ঘোষণা অমিত শাহের

370 ধারা বিলুপ্ত করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

AMIT SHAH-SYAMA PRASAD MOOKERJEE
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (বাঁদিকে)৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (ডানদিকে) (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : July 6, 2026 at 9:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 6 জুলাই: কলকাতার মিলন মেলায় আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় সংস্কৃতি মন্ত্রক এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে খুব শীঘ্রই একটি 'শ্যামাপ্রসাদ রিসার্চ সেন্টার' তৈরি হতে চলেছে।

এদিন কলকাতার ইকোপার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুটের মর্মর মূর্তির শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘এই মূর্তি যেখানে তৈরি হবে, সেই জায়গাটি খুব সুন্দর। আমি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করছি সেখানেই যেন এই রিসার্চ ইনস্টিটিউট তৈরি করা হয়। ভারতের জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে নিবিড় গবেষণার উদ্দেশ্যেই এই অত্যাধুনিক প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে।’’

Amit Shah
শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (নিজস্ব ছবি)

পাশাপাশি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর নীতি এবং তাঁর আত্মবলিদানের প্রসঙ্গ তুলে ধরে পূর্বতন কংগ্রেস সরকারকেও তীব্র আক্রমণ করেন তিনি। দীর্ঘ 63 বছর পর নিজের রাজ্যে যোগ্য সম্মান পাচ্ছেন বাংলার সুপুত্র ভারত কেশরী শ্যামাপ্রসাদ, এমনটাই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত পদক্ষেপের ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর গলায়।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করায় মুখ্যমন্ত্রীকে তিনি সাধুবাদ জানান। মানবসৃষ্ট বৃহত্তম হ্রদের তীরে 125 ফুট উঁচু একটি বিশাল মূর্তির শিলান্যাসও করা হয় এদিন। সেখানেই এই নতুন গবেষণাকেন্দ্রটি তৈরির প্রস্তাব দিয়েছেন অমিত শাহ। রাজ্য সরকারও তাঁর সেই প্রস্তাবে পূর্ণ সম্মতি জানিয়েছে।

এদিনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন তিনি। কীভাবে নিজের জীবনের তোয়াক্কা না করে তিনি অখণ্ড ভারতের জন্য লড়াই করেছিলেন, সেই ইতিহাস তুলে ধরেন। অমিত শাহ বলেন, ‘‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় নিজের জীবনের বলিদান কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য দিয়েছিলেন।’’

স্বাধীনতার ঠিক পরে কাশ্মীরের জন্য আলাদা সংবিধান ও পতাকার তীব্র বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ। সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলবে না - স্লোগান নিয়ে কাশ্মীরের জেলে তাঁর মৃত্যু হয়ে গেল। সন্দেহজনক মৃত্যু হয়েছিল, কংগ্রেস কখনও এর তদন্ত করায়নি।’’ দীর্ঘ কয়েক দশক ধরে এই বঞ্চনা এবং মৃত্যু রহস্য নিয়ে উদাসীনতার জন্য সরাসরি কংগ্রেসের দিকেই আঙুল তুলেছেন তিনি। নেহরু-লিয়াকত চুক্তির প্রতিবাদে দেশের প্রথম মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের কথাও এদিন স্মরণ করিয়ে দেন অমিত শাহ।

তবে বর্তমান সরকার যে তাঁর সেই অপূর্ণ কাজ শেষ করেছে, তা মনে করিয়ে দিতে ভোলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই শ্যামাপ্রসাদের সেই অখণ্ড ভারতের স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, "আজ দেখুন 125 বছর যখন তাঁর জন্মজয়ন্তী হয়েছে, মোদিজি তাঁর সংকল্প পূর্ণ করে 370 ধারাকে মূল সমেত উপড়ে ফেলে দিয়েছেন। এবং আজ কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।’’

অনুষ্ঠানে উপস্থিত বিপুল জনতার উদ্দেশে অমিত শাহ আরও জানান যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মা আজ নিশ্চয়ই আশীর্বাদ করছে। শ্যামাপ্রসাদ যে বীজ একদিন বপন করেছিলেন, আজ তা বিরাট বটবৃক্ষে পরিণত হয়েছে। শ্যামাপ্রসাদের আদর্শকে সামনে রেখেই আজকের আধুনিক ভারত দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

মিলন মেলার এই মঞ্চ থেকেই তিনি স্পষ্ট বার্তা দেন, শ্যামাপ্রসাদের দেখানো পথেই দেশের সুরক্ষা ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের ভিত ভবিষ্যতে আরও মজবুত করবে ভারত সরকার।

আরও পড়ুন -

  1. ব্রিটিশ সংসদ থেকে জাদুঘরের জাতীয় খেতাব এনেছিলেন শ্যামাপ্রসাদ : মিউজিয়ামের ডিরেক্টর সায়ন ভট্টাচার্য
  2. ঘরে ঘরে শ্যামাপ্রসাদের পুজো হবে, এটাই বিজেপির স্বপ্ন: শুভেন্দু