নির্বাচনের রণকৌশল বাতলে দিলেন শাহ, পাখির চোখ কলকাতা-যাদবপুর-দমদম
বিধায়কদের তাঁর বার্তা জনপ্রিয়তা না থাকলে কোনও প্রার্থীকে দল জিতিয়ে দিতে পারবে না ৷ নিজেকেই নিজের জয়ের রাস্তা সুগম করতে হবে ৷

Published : December 31, 2025 at 8:44 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: বঙ্গ সফর শেষ করার আগে রাজ্যের বিজেপি নেতাদের একগুচ্ছ টার্গেট দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ কলকাতা, যাদবপুর ও দমদম এলাকার 28টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কমপক্ষে 20টি জেতার লক্ষ্যমাত্রা দিয়ে গেলেন বিজেপির ইতিহাসের সফলতম সভাপতি ৷ তাঁর বার্তা, ভোটারদের মধ্যে জনপ্রিয়তা না থাকলে কোনও প্রার্থীকে দল জিতিয়ে দিতে পারবে না ৷
সোমবার রাতে শহরে এসেছিলেন ৷ মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক-সহ আরও নানা কর্মসূচি ছিল তাঁর ৷ এরপর বুধবার শহর ছাড়ার আগেও একাধিক কর্মসূচি ছিল তাঁর ৷ সায়েন্স সিটিতে দলের নেতা- কর্মীদের সঙ্গে বৈঠক করে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন মোদি মন্ত্রিসভার নম্বর টু ৷ এরপর কলকাতা বিমানবন্দরে দিকে চলে যায় তাঁর কনভয় ৷

সকাল থেকেই রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে হয় শাহের। প্রথমে সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে কথা বলেন অন্যদের সঙ্গে ৷ এদিন তাঁর বৈঠকে হাজির ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ৷ ইদানিং দলের মিটিং-মিছিলে দিলীপের দেখা মেলে না ৷ তাই এদিন তাঁর উপস্থিতি অনেকেরই নজর কেড়েছে ৷
বিভিন্ন বৈঠকে আবারও অনুপ্রবেশ নিয়ে সরব হওয়ার পাশাপাশি বিধানসভা নির্বাচনের রণকৌশলও ঠিক করে দিলেন শাহ। দলের নেতা-কর্মীদের এখন থেকেই মাঠে নেমে কাজ করার নির্দেশ দিলেন। কীভাবে প্রচার চালানো হবে, প্রচারে কোন কোন বিষয় বাড়তি গুরুত্ব পাবে, ভোটের আগে কোন কোন জেলায় আরও বেশি করে নজর দিতে হবে- এমন নানা বিষয় নিয়ে আলোচনা করেন শাহ ৷ দলের বিধায়কদের আরও বেশি করে জনসংযোগ বাড়াতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ বিধায়কদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, মানুষের মধ্যে পরিচিতি না থাকলে দল চাইলেও কাউকে জেতাতে পারবে না ৷ তাই দলের মুখাপেক্ষী না হয়ে নিজের জয় নিজেকেই সুনিশ্চিত করতে হবে ৷
দলের সমস্ত স্তরের নেতা-কর্মীদের একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, "এক কর্মীর সঙ্গে অন্য কর্মী যোগাযোগ করুন। নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ান।" বাড়ি-বাড়ি গিয়ে মানুষের জীবন-যন্ত্রণা শোনারও নির্দেশ দিয়েছেন তিনি। অন্য একটি প্রসঙ্গে বিধায়কদের তিনি বলেন, বিজেপির হয়ে সারা দেশে অনেকে বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে নির্বাচনের কাজ করেন ৷ তাঁরা ভোটের আগে বাংলায় এসেও বিভিন্ন কর্মসূচি পালন করবেন ৷ জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করবেন।
आज कोलकाता में @BJP4Bengal के सांसदों, विधायकों के साथ आगामी चुनाव को लेकर बैठक की।
— Amit Shah (@AmitShah) December 31, 2025
स्वाधीनता संग्राम से लेकर धार्मिक पुनर्जागरण का केंद्र रहा पश्चिम बंगाल आज TMC की तुष्टीकरण की राजनीति के कारण घुसपैठियों का अड्डा बन गया है। भाजपा का एक-एक कार्यकर्ता इस विधानसभा चुनाव में… pic.twitter.com/l3XdzHtqcB
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তিনি লেখেন "আজ কলকাতায় আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সাংসদ ও বিধায়কদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ধর্মীয় পুনর্জাগরণের কেন্দ্র হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ তৃণমূল কংগ্রেসের তোষণমূলক রাজনীতির ফলে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই বিধানসভা নির্বাচনে রাজ্যকে অনুপ্রবেশকারীমুক্ত করতে এবং বিজেপি সরকার গঠনের লক্ষ্যে দলের প্রতিটি কর্মী সর্বশক্তি দিয়ে কাজ করবেন।"

